৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

قُلۡ لَّا یَسۡتَوِی الۡخَبِیۡثُ وَالطَّیِّبُ وَلَوۡ اَعۡجَبَکَ کَثۡرَۃُ الۡخَبِیۡثِ ۚ فَاتَّقُوا اللّٰہَ یٰۤاُولِی الۡاَلۡبَابِ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۱۰۱﴾٪

১০১
তুমি বল, ‘অপবিত্র এবং পবিত্র সমান হইতে পারে না’, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে চমৎকৃত করে৷৭৯৫ অতএব, তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, হে বুদ্ধিমান ব্যক্তিবর্গ! যেন তোমরা সফলকাম হও।
সূরা আল্‌ মায়েদা - রুকু ১৩
৭৯৫। স্বাভাবিক নিয়মে মানুষ পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত হইয়া, অপরের অনুসরণ ও অনুকরণ করিয়া থাকে, বিশেষ করিয়া সংখ্যা-গরিষ্ঠদের অনুকরণ করে। এই আয়াত সংখ্যাগরিষ্ঠের অন্ধ ও বিবেচনাহীন অনুকরণের বিরুদ্ধে সতর্ক করিতেছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَسۡـَٔلُوۡا عَنۡ اَشۡیَآءَ اِنۡ تُبۡدَ لَکُمۡ تَسُؤۡکُمۡ ۚ وَاِنۡ تَسۡـَٔلُوۡا عَنۡہَا حِیۡنَ یُنَزَّلُ الۡقُرۡاٰنُ تُبۡدَ لَکُمۡ ؕ عَفَا اللّٰہُ عَنۡہَا ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ حَلِیۡمٌ ﴿۱۰۲﴾

১০২
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা ঐ সকল বিষয় সম্বন্ধে প্রশ্ন করিও না, যাহা তোমাদের নিকট প্রকাশ করা হইলে তোমাদের কষ্টের কারণ হইবে৭৯৬ এবং যদি তোমরা কুরআন নাযেল করার সময়ে ঐ সব বিষয়ে প্রশ্ন কর, তাহা হইলে উহা তোমাদের জন্য প্রকাশ করা হইবে। আল্লাহ্‌ উহা সম্বন্ধে বিরত আছেন। বস্তুতঃ আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম সহিষ্ণু।
৭৯৬। ইসলামী শরীয়তের তিনটি ভিত্তি রহিয়াছেঃ (১) কুরআনে অবতীর্ণ আইন, (২) রসূলে পাক (সাঃ)-এর সুন্নাহ্ বা জীবনের কার্যধারা এবং (৩) আদেশ, নির্দেশ ও উপদেশ-মালা, যাহা নবী করীম (সাঃ)-এর সহীহ্ হাদীসে বর্ণিত হইয়াছে। মানুষের মৌলিক সমস্যাগুলির সমাধান, উপরোক্ত মূল তিনটি ভিত্তির উপর রচিত আইনের মধ্যেই পাওয়া যায়। কিন্তু ছোট-খাটো বিস্তারিত বিবরণাদি ও খুঁটিনাটি বিষয়াদি, মৌলিক আইনের আলোকে যাচাই করিয়া নির্ধারিত করার ভার মানুষের বিবেক-বুদ্ধির উপর ছাড়িয়া দেওয়া হইয়াছে। ঐসব খুঁটিনাটির কথাই আয়াতে বলা হইয়াছে।

