৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

وَاِذۡ قَالَ مُوۡسٰی لِقَوۡمِہٖ یٰقَوۡمِ اذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ جَعَلَ فِیۡکُمۡ اَنۡۢبِیَآءَ وَجَعَلَکُمۡ مُّلُوۡکًا ٭ۖ وَّاٰتٰٮکُمۡ مَّا لَمۡ یُؤۡتِ اَحَدًا مِّنَ الۡعٰلَمِیۡنَ ﴿۲۱﴾

২১
এবং (স্মরণ কর) যখন মূসা তাহার জাতিকে বলিয়াছিল, ‘হে আমার জাতি! তোমরা তোমাদের উপর আল্লাহ্‌র সেই নেয়ামতকে স্মরণ কর, যখন তিনি তোমাদের মধ্যে নবীগণকে মনোনীত করিয়াছিলেন এবং তোমাদিগকে বাদশাহ্‌৭৩০ করিয়াছিলেন এবং তোমাদিগকে এমন কিছু দান করিয়াছিলেন যাহা তিনি (তদানিন্তন) জগতের অন্য কোন জাতিকে দেন নাই;
৭৩০। ‘ফীকুম’ না বলিয়া কেবল ‘কুম’ শব্দ ব্যবহার করিয়া আল্লাহ্‌তা’লা বুঝাইতে চাহিয়াছেন যে, যে কোন জাতি বা গোত্রের মধ্যে বাদ়্শাহ থাকে, সেই জাতির সকলেই বাদশাহাতের মর্যাদার কিছুটা স্বাদ নানাভাবে উপভোগ করিবার সুযোগ পায়; ঐ জাতির সাধারণ জনগণ আংশিক ভাবে হইলেও প্রভুত্ব ও স্বাধীনতা ভোগ করে। কিন্তু নবুওয়াতের ক্ষেত্রে এই অংশীদারীত্ব খাটে না, আংশিক ভাবেও না।

یٰقَوۡمِ ادۡخُلُوا الۡاَرۡضَ الۡمُقَدَّسَۃَ الَّتِیۡ کَتَبَ اللّٰہُ لَکُمۡ وَلَا تَرۡتَدُّوۡا عَلٰۤی اَدۡبَارِکُمۡ فَتَنۡقَلِبُوۡا خٰسِرِیۡنَ ﴿۲۲﴾

২২
হে আমার জাতি! তোমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ কর যাহা আল্লাহ্‌ তোমাদের জন্য অবধারিত৭৩১ করিয়াছেন এবং পৃষ্ঠ প্রদর্শন করিয়া ফিরিয়া যাইও না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া ফিরিবে।’
৭৩১। “তোমাদের জন্য অবধারিত করিয়াছেন” কথাগুলির মধ্যে আল্লাহ্‌তালার একটি প্রচ্ছন্ন প্রতিশ্রুতি রহিয়াছে যে, ইস্‌রাঈলীরা যদি সাহসিকতার সহিত পবিত্র নগরে প্রবেশ করে, তাহা হইলে আল্লাহতা’লা তাহাদিগকে বিজয় দান করিবেন।

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِنَّ فِیۡہَا قَوۡمًا جَبَّارِیۡنَ ٭ۖ وَاِنَّا لَنۡ نَّدۡخُلَہَا حَتّٰی یَخۡرُجُوۡا مِنۡہَا ۚ فَاِنۡ یَّخۡرُجُوۡا مِنۡہَا فَاِنَّا دٰخِلُوۡنَ ﴿۲۳﴾

