৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

فَبِظُلۡمٍ مِّنَ الَّذِیۡنَ ہَادُوۡا حَرَّمۡنَا عَلَیۡہِمۡ طَیِّبٰتٍ اُحِلَّتۡ لَہُمۡ وَبِصَدِّہِمۡ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ کَثِیۡرًا ﴿۱۶۱﴾ۙ

১৬১
সুতরাং যাহারা ইহুদী হইয়াছে তাহাদের যুলুমের কারণে আমরা তাহাদের জন্য সেই সব পবিত্র বস্তু৭০২ হারাম করিয়াছি যাহা তাহাদের জন্য (পূর্বে) হালাল করা হইয়াছিল এবং বহু লোককে আল্লাহ্‌র পথে তাহাদের বাধা দেওয়ার কারণেও (তাহাদের এই শাস্তি হইয়াছিল)।
৭০২। এই আয়াত এমন কোন জাগতিক বস্তুর কথা বলিতেছে না যাহা ভোগ করা পূর্বে ইহুদীদের জন্য অনুমোদিত ছিল, পরে নিষিদ্ধ করা হইয়াছে। কেননা, মূসা (আঃ)-এর পরে তাহাদের মধ্যে এমন কোন শরীয়তবাহী নবী আসেন নাই যিনি তওরাতের অনুমোদিতে বস্তু তাহাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করিতে পারেন। বরং ইহা এই কথা বলিতেছে যে, তাহারা আধ্যাত্মিক ও ঐশী -অনুগ্রহরাজি হইতে বঞ্চিত হইয়া পড়িয়াছে। ঈসা (আঃ) ইহুদীদের এই আধ্যাত্মিকভাবে বঞ্চিত হওয়ার কথা স্মরণ করাইয়াই বলিয়াছিলেন, “এবং এই জন্য (আসিয়াছি) যেন আমি তোমাদের জন্য হালাল করি কতক বস্তুকে যাহা পূর্বে তোমাদের উপরে হারাম করা হইয়াছিল (৩ঃ৫১)”-অর্থাৎ তোমাদের অপকর্মের দোষে, যে সব ঐশী অনুগ্রহরাজি হইতে তোমরা বঞ্চিত হইয়াছ, সেইগুলির কতক তোমাদের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত করিতে আমি আসিয়াছি।

وَّاَخۡذِہِمُ الرِّبٰوا وَقَدۡ نُہُوۡا عَنۡہُ وَاَکۡلِہِمۡ اَمۡوَالَ النَّاسِ بِالۡبَاطِلِ ؕ وَاَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ مِنۡہُمۡ عَذَابًا اَلِیۡمًا ﴿۱۶۲﴾

১৬২
এবং তাহাদের সুদ গ্রহণের কারণে, অথচ ইহা হইতে তাহাদিগকে নিষেধ করা হইয়াছিল, এবং তাহাদের অন্যায়ভাবে লোকদের ধন-সম্পদ গ্রাস করার কারণেও। এবং তাহাদের মধ্যে কাফেরদের জন্য আমরা যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করিয়া রাখিয়াছি।৭০৩
৭০৩। ইহুদীগণকে নিষেধ করা হইয়াছিল, তাহারা যেন টাকা লগ্নি করিয়া অন্য ইহুদীর কাছ হইতে সুদ গ্রহণ না করে। তবে অ-ইহুদীর কাছ হইতে সুদ গ্রহণ করার অনুমতি ছিল (যাত্রা-২২ঃ২৫, লেবীয়-২৫ঃ৩৬-৩৭; দ্বিতীয় ২৩ঃ ১৯-২০)। কিন্তু তাহারা এই নীতি (আইন) ভঙ্গ করিয়া ইহুদীদের কাছ হইতেও সুদ গ্রহণ করিতে লাগিল (নহূম-৫ঃ৭)। পরে তাহারা নেহেমিয়াকে প্রতিশ্রুতি দিল যে, তাহারা এই পাপাচার পরিত্যাগ করিবে (নহূম-৫ঃ১২) কিন্তু আবার তাহারা প্রতিজ্ঞা ভঙ্গ করিল। তাই যিহিষ্কেলের ভবিষ্যদ্বাণী (যিহিষ্কেল-১৮ঃ১৩) অনুযায়ী, ইহুদীরা জাতিসত্তা হিসাবে মৃত্যু বরণ করিল এবং বিশ্বের বিভিন্ন স্থানে শত্রুদের হাতে লাঞ্ছিত ও অত্যাচারিত হইবার জন্য বিচ্ছিন্ন অবস্থায় ছড়াইয়া পড়িল।