قَدۡ سَاَلَہَا قَوۡمٌ مِّنۡ قَبۡلِکُمۡ ثُمَّ اَصۡبَحُوۡا بِہَا کٰفِرِیۡنَ ﴿۱۰۳﴾

১০৩
তোমাদের পূর্বেও একজাতি এইরূপ (বিষয়াদি সম্বন্ধে) প্রশ্ন করিয়াছিল, কিন্তু তাহারা উহার অস্বীকারকারী হইয়া গেল।৭৯৭
৭৯৭। অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়াদি সম্বন্ধে অধিক প্রশ্ন উত্থাপন করা কিংবা এই সব বিষয়ে আইন অন্বেষণ করা, প্রশ্নকারীর জন্য সাধারণতঃ ক্ষতিকর হইয়া দাঁড়ায়। ইহাতে তাহার বিচার-বিবেচনা দমিত হইয়া পড়ে এবং তাহাকে অপ্রয়োজনীয় ও বিরক্তিকর আদেশের আওতায় বাধিয়া ফেলে। বনী ইস্‌রাঈলেরা মূসা (আঃ)-এর কাছে এইরূপ অপ্রয়োজনীয় প্রশ্ন উত্থাপন করিত। ফল দাঁড়াইয়াছিল এই যে, তাহারা নিজেদেরকেই অসুবিধায় ফেলিয়াছিল এবং বিশদভাবে বর্ণিত খুঁটিনাটি সবকিছু সম্পাদন করিতে না পারিয়া, ধীরে ধীরে আল্লাহ্‌র নির্দেশমালাকেও অমান্য করিতে শুরু করিল (২ঃ১০৯)।

مَا جَعَلَ اللّٰہُ مِنۡۢ بَحِیۡرَۃٍ وَّلَا سَآئِبَۃٍ وَّلَا وَصِیۡلَۃٍ وَّلَا حَامٍ ۙ وَّلٰکِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ ؕ وَاَکۡثَرُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ ﴿۱۰۴﴾

১০৪
আল্লাহ্ কোন বাহীরা৭৯৮, সাইবাহ্‌৭৯৮-ক, ওয়াসীলাহ্‌৭৯৮-খ এবং হাম৭৯৮-গ নির্ধারণ করেন নাই, কিন্তু যাহারা অস্বীকার করিয়াছে তাহারা আল্লাহ্‌র উপর মিথ্যা আরোপ করিয়াছে এবং তাহাদের অধিকাংশই বুদ্ধি-বিবেচনা করে না।৭৯৮-ঘ
৭৯৮। ‘বাহীরা’—যে উট্‌নী সাতটি পর্যন্ত বাচ্চা প্রসব করিত, পৌত্তলিক আরবগণ তাহার কর্ণ ছিদ্র করিয়া মুক্তভাবে বিচরণের জন্য ছাড়িয়া দিত এবং বাধাহীনভাবে ইহা যেখানে ইচ্ছা চরিয়া বেড়াইত। এইরূপ উট্‌নীকে বাহীরা বলা হইত। ইহাকে কোন দেবতার নামে ছাড়িয়া দেওয়া হইত। ইহার পিঠে কেহ চড়িত না এবং ইহার দুগ্ধও কেহ পান করিত না।
৭৯৮-ক। ‘সাইবাহ্’—পাঁচ বাচ্চার জন্মদাত্রী উট্‌নীকে মুক্ত ভাবে খাদ্য-পানীয় গ্রহণের জন্য ছাড়িয়া দেওয়া হইত। ইহাকে বলা হইত ‘সাইবাহ’।
