৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَاِذَا ضَرَبۡتُمۡ فِی الۡاَرۡضِ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَقۡصُرُوۡا مِنَ الصَّلٰوۃِ ٭ۖ اِنۡ خِفۡتُمۡ اَنۡ یَّفۡتِنَکُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ اِنَّ الۡکٰفِرِیۡنَ کَانُوۡا لَکُمۡ عَدُوًّا مُّبِیۡنًا ﴿۱۰۲﴾

১০২
এবং যখন তোমরা পৃথিবীতে সফর কর এবং আশঙ্কা কর যে, যাহারা অস্বীকার করিয়াছে তাহারা তোমাদেরকে ফিত্‌নায়৬৫৯ ফেলিয়া দিবে তখন যদি তোমরা নামায সংক্ষেপ কর তাহা হইলে ইহাতে তোমাদের উপর কোন পাপ বর্তিবে না। কাফেররা নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু।
৬৫৯। ভয়ের সময়ে নামায আদায় করা সম্বন্ধে, কুরআনে তিন স্থানে পৃথকভাবে বলা হইয়াছে। যথাঃ (১) ২ঃ২৪০ আয়াত অনুযায়ী নামায আদায় করা যে সময়ে অতি-বিপদ ও অতি-ভীতির কারণে সম্ভব নয়; (২) বর্তমান আয়াত (৪ঃ১০২); সাধারণ ভীতির অবস্থায় নামায সংক্ষিপ্ত করা যখন প্রয়োজন বিবেচিত হয়, এবং (৩) পরবর্তী আয়াতে (৪ঃ১০৩)। এই আয়াতে ভীতির অবস্থায় জামায়াতে সংক্ষিপ্ত নামায আদায় করা সম্বন্ধে বলা হইয়াছে। নামায সংক্ষেপ করা’ কিরূপ? বর্তমান আলোচ্য আয়াতে, ব্যক্তিগত নামাযের ক্ষেত্রে, ‘রাকায়াত’ কমানো বুঝায় না। কেননা, ভ্রমণরত অবস্থায় চারি রাকায়াতের স্থলে, প্রথম হইতেই নামায ‘দুই রাকায়াত’ নির্দিষ্ট ছিল। এখানে, শত্রুর আক্রমণের ভয় থাকার কারণেই ব্যক্তিকে তাড়াতাড়ি করিয়া নির্দিষ্ট নামাযটি আদায় করার অনুমতি দেওয়া হইয়াছে। “ভ্রমণরত ব্যক্তির নামায আদায় প্রথম হইতেই দুই রাকায়াতে সীমিত। তবে বিপদের সময় একাকী নামায পড়ার অবস্থায় এই দুই রাকায়াতই দ্রুত গতিতে আদায় করা বিধেয়” (কাসীর)। এই অভিমত সমর্থন করেন মুজাহিদ, দাহ্হাক এবং বুখারী (‘সালাতুল খাওফ’অধ্যায়)। হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, “প্রথমে নামায দুই রাকায়াতই ছিল, গৃহেই হউক আর ভ্রমণেই হউক। পরে গৃহবাসীর জন্য ইহা বৃদ্ধি করিয়া চারি রাকায়াত করা হইল। কিন্তু ভ্রমণাবস্থার জন্য ইহা দুই রাকায়াতই রহিয়া গেল” (বুখারী, ‘সালাত’ অধ্যায়)। হযরত উমর (রাঃ) বলিয়াছেন, ‘ভ্রমণের অবস্থায় নামায দুই রাকায়াত, দুই ঈদের প্রতিটিতেও নামায দুই রাকায়াত, শুক্রবারের নামাযও দুই রাকায়াত। এই দুই রাকায়াত নামাযই স্বয়ং-সম্পূর্ণ; কমাইয়া দুই রাকায়াত করা হয় নাই। আমরা স্বয়ং নবী করীম (সাঃ) হইতে ইহা জানিয়াছি’ (মসনদ, নিসাঈ এবং মাজাহ্)। খালিদ বিন সাঈদ একবার ইব্‌নে উমরকে জিজ্ঞাসা করিলেন, ‘কুরআনে কোথায় পথিকের নামাযের কথা আছে? সেখানে তো কেবল ভীতির অবস্থায় নামায আদায় করা সম্বন্ধে বক্তব্য আছে’। ইব্‌নে উমর উত্তরে বলিলেন, “আমরা নবী করীম (সাঃ)কে যেভাবে যাহা করিতে দেখিয়াছি তাহাই করিয়াছি” অর্থাৎ ভ্রমণরত অবস্থায় নবী করীম (সাঃ)-এর সাথে দুই রাকায়াতই পড়িয়াছি (জরীর, ৫ম, ১৪৪; নিসাঈ, ‘সালাত’ অধ্যায়)।