لٰکِنِ الرّٰسِخُوۡنَ فِی الۡعِلۡمِ مِنۡہُمۡ وَالۡمُؤۡمِنُوۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ وَالۡمُقِیۡمِیۡنَ الصَّلٰوۃَ وَالۡمُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَالۡمُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ اُولٰٓئِکَ سَنُؤۡتِیۡہِمۡ اَجۡرًا عَظِیۡمًا ﴿۱۶۳﴾٪

১৬৩
কিন্তু তাহাদের মধ্য হইতে জ্ঞানে পরিপক্কগণ৭০৪ এবং মো‘মেনগণ ঈমান আনে উহার উপর যাহা তোমার উপর নাযেল করা হইয়াছে এবং উহার উপরও যাহা তোমার পূর্বে নাযেল করা হইয়াছিল, এবং তাহারা নামায কায়েম৭০৫ করে এবং যাকাত দেয় এবং ঈমান আনে আল্লাহ্‌র উপর এবং শেষ দিবসের উপর, এই সব লোকই এমন যাহাদিগকে আমরা মহা পুরস্কার দান করিব।
সূরা আন্‌-নিসা - রুকু ২২
৭০৪। ইহা ঐ সব জ্ঞানীগুণী ইহুদীদিগকে বুঝাইয়াছে, যাহারা ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছে। ‘মো’মেনগণ’ শব্দটিও এই জন্যই যোগ করা হইয়াছে যাহাতে ঐ সকল ইহুদীদিগকেই এই আয়াতের লক্ষ্য বলিয়া মনে করা হয় যাহারা মুসলমান হইয়া গিয়াছে।
৭০৫। আরবী ব্যাকরণ অনুযায়ী ‘মুকিমুনা’-এর স্থলে ‘মুকিমীনা’ ব্যবহার করা রীতি-সিদ্ধ। বিশেষ জোর দিবার উদ্দেশ্যে এইরূপ করা হইয়া থাকে (কাশ্শাফ, ১ম, ৩৩৬)।

اِنَّاۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ کَمَاۤ اَوۡحَیۡنَاۤ اِلٰی نُوۡحٍ وَّالنَّبِیّٖنَ مِنۡۢ بَعۡدِہٖ ۚ وَاَوۡحَیۡنَاۤ اِلٰۤی اِبۡرٰہِیۡمَ وَاِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ وَالۡاَسۡبَاطِ وَعِیۡسٰی وَاَیُّوۡبَ وَیُوۡنُسَ وَہٰرُوۡنَ وَسُلَیۡمٰنَ ۚ وَاٰتَیۡنَا دَاوٗدَ زَبُوۡرًا ﴿۱۶۴﴾ۚ