৭৯৮-খ। ‘ওয়াসীলাহ্’—দেবতার নামে উৎসর্গিত উট্‌নী যে পর পর সাতটি মাদী-বাচ্চা প্রসব করিয়াছে; মুক্তি-প্রাপ্ত এইরূপ উট্‌নী (ভেড়ী বা বক্‌রী)কে ওয়াসীলাহ্ নাম দেওয়া হইত। সপ্তম প্রসবে, একটি পুরুষ-বাচ্চা ও একটি স্ত্রী-বাচ্চা হইলেও, উহা সম্পূর্ণ মুক্ত-বিহারী হইত।
৭৯৮-গ। ‘হাম’—সাতবাচ্চার পিতা-উট্‌কে ‘হাম’ বলা হইত। ইহাও মুক্তাঙ্গণের খাদ্য-পানীয়ের অধিকারী; ইহা না বোঝা বহন করিবে, না পিঠে মানুষ তুলিবে।
৭৯৮-ঘ। খুঁটিনাটি ও বিস্তারিত স্বল্প-প্রয়োজনীয় বিষয়াদির ব্যাপারে মানুষ নিজের বিচার-বিবেচনা খাটাইয়া আইন করিয়া ব্যবহারবিধি বানাইয়া লইতে পারে।এই আয়াতে আসিয়া বলা হইতেছে যে, এই বিচার-বিবেচনা খাটানোর অধিকার, মৌলিক বিষয়াদিতে প্রয়োগ করা যাইবে না। কেননা, মৌলিক বিষয়ে ঐক্যমত থাকা একান্ত আবশ্যক, তাহা না হইলে ভিন্ন ভিন্ন মতামত সৃষ্টি হইয়া গুরুতর ক্ষতি হইবে। আয়াতটি উদাহরণ দ্বারা বুঝাইয়া দিতেছে যে, মৌলিক বিষয়ে আইন-বিধি রচনা করার জন্য, মানুষের সীমিত বুদ্ধিমত্তার উপর নির্ভর করা যাইতে পারে না। আরবেরা তাহাদের দেবতাকে সন্তুষ্ট করার মানসে তাহাদের গৃহ-পালিত পশুকে মুক্ত করিয়া ছাড়িয়া দিত যাহাতে তারা যত্র তত্র অবাধে চলাফেরা ও পানাহার করিতে পারে। ইহা ছিল তাহাদের অন্ধ বিশ্বাস ও কুসংস্কার-জনিত কু-বুদ্ধি। এই পন্থা বা আরচণ ছিল একান্তই অর্থহীন ও নির্বোধ। পশুগুলি যে দিকে যাইত ধবংসের ছাপ রাখিয়া যাইত। মানুষের আইনের মধ্যে যে কত খারাপিও থাকিতে পারে, এই উদাহরণ দ্বারা, কুরআন তাহা বুঝাইয়া দিতেছে। খৃষ্টানেরা বলে, “শরীয়াত এক অভিশাপ”। কুরআন তাহাদিগকে হুশিয়ার করিয়া বলিতেছে, তাহারা যেন আরবদের পশু-মুক্তির উদাহরণ হইতে শিক্ষা গ্রহণ করে। আরববাসীদের সঠিক পথে চালনার জন্য কোনও অবতীর্ণ শরীয়াত ছিল না বলিয়াই, তাহারা এইরূপ নীতি-বিগর্হিত কাজে লিপ্ত হইয়াছিল ও তাহাদের বুদ্ধি-বৈকল্য ঘটিয়াছিল।