২৩
তাহারা বলিল, ‘হে মূসা! নিশ্চয় তথায় এক দুর্ধর্ষ জাতি রহিয়াছে,৭৩২ এবং যতক্ষণ পর্যন্ত না তাহারা সেই স্থান হইতে বাহির হইয়া যাইবে, আমরা তথায় কখনও প্রবেশ করিব না। সুতরাং যদি তাহারা সেখান হইতে চলিয়া যায়, তাহা হইলে নিশ্চয় আমরা তথায় প্রবেশ করিব।’৭৩৩
৭৩২। ইহাতে বুঝা যায়, ইসরাঈলীদের কাছে ঐ জাতির ইতিবৃত্ত জানা ছিল। আমালেকীয় ও অন্যান্য দুর্ধর্ষ আরব গোত্রগুলি ঐ সময়ে পবিত্র ভূমির অধিবাসী ছিল। ইসরাঈলীরা তাহাদিগকে ভীষণ ভয় করিত।
৭৩৩। মূসা (আঃ)-এর সহচর বৃন্দের ঔদ্ধত্যপূর্ণ ও ভীতি-মিশ্রিত এই আচরণের সহিত নবী করীম (সাঃ)-এর সাহাবাগণের স্বেচ্ছা-প্রণোদিত, অবিশ্বাস্য আত্মবলিদানের স্পৃহার তুলনা করুন। তাহারা নবী করীম (সাঃ)-এর সামান্য ইশারা পাওয়া মাত্র মৃত্যুর করাল গ্রাসের মধ্যে ঝাঁপাইয়া পড়িতে একটুও দ্বিধা করিতেন না, বরং সর্বদা মনে-প্রাণে প্রস্তুত থাকিতেন। যখন বদর প্রান্তরে মহানবী (সাঃ) অল্পসংখ্যক, স্বল্পাস্ত্রধারী সাহাবাকে সঙ্গে লইয়া, মক্কার বিরাট সংখ্যাগরিষ্ঠ, সুসজ্জিত, ঝানু যোদ্ধাদের সঙ্গে সম্মুখ-রণে লিপ্ত হইবার বাসনা ব্যক্ত করিলেন এবং এই ব্যাপারে তাহাদের পরামর্শ চাহিলেন, তখন একজন সাহাবী (সহচর) দাঁড়াইয়া অতি বিনয়ের সহিত রসূলে করীম (সাঃ)-কে সম্বোধণপূর্বক এই অবিস্বরণীয় কথাগুলি উচ্চারণ করিয়াছিলেন,“ইয়া রসূলাল্লাহ্! মূসা (আঃ) কে তাহার জাতি বলিয়াছিল, ‘তুমি ও তোমার প্রভু যাইয়া যুদ্ধ কর, আমরা এখানে বসিয়া থাকিলাম’ কিন্তু আমরা এরূপ কথা আপনাকে বলিব না। তদ্বিপরীত,, ইয়া রসূলাল্লাহ ! আমরা আপনার চিরসঙ্গী, আপনি যেখানে যাইবেন, আমরাও সেখানেই যাইব। আমরা শত্রুগণের সহিত আপনার ডানে লড়িব, আপনার বামে লড়িব, আপনার সম্মুখভাগে লড়িব, আপনার পশ্চাদভাগে লড়িব এবং আমরা বিশ্বাস রাখি, আপনি আমাদের কাছ হইতে এমন কিছু দেখিতে পাইবেন, যাহা আপনার নয়নদ্বয়কে তৃপ্ত করিবে” (বুখারী)।

قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِیۡنَ یَخَافُوۡنَ اَنۡعَمَ اللّٰہُ عَلَیۡہِمَا ادۡخُلُوۡا عَلَیۡہِمُ الۡبَابَ ۚ فَاِذَا دَخَلۡتُمُوۡہُ فَاِنَّکُمۡ غٰلِبُوۡنَ ۬ۚ وَعَلَی اللّٰہِ فَتَوَکَّلُوۡۤا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۲۴﴾

২৪
যাহারা (আল্লাহ্‌কে) ভয় করিত তাহাদের মধ্য হইতে দুই জন,৭৩৪ যাহাদিগকে আল্লাহ্‌ নেয়ামত দান করিয়াছিলেন, বলিল, ‘তোমরা তাহাদের বিরুদ্ধে অভিযান চালাইয়া এই দ্বার দিয়া প্রবেশ কর, যখন তোমরা ইহাতে প্রবেশ করিবে, তখন তোমরা অবশই বিজয়ী হইবে। এবং যদি তোমরা মো’মেন হও, তাহা হইলে তোমরা আল্লাহ্‌র উপর নির্ভর কর।’
৭৩৪। “দুই জন লোক” বলিতে মনে করা হয় তাহারা নূনের পুত্র যশুয়া এবং যোফেন্নার পুত্র নূন (গণনা-১৪ঃ৬)। কিন্তু পূর্বাপর প্রসঙ্গ হইতে ইহাই বুঝা যায় যে, মূসা (আঃ) ও হারূন (আঃ)-ই ঐ দুই জন লোক। ‘রাজুল’ শব্দটি দ্বারা পৌরুষদীপ্ত সাহসী মানুষ বুঝায়। এই “দুই জন পুরুষ” যে মূসা (আঃ) ও হারূন(আঃ) ছিলেন, তাহা এই কথাগুলি হইতেও বুঝা যায়, যাহা মূসা (আঃ) পরবতী ২৬ আয়াতে দোয়ার মধ্যে আল্লাহকে বলিয়াছিলেন (৫ঃ২৬)। আল্লাহ্‌তা’লা এই দুই জনের নাম না লইয়া, তাহাদিগকে কেবল দুইজন বীর পুরুষ বলিয়া উল্লেখ করিয়া, তাহাদের পৌরুষ ও সাহসিকতার প্রশংসা করিয়াছেন এবং অন্যান্য ইস্‌রাঈলীদের ভীরুতাকে প্রকারান্তরে নিন্দা করিয়াছেন।