১৬৪
নিশ্চয় আমরা তোমার প্রতি ওহী করিয়াছি যেরূপে আমরা নূহ এবং তাহার পরবর্তী নবীগণের প্রতি ওহী করিয়াছিলাম, এবং আমরা ইব্‌রাহীম, ইসমাঈল, ইসহাক্‌, ইয়াকুব এবং (তাহার) বংশধরগণ এবং ঈসা, আইউব, ইউনুস, হারূন এবং সুলায়মানের উপর ওহী করিয়াছিলাম, এবং দাউদকেও আমরা যবূর৭০৬ দিয়াছিলাম।
৭০৬। এই আয়াতে এবং পরবর্তী আয়াতে কয়েক জন নবীর নাম উল্লেখ করা হইয়াছে, এই কথা বুঝাইবার জন্য যে, ইসলামের নবী (সাঃ)-এর আগমনও তাহাদেরই মত স্বাভাবিক ভাবে হইয়াছে। দাউদ (আঃ)-এর উপর অবতীর্ণ প্রজ্ঞাপূর্ণ ‘যবূর কিতাব’ এবং পরবর্তী আয়াতে উল্লেখকৃত মূসা (আঃ)-এর উপর অবতীর্ণ শরীয়ত পূর্ণ কিতাবের প্রতি এই কারণে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে, যেহেতু মহানবী (সাঃ)-এর উপর অবতীর্ণ ‘কুরআন’ ও প্রজ্ঞা ও শরীয়ত এই উভয় গুণেই পরিপূর্ণভাবে সমৃদ্ধ।

وَرُسُلًا قَدۡ قَصَصۡنٰہُمۡ عَلَیۡکَ مِنۡ قَبۡلُ وَرُسُلًا لَّمۡ نَقۡصُصۡہُمۡ عَلَیۡکَ ؕ وَکَلَّمَ اللّٰہُ مُوۡسٰی تَکۡلِیۡمًا ﴿۱۶۵﴾ۚ

১৬৫
এবং (আমরা প্রেরণ করিয়াছি) এমন অনেক রসূল, যাহাদের বৃত্তান্ত ইতিপূর্বে আমরা তোমার নিকট বর্ণনা করিয়াছি এবং এমন অনেক রসূল, যাহাদের বৃত্তান্ত আমরা তোমার নিকট বর্ণনা করি৭০৭ নাই, এবং আল্লাহ্ মূসার সহিত অনেক বাক্যালাপ করিয়াছিলেন৭০৭-ক।
৭০৭। কুরআন মাত্র ২৪ জন নবীর নাম উল্লেখ করিয়াছে,অথচ নবী করীম (সাঃ)-এর এক হাদীস অনুযায়ী ১ লক্ষ ২৪ হাজার পয়গম্বর পৃথিবীতে আসিয়াছেন (মসনদ, ৫ম, ২৬৬)। কুরআনের অন্যত্র বলা হইয়াছে, “এমন কোন জাতি নাই, যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই”(৩৫ঃ২৫)।
৭০৭-ক। অনুবাদে যাহা লিখা হইয়াছে, তাহা ছাড়াও এই বাক্যটির অন্য অর্থ ইহাও হয়ঃ মূসার সাথে আল্লাহ্, বিশেষভাবে বা সরাসরি বাক্যালাপ করিয়াছিলেন।

رُسُلًا مُّبَشِّرِیۡنَ وَمُنۡذِرِیۡنَ لِئَلَّا یَکُوۡنَ لِلنَّاسِ عَلَی اللّٰہِ حُجَّۃٌۢ بَعۡدَ الرُّسُلِ ؕ وَکَانَ اللّٰہُ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۱۶۶﴾