وَاِذَا قِیۡلَ لَہُمۡ تَعَالَوۡا اِلٰی مَاۤ اَنۡزَلَ اللّٰہُ وَاِلَی الرَّسُوۡلِ قَالُوۡا حَسۡبُنَا مَا وَجَدۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا ؕ اَوَلَوۡ کَانَ اٰبَآؤُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ شَیۡئًا وَّلَا یَہۡتَدُوۡنَ ﴿۱۰۵﴾

১০৫
এবং যখন তাহাদিগকে বলা হয়, ‘আল্লাহ্‌ যাহা নাযেল করিয়াছেন তাহার দিকে এবং এই রসূলের দিকে আস’, তাহারা বলে, ‘আমরা আমাদের পিতৃপুরুষদিগকে যাহাতে পাইয়াছি তাহাই আমাদের জন্য যথেষ্ট।’ কী! যদিও তাহাদের পিতৃ-পুরুষগণ না কোন জ্ঞান অর্জন করিয়া থাকে এবং না কোন হেদায়ত গ্রহণ করিয়া থাকে, তথাপিও (তাহারা অন্ধ অনুকরণ করিবে)?

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا عَلَیۡکُمۡ اَنۡفُسَکُمۡ ۚ لَا یَضُرُّکُمۡ مَّنۡ ضَلَّ اِذَا اہۡتَدَیۡتُمۡ ؕ اِلَی اللّٰہِ مَرۡجِعُکُمۡ جَمِیۡعًا فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমাদের রক্ষার ব্যবস্থা গ্রহণ করা তোমাদের কর্তব্য। যখন তোমরা হেদায়াত-প্রাপ্ত হও৭৯৯ তখন যে পথভ্রষ্ট হইয়াছে সে তোমাদের কোন ক্ষতি করিতে পারিবে না। তোমাদের সকলকেই আল্লাহ্‌র দিকে ফিরিয়া যাইতে হইবে; তখন তিনি তোমাদিগকে তাহা অবহিত করিবেন যাহা তোমরা করিতে।
৭৯৯। আমাদের কর্তব্য হইল, অন্যান্যের কাছে সত্যের বাণী পৌঁছাইয়া দেওয়া। যদি তাহারা সত্যকে গ্রহণ করে, তাহা হইলেও উত্তম। যদি আমাদের পূর্ণ চেষ্টা সত্বেও তাহারা তাহাদের মন্দ পথ হইতে ফিরিতে না চায়, তাহা হইলে তাহাদের সত্য-প্রত্যাখ্যান দ্বারা আমাদের কোনই ক্ষতি হইবে না। তাহাদিগকে আমাদের চিন্তাধারার মধ্যে শামিল করিবার প্রয়াসে, আমরা যেন নীতি বিসর্জন না দেই। ইহা হইবে আত্ম-হত্যার মত। অন্যের আত্মাকে বাচাইতে যাইয়া নিজের আত্মাকে হত্যা করা একটি অশুভ আদান-প্রদান।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا شَہَادَۃُ بَیۡنِکُمۡ اِذَا حَضَرَ اَحَدَکُمُ الۡمَوۡتُ حِیۡنَ الۡوَصِیَّۃِ اثۡنٰنِ ذَوَا عَدۡلٍ مِّنۡکُمۡ اَوۡ اٰخَرٰنِ مِنۡ غَیۡرِکُمۡ اِنۡ اَنۡتُمۡ ضَرَبۡتُمۡ فِی الۡاَرۡضِ فَاَصَابَتۡکُمۡ مُّصِیۡبَۃُ الۡمَوۡتِ ؕ تَحۡبِسُوۡنَہُمَا مِنۡۢ بَعۡدِ الصَّلٰوۃِ فَیُقۡسِمٰنِ بِاللّٰہِ اِنِ ارۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِیۡ بِہٖ ثَمَنًا وَّلَوۡ کَانَ ذَا قُرۡبٰی ۙ وَلَا نَکۡتُمُ شَہَادَۃَ ۙ اللّٰہِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الۡاٰثِمِیۡنَ ﴿۱۰۷﴾