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِنَّا لَنۡ نَّدۡخُلَہَاۤ اَبَدًا مَّا دَامُوۡا فِیۡہَا فَاذۡہَبۡ اَنۡتَ وَرَبُّکَ فَقَاتِلَاۤ اِنَّا ہٰہُنَا قٰعِدُوۡنَ ﴿۲۵﴾

২৫
তাহারা বলিল, ‘হে মূসা! যতক্ষণ পর্যন্ত - তাহারা সেখানে অবস্থান করিবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনও তথায় প্রবেশ করিব না। সুতরাং তুমি ও তোমার প্রভু যাও এবং তোমরা দুইজনেই যুদ্ধ কর, নিশ্চয় আমরা এইখানেই বসিয়া থাকিব।’

قَالَ رَبِّ اِنِّیۡ لَاۤ اَمۡلِکُ اِلَّا نَفۡسِیۡ وَاَخِیۡ فَافۡرُقۡ بَیۡنَنَا وَبَیۡنَ الۡقَوۡمِ الۡفٰسِقِیۡنَ ﴿۲۶﴾

২৬
সে বলিল, ‘হে আমার প্রভু! আমি আমার নিজের ও আমার ভ্রাতার উপর ব্যতীত কাহারও উপর অধিকার রাখি না; সুতরাং তুমি আমাদের এবং বিদ্রোহপরায়ণ লোকদের মধ্যে পার্থক্য করিয়া দাও।’

قَالَ فَاِنَّہَا مُحَرَّمَۃٌ عَلَیۡہِمۡ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۚ یَتِیۡہُوۡنَ فِی الۡاَرۡضِ ؕ فَلَا تَاۡسَ عَلَی الۡقَوۡمِ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۷﴾

২৭
তিনি বলিলেন, ‘নিশ্চয় তাহাদের উপর ইহা চল্লিশ বৎসরের জন্য নিষিদ্ধ করা হইল, তাহারা পৃথিবীতে দিশাহারা হইয়া ঘুরিয়া বেড়াইবে।৭৩৫ সুতরাং তুমি বিদ্রোহপরায়ণ লোকদের জন্য দুঃখ করিও না।’
সূরা আল্‌ মায়েদা - রুকু ৪
৭৩৫। ইস্‌রাঈলীদের ভীরুতা এবং তাহাদের নবীর প্রতি তাহাদের অশ্রদ্ধাপূর্ণ আচরণের জন্য, আল্লাহ্‌তা’লা তাহাদের প্রতিশ্রুত ভূমিতে প্রবেশকে চল্লিশ বৎসর পিছাইয়া দিলেন। তাহাদিগকে চল্লিশ বৎসর ধরিয়া মরুভূমিতে যাযাবরের জীবন যাপন করিতে হইয়াছে। অবশ্য এই যাযাবর জীবন-যাপনের মাধ্যমে আল্লাহ্‌তা’লা তাহাদের মধ্যে নতুন জীবনের প্রেরণাও সৃষ্টি করিয়াছিলেন। কর্ম-বিমুখতা, আলস্যপরায়ণতা ও ভীরুতার মনোবৃত্তি দূর করিয়া তাহাদের কর্মস্পৃহা, প্রতিরোধ শক্তি ও অন্যান্য নৈতিক গুণাবলীর বিকাশ ঘটাইয়াছিলেন, যাহার ফলে অব্যবহিত পরবর্তী বংশ শৌর্য, বীর্য ও সাহসিকতার শক্তিতে বলীয়ান হইয়া ‘প্রতিশ্রুত ভূমি’ জয় করিতে সক্ষম হয়।

وَاتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ ابۡنَیۡ اٰدَمَ بِالۡحَقِّ ۘ اِذۡ قَرَّبَا قُرۡبَانًا فَتُقُبِّلَ مِنۡ اَحَدِہِمَا وَلَمۡ یُتَقَبَّلۡ مِنَ الۡاٰخَرِ ؕ قَالَ لَاَقۡتُلَنَّکَ ؕ قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰہُ مِنَ الۡمُتَّقِیۡنَ ﴿۲۸﴾

২৮
এবং তুমি তাহাদের নিকট আদমের দুই পুত্রের৭৩৬ বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা কর, যখন তাহারা উভয়ে কুরবানী দিয়াছিল তখন তাহাদের একজনের নিকট হইতে ইহা কবুল করা হইয়াছিল এবং অপরজনের নিকট হইতে কবুল করা হয় নাই। ইহাতে সে বলিল, ‘নিশ্চয় আমি তোমাকে হত্যা করিব।’ সে বলিল, ‘নিশ্চয় আল্লাহ্‌ কবুল করেন মুত্তাকীগণের নিকট হইতে;
৭৩৬। ‘দুই বনী-আদম’ (দুই জন আদম-পুত্র) বলিতে রূপকভাবে যে কোনও দুইজন মানুষকে বুঝাইতে পারে। এই ছোট গল্পটি বনী ইস্‌মাঈলের প্রতি, বনী ইস্‌রাঈলের শত্রু-ভাবাপন্ন, ঈর্ষাপূর্ণ মনোভঙ্গীর উদাহরণ রূপে ব্যবহৃত হইয়াছে। তাহার কারণ হইল, নবুওয়াত তাহাদের বংশ হইতে সরিয়া গিয়া, বনী ইস্‌মাঈলের বংশে হযরত নবী করীম (সাঃ)-এর ব্যক্তি সত্তায় স্থান লাভ করিয়াছে।

لَئِنۡۢ بَسَطۡتَّ اِلَیَّ یَدَکَ لِتَقۡتُلَنِیۡ مَاۤ اَنَا بِبَاسِطٍ یَّدِیَ اِلَیۡکَ لِاَقۡتُلَکَ ۚ اِنِّیۡۤ اَخَافُ اللّٰہَ رَبَّ الۡعٰلَمِیۡنَ ﴿۲۹﴾

২৯
যদিও তুমি আমাকে হত্যা করিবার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তথাপি আমি তোমাকে হত্যা করিবার জন্য আমার হাত তোমার দিকে বাড়াইব না। নিশ্চয় আমি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ্‌কে ভয় করি;

اِنِّیۡۤ اُرِیۡدُ اَنۡ تَبُوۡٓاَ بِاِثۡمِیۡ وَاِثۡمِکَ فَتَکُوۡنَ مِنۡ اَصۡحٰبِ النَّارِ ۚ وَذٰلِکَ جَزٰٓؤُا الظّٰلِمِیۡنَ ﴿ۚ۳۰﴾

৩০
আমি চাহি৭৩৭ যে, তুমি আমার পাপ৭৩৮ এবং তোমার পাপ বহন কর এবং এইভাবে তুমি আগুনের অধিবাসী হও, এবং ইহাই যালেমদের প্রতিফল।’
৭৩৭। ‘উরিদু’ (আমি চাই) ‘রা-দা’ হইতে উৎপন্ন। এই শব্দটি অনেক সময় প্রকৃত ইচ্ছা প্রকাশ না বুঝাইয়া, বাস্তব অবস্থার প্রেক্ষিতে ঘটনীয় বিষয়ের অবতারণাকে বুঝাইয়া থাকে (১৮ঃ৭৮)। এই আয়াতের অর্থ ইহা নয় যে, হাবীল ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন যে তাহার ভাই কাবীল দোজখে নিক্ষিপ্ত হউক। হাবীল অবস্থানুযায়ী যাহা বুঝিয়াছিলেন, তাহা এই যে, তাহার শান্তিময় মনোভঙ্গী ও প্রতিশোধ-পরান্মুখতার স্বাভাবিক পরিণতি ইহাই হইবে যে, তাহার ভাই হিংস্রতার জন্য দোযখে যাইবে।
৭৩৮। ‘ইস্‌মী’ অর্থ “আমার প্রতি অত্যাচার করা পাপ”। ভাবী-হত্যার শিকার হাবীল, কাবীলের ভ্রাতৃহত্যার বাসনার কুফল কি হইবে তাহা বর্ণনা করিয়াছেন।