وَاِذَا کُنۡتَ فِیۡہِمۡ فَاَقَمۡتَ لَہُمُ الصَّلٰوۃَ فَلۡتَقُمۡ طَآئِفَۃٌ مِّنۡہُمۡ مَّعَکَ وَلۡیَاۡخُذُوۡۤا اَسۡلِحَتَہُمۡ ۟ فَاِذَا سَجَدُوۡا فَلۡیَکُوۡنُوۡا مِنۡ وَّرَآئِکُمۡ ۪ وَلۡتَاۡتِ طَآئِفَۃٌ اُخۡرٰی لَمۡ یُصَلُّوۡا فَلۡیُصَلُّوۡا مَعَکَ وَلۡیَاۡخُذُوۡا حِذۡرَہُمۡ وَاَسۡلِحَتَہُمۡ ۚ وَدَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡ تَغۡفُلُوۡنَ عَنۡ اَسۡلِحَتِکُمۡ وَاَمۡتِعَتِکُمۡ فَیَمِیۡلُوۡنَ عَلَیۡکُمۡ مَّیۡلَۃً وَّاحِدَۃً ؕ وَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِنۡ کَانَ بِکُمۡ اَذًی مِّنۡ مَّطَرٍ اَوۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَنۡ تَضَعُوۡۤا اَسۡلِحَتَکُمۡ ۚ وَخُذُوۡا حِذۡرَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ اَعَدَّ لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا مُّہِیۡنًا ﴿۱۰۳﴾

১০৩
এবং যখন তুমি নিজে তাহাদের মধ্যে থাক এবং তুমি তাহাদিগকে নামায পড়াও তখন তাহাদের মধ্য হইতে একদল যেন তোমার সঙ্গে দাঁড়ায় এবং তাহারা যেন তাহাদের অস্ত্রে সজ্জিত থাকে। এবং যখন তাহারা সিজদা সম্পন্ন করে তখন যেন তাহারা তোমাদের পশ্চাতে (শত্রুর সম্মুখে) দণ্ডায়মান হয়; এবং অন্য দল যাহারা এখনও নামায পড়ে নাই তাহারা যেন আগাইয়া আসে এবং তোমার সঙ্গে৬৬০ নামায আদায় করে এবং তাহারা যেন আত্মরক্ষার উপকরণ অবলম্বন করে ও অস্ত্রাদিতে সজ্জিত থাকে।৬৬১ এবং যাহারা অস্বীকার করিয়াছে তাহারা কামনা করে যে তোমরা যদি তোমাদের অস্ত্র-শস্ত্র ও সাজ-সরঞ্জাম হইতে অসতর্ক হও তাহা হইলে তাহারা যেন অতর্কিতে এক যোগে তোমাদের উপর ঝাপাইয়া পড়িতে পারে। এবং বৃষ্টিপাতের কারণে যদি তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তখন তোমাদের উপরে কোন পাপ বর্তিবে না যদি তোমরা তোমাদের অস্ত্রাদি খুলিয়া ফেল, এবং তোমরা (সদা) আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ কর। আল্লাহ্ নিশ্চয় কাফেরদের জন্য লাঞ্ছনাজনক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছেন।
৬৬০। পূর্ববর্তী আয়াতে ভয় ও বিপদের অবস্থায়, ব্যক্তিগতভাবে নামায পড়িবার বিষয়ে বলা হইয়াছে। এই আয়াতে উপরোক্ত ভয়ের অবস্থায় মুসলমানেরা দলবদ্ধভাবে থাকিলে, কিভাবে জামায়াতে নামায আদায় করিবেন, তাহাই বিষদভাবে বর্ণিত হইয়াছে। বিভিন্ন সময়ে, এইরূপ বিপদ-সঙ্কুল পরিস্থিতিতে, অবস্থাভেদে একাদশ পদ্ধতিতে জামায়াতে নামায পড়া হইয়াছে বলিয়া হাদীসে উল্লেখ রহিয়াছে (মুহীত)।
৬৬১। এই আয়াত ‘আস্‌লেহা’ (অস্ত্রশস্ত্র) এবং ‘হিয্‌র্‌’ (পূর্ব-সতর্কতা) শব্দদ্বয়ের মধ্যে পার্থক্য করিয়াছে। তুলনামূলকভাবে নিরাপদ অবস্থায় অস্ত্র-শস্ত্র হাত হইতে রাখা যাইতে পারে, কিন্তু কোনও অবস্থাতেই সতর্কতা অবলম্বনকে অবহেলা করা যাইতে পারে না। ৪ঃ৭২ দেখুন।
সম্পূর্ণ সূরা দেখুন