১০৭
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন তোমাদের মধ্যে কাহারও মৃত্যু কাল উপস্থিত হয়, তখন ওসীয়্যত করিবার সময় তোমাদের মধ্যে সাক্ষ্য-দানের ব্যবস্থা এই হইবে যে, তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষী হইবে; অথবা তোমাদের ছাড়া অন্যদের মধ্য হইতে দুইজন হইবে, যদি তোমরা ভূপৃষ্ঠে সফর করিতে থাক এবং তোমাদের উপর মৃত্যুর বিপদ নামিয়া আসে।৮০০ তোমরা নামাযের পর উভয়কে (সাক্ষ্য দেওয়ার জন্য) আটকাইবে,৮০১ যদি তোমরা (তাহাদের সাক্ষ্য সম্বন্ধে) সন্দিহান হও তাহা হইলে তাহারা আল্লাহ্‌র কসম খাইয়া বলিবে, ‘আমরা ইহা দ্বারা কোন মূল্য গ্রহণ করিব না যদিও সে (যাহার সম্বন্ধে আমরা সাক্ষ্য দিতেছি আমাদের) নিকট আত্মীয়ই হউক না কেন; আমরা আল্লাহ্‌র (নির্দিষ্ট সত্য) সাক্ষ্য গোপন করিব না, করিলে নিশ্চয় আমরা পাপীদের অন্তর্ভুক্ত হইব।’
৮০০। মহানবী (সাঃ)-এর যমানায় একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা অত্র আয়াত ও পরবর্তী দুইটি আয়াতের উপর আলোক সম্পাত করে। একজন মুসলমান নিজ ভূমি হইতে বহুদূরে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি দুই খৃষ্টান-ভ্রাতা, তামীমদারী ও আদীর কাছে, তাহার মাল-পত্র জমা রাখিয়া তাহাদিগকে বলিলেন,ঐ জিনিষ পত্রগুলি যেন তাহারা মদীনায় অবস্থানরত তাহার উত্তরাধিকারীগণের নিকট পৌঁছাইয়া দেয়। মালামাল গ্রহণ করার পর উত্তরাধিকারীরা দেখিল যে, একটি রৌপ্যনির্মিত বাটী কম আছে। খৃষ্টান ভ্রাতৃদ্বয়কে ঐ রৌপ্য-বাটীর কথা জিজ্ঞাসা করাতে শপথ-পূর্বক তাহারা ঐ বিষয়ে নিজেদের অজ্ঞতা প্রকাশ করিল। পরবর্তীতে উত্তরাধিকারীরা ঐ রূপার বাটী মক্কাবাসীদের হাতে দেখিয়া, অনুসন্ধান করিয়া জানিতে পারিল যে, ঐ দুই ব্যক্তি যাহারা মাল আমানত রাখিয়াছিল, তাহারাই রূপার বাটিটা বিক্রয় করিয়া দিয়াছিল। সুতরাং ঐ দুইব্যক্তিকে পুনরায় মদীনায় ডাকিয়া পাঠানো হইল৷ তাহারা উপস্থিত হইলে, উত্তরাধিকারীরা তাহাদের উপস্থিতিতেই শপথ করিয়া বলিল, ঐ রূপার বাটী তাহাদের নিজের। অতপর, ঐ বাটী উত্তরাধিকারীগণের কাছে প্রত্যর্পণের ব্যবস্থা করা হইল (মনসুর)।
৮০১। ‘আসরের’ নামাযের সময়ই এই কাজের প্রকৃষ্ট সময়। কারণ নবী করীম (সাঃ) এই আসরের নামাযের পরক্ষণেই উপরোক্ত রূপার-বাটির ব্যাপারে সাক্ষ্যগ্রহণের কাজ সম্পন্ন করিয়াছিলেন। নামাযের পরে পরেই সাক্ষ্য-প্রমাণ গ্রহণের কাজ সম্পাদন করার কারণ, সেই সময় মানুষের মন খোদা-ভীতিতে আপ্লূত থাকে এবং সত্যবাদিতার প্রতিও মনের ঝোঁক থাকে। যদি সাক্ষীরা অমুসলমান হয়, তাহা হইলে তাহাদের উপাসনার পরে পরেই তাহাদিগকে সাক্ষ্যদানের জন্য ডাকা যাইতে পারে, যাহাতে সময়ের প্রভাব ও মনের গাম্ভীর্য তাহাদিগকে সত্য কথা বলার প্রেরণা দেয়।

فَاِنۡ عُثِرَ عَلٰۤی اَنَّہُمَا اسۡتَحَقَّاۤ اِثۡمًا فَاٰخَرٰنِ یَقُوۡمٰنِ مَقَامَہُمَا مِنَ الَّذِیۡنَ اسۡتَحَقَّ عَلَیۡہِمُ الۡاَوۡلَیٰنِ فَیُقۡسِمٰنِ بِاللّٰہِ لَشَہَادَتُنَاۤ اَحَقُّ مِنۡ شَہَادَتِہِمَا وَمَا اعۡتَدَیۡنَاۤ ۫ۖ اِنَّاۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیۡنَ ﴿۱۰۸﴾