১৬৬
(এবং প্রেরণ করিয়াছি) রসূলগণ, শুভ সংবাদ বহনকারী এবং সতর্ককারী৭০৮ রূপে যেন রসূলগণের (আগমনের) পরে মানব জাতির জন্য আল্লাহ্‌র বিরুদ্ধে কোন ওযর-আপত্তি না থাকে৭০৯। এবং আল্লাহ্ মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
৭০৮। “শুভসংবাদ বহনকারী ও সতর্ককারী” শব্দ দুইটি, নবীগণের দুইটি অপরিহার্য কর্তব্য ব্যক্ত করিতেছে। তাহাদের অনুসারীদিগকে আল্লাহ্‌র নির্দ্দেশে তাঁহারা এই সুসংবাদ দান করেন যে,তাহারা ইহজগতেও উন্নতি লাভ করিবে এবং পরকালেও চিরস্থায়ী সুখ-শান্তিতে থাকিবে। যাহারা নবীগণকে প্রত্যাখ্যান করে, নবীগণ তাহাদিগকে সতর্ক করিয়া দেন যে, প্রত্যাখ্যানকারীরা এমন দুঃখ-যন্ত্রণা ও আপদ-বিপদের সম্মুখীন হইতে যাইতেছে, যাহা হইতে তাহারা কোনমতেই রেহাই পাইবে না।
৭০৯। আল্লাহ্ মানুষের কাছে এই জন্যই নবী পাঠাইয়া থাকেন, যাহাতে শাস্তি প্রাপ্তির সময় সে এই আপত্তি উত্থাপন করিতে না পারে যে, তাহার দোষ-ত্রু্ুটি ও পাপকর্ম দেখাইয়া দিবার জন্য এবং এইগুলি হইতে বিরত না হইলে গুরুতর শাস্তি পাইতে হইবে বলিয়া সতর্ক করার জন্য, কেহই তাহার কাছে আসে নাই (২০ঃ১৩৫)।

لٰکِنِ اللّٰہُ یَشۡہَدُ بِمَاۤ اَنۡزَلَ اِلَیۡکَ اَنۡزَلَہٗ بِعِلۡمِہٖ ۚ وَالۡمَلٰٓئِکَۃُ یَشۡہَدُوۡنَ ؕ وَکَفٰی بِاللّٰہِ شَہِیۡدًا ﴿۱۶۷﴾ؕ

১৬৭
কিন্তু আল্লাহ্ ইহা (এই ঐশীবাণী) দ্বারা, যাহা তিনি তোমার উপর নাযেল করিয়াছেন, সাক্ষ্য দিতেছেন যে, তিনি ইহাকে নিজ জ্ঞানে৭১০ পরিপূর্ণ করিয়া নাযেল করিয়াছেন, এবং ফিরিশ্‌তাগণও সাক্ষ্য দিতেছে, বস্তুতঃ সাক্ষী হিসাবে আল্লাহ্‌ই যথেষ্ট।
৭১০। কুরআনের মধ্যে আল্লাহ্‌তা’লা আধ্যাত্মিক জ্ঞান ও চিরসত্যের এমন এক অফুরন্ত ভাণ্ডার রাখিয়া দিয়াছেন, যাহা নিজেই সাক্ষ্য বহন করিবে যে, এই কুরআন নিশ্চয় আল্লাহ্‌র বাণী। কুরআনের বহুমুখী জ্ঞান-গরিমা ও সর্বসুন্দর গুণাবলী তর্কাতীত ভাবে চিন্তাশীলদের কাছে প্রমাণ করে যে, ইহা ঐশী, লৌকিক নহে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ قَدۡ ضَلُّوۡا ضَلٰلًۢا بَعِیۡدًا ﴿۱۶۸﴾

১৬৮
যাহারা অস্বীকার করে এবং আল্লাহ্‌র পথে (লোকদিগকে) বাধা দেয়, নিশ্চয় তাহারা চরম পর্যায়ের পথভ্রষ্টতায় নিপতিত হয়।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَظَلَمُوۡا لَمۡ یَکُنِ اللّٰہُ لِیَغۡفِرَ لَہُمۡ وَلَا لِیَہۡدِیَہُمۡ طَرِیۡقًا ﴿۱۶۹﴾ۙ

১৬৯
নিশ্চয় যাহারা অস্বীকার করে এবং যুলুম করে, আল্লাহ্‌ তাহাদিগকে কখনও ক্ষমা করিবেন না এবং তিনি তাহাদিগকে কোন হেদায়াতের পথ দেখাইবেন না;

اِلَّا طَرِیۡقَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا ﴿۱۷۰﴾

১৭০
জাহান্নামের পথ ব্যতিরেকে, সেখানে তাহারা দীর্ঘকাল ধরিয়া বাস করিবে। এবং আল্লাহ্‌র জন্য ইহা সহজ।