১০৮
কিন্তু যদি ইহা প্রকাশ পায় যে, তাহারা দুইজন (সাক্ষীদ্বয়) পাপের ভাগী হইয়াছে, তাহা হইলে উক্ত দুই জনের স্থলে অন্য দুই ব্যক্তি তাহাদের মধ্য হইতে দাঁড়াইবে যাহাদের বিরুদ্ধে পূর্ববর্তী দুই৮০২ ব্যক্তি সাক্ষ্য দিয়াছিল এবং তাহারা আল্লাহ্‌র কসম খাইয়া বলিবে ‘নিশ্চয় আমাদের সাক্ষ্য (পূর্ববর্তী) ঐ সাক্ষীদ্বয়ের সাক্ষ্য হইতে অধিকতর সত্য এবং আমরা সীমালংঘন করি নাই, য়দি আমরা ইহা করিয়া থাকি তাহা হইলে নিশ্চয় আমরা যালেমদিগের অন্তর্ভুক্ত হইব।’
৮০২। ‘আওলায়ান’ শব্দটি প্রথম দুই সাক্ষী সম্বন্ধে ব্যবহৃত হইয়াছে। কেননা সত্যিকারভাবে সাক্ষ্য দিবার জন্য তাহারাই বেশি উপযোগী ছিলেন—এই কারণে যে মৃতব্যক্তির মৃত্যুকালে তাহারা উপস্থিত ছিলেন এবং তাহাদের উপস্থিতিতে মৃতব্যক্তি ‘উইল’ (ওসীয়্যত) করিয়াছিলেন এবং তাহাদের কাছেই মাল-সম্পদ আমানত রাখা হইয়াছিল, যাহাতে উত্তরাধিকারীগণের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। অপর দুই সাক্ষী মৃতব্যক্তির উত্তরাধিকারীদের মধ্য হইতে হওয়া উচিত।

ذٰلِکَ اَدۡنٰۤی اَنۡ یَّاۡتُوۡا بِالشَّہَادَۃِ عَلٰی وَجۡہِہَاۤ اَوۡ یَخَافُوۡۤا اَنۡ تُرَدَّ اَیۡمَانٌۢ بَعۡدَ اَیۡمَانِہِمۡ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاسۡمَعُوۡا ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿۱۰۹﴾٪

১০৯
ইহা উত্তম পদ্ধতি, যদ্বারা তাহারা সঠিক রূপে সাক্ষ্য দিবে, অথবা এই কথার ভয় করিবে যে, তাহাদের কসমকে অন্য কসমের দ্বারা রদ করা হইবে। এবং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং কান পাতিয়া শ্রবণ কর। কারণ আল্লাহ্ বিদ্রোহপরায়ণ জাতিকে হেদায়াত দান করেন না।
সূরা আল্‌ মায়েদা - রুকু ১৪

یَوۡمَ یَجۡمَعُ اللّٰہُ الرُّسُلَ فَیَقُوۡلُ مَاذَاۤ اُجِبۡتُمۡ ؕ قَالُوۡا لَا عِلۡمَ لَنَا ؕ اِنَّکَ اَنۡتَ عَلَّامُ الۡغُیُوۡبِ ﴿۱۱۰﴾

১১০
(সেই দিনকে স্মরণ কর) যে দিন আল্লাহ্ রসূলগণকে একত্রিত করিবেন এবং বলিবেন, ‘তোমাদিগকে কি জবাব দেওয়া হইয়াছিল?’ তাহারা বলিবে, ‘আমরা জানি না, নিশ্চয় তুমি অদৃশ্য বিষয়সমূহের সর্বজ্ঞাতা।’৮০৩
৮০৩। নবীগণের উত্তর হইতে বুঝা যায় যে, আল্লাহ্‌তা’লা কোন সংবাদ বা জ্ঞান লাভের জন্য প্রশ্ন করেন নাই। বরং অবিশ্বাসীদের বিরুদ্ধে নবীদের সাক্ষ্য গ্রহণই আল্লাহ্‌তা’লার আসল উদ্দেশ্য। ৪ঃ৪২ হইতেও তাহা সস্পষ্ট বুঝা যায়।