৩৫

فاطر

সূরা আল্ ফাতের

Fatir

মক্কী ৪৬ আয়াত ৫ রুকু পারা ২২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৬ আয়াত এবং ৫ রুকু আছে।

لِیُوَفِّیَہُمۡ اُجُوۡرَہُمۡ وَیَزِیۡدَہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ اِنَّہٗ غَفُوۡرٌ شَکُوۡرٌ ﴿۳۱﴾

৩১
যেন তিনি তাহাদিগকে তাহাদের (আমলের) পূর্ণ প্রতিদান দেন এবং তিনি নিজ অনুগ্রহ হইতে তাহাদিগকে আরও অধিক দান করেন। নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, পরম গুণগ্রাহী।

وَالَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ ہُوَ الۡحَقُّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ بِعِبَادِہٖ لَخَبِیۡرٌۢ بَصِیۡرٌ ﴿۳۲﴾

৩২
এবং আমরা তোমার নিকট এই কিতাব হইতে যাহা ওহী করিয়াছি উহা নিশ্চিত সত্য এবং উহার পূর্বেকার কিতাবের সত্যায়নকারী। নিশ্চয় আল্লাহ্ নিজ বান্দাগণ সম্বন্ধে সম্পূর্ণ অবহিত আছেন এবং তাহাদের অবস্থা দেখিতেছেন।

ثُمَّ اَوۡرَثۡنَا الۡکِتٰبَ الَّذِیۡنَ اصۡطَفَیۡنَا مِنۡ عِبَادِنَا ۚ فَمِنۡہُمۡ ظَالِمٌ لِّنَفۡسِہٖ ۚ وَمِنۡہُمۡ مُّقۡتَصِدٌ ۚ وَمِنۡہُمۡ سَابِقٌۢ بِالۡخَیۡرٰتِ بِاِذۡنِ اللّٰہِ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَضۡلُ الۡکَبِیۡرُ ﴿ؕ۳۳﴾

৩৩
অতঃপর আমরা (সদা) ঐ সকল লোককে এই কিতাবের উত্তরাধিকারী করিয়াছি যাহাদিগকে আমরা আমাদের বান্দাগণের মধ্য হইতে মনোনীত করিয়াছি। অতএব তাহাদের মধ্য হইতে কেহ নিজ আত্মার প্রতি যুলুমকারী, এবং তাহাদের মধ্য হইতে কেহ মধ্যপন্থী এবং তাহাদের মধ্য হইতে কেহ আল্লাহ্‌র আদেশে পুণ্য কর্মে (অন্যদের মোকাবেলায়) অগ্রগামী।২৪২১ ইহাই হইতেছে (আল্লাহ্‌র) মহা অনুগ্রহ।
২৪২১। একজন বিশ্বাসীকে আধ্যাত্মিক জ্ঞান ও শৃঙ্খলার বিভিন্ন কঠিন অবস্থার মধ্য দিয়া যাইতে হয়। প্রথম পর্যায়ে নিজের কুপ্রবৃত্তি ও ইন্দ্রিয় শক্তিকে পরাভূত করার জন্য ভীষণ যুদ্ধ করিতে হয় এবং সর্ব প্রকার স্বার্থ ত্যাগ করিতে হয়। দ্বিতীয় পর্যায়ে সে তাহার গন্তব্য পথের দিকে ধীরে ধীরে অগ্রগামী হইতে থাকে এবং গতি বৃদ্ধি করিতে থাকে। তৃতীয় পর্যায়ে, আত্মত্যাগ ও প্রবৃত্তি দমন তাহার স্বভাবের অঙ্গ হইয়া পড়ে এবং নৈতিক উন্নতির চরম স্তরে সে পৌঁছিয়া যায়। এখান হইতে জীবনের সর্বোচ্চ মার্গে উপনীত হইবার চেষ্টা ও গতি তীব্রতর ও বিরামহীন হইয়া থাকে।

جَنّٰتُ عَدۡنٍ یَّدۡخُلُوۡنَہَا یُحَلَّوۡنَ فِیۡہَا مِنۡ اَسَاوِرَ مِنۡ ذَہَبٍ وَّلُؤۡلُؤًا ۚ وَلِبَاسُہُمۡ فِیۡہَا حَرِیۡرٌ ﴿۳۴﴾

৩৪
(তাহাদের বিনিময়) চিরস্থায়ী জান্নাতসমূহ হইবে, যাহার মধ্যে তাহারা প্রবেশ করিবে, তথায় তাহাদিগকে স্বর্ণ-নির্মিত কংকণ এবং মুক্তা দ্বারা অলংকৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোষাক হইবে রেশমের।

وَقَالُوا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡۤ اَذۡہَبَ عَنَّا الۡحَزَنَ ؕ اِنَّ رَبَّنَا لَغَفُوۡرٌ شَکُوۡرُ ﴿ۙ۳۵﴾

৩৫
এবং তাহারা বলিবে, ‘সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমাদের সকল চিন্তা দূর করিয়া দিয়াছেন। নিশ্চয় আমাদের প্রতিপালক অতীব ক্ষমাশীল, পরম গুণগ্রাহী;

ۣالَّذِیۡۤ اَحَلَّنَا دَارَ الۡمُقَامَۃِ مِنۡ فَضۡلِہٖ ۚ لَا یَمَسُّنَا فِیۡہَا نَصَبٌ وَّلَا یَمَسُّنَا فِیۡہَا لُغُوۡبٌ ﴿۳۶﴾

৩৬
যিনি স্বীয় অনুগ্রহে আমাদিগকে এমন স্থায়ী আবাসগৃহে স্থান দান করিয়াছেন যেখানে আমাদিগকে কোন দুঃখও স্পর্শ করে না এবং যেখানে কোন ক্লান্তিও আমাদিগকে স্পর্শ করে না।’২৪২২
২৪২২। আলোচ্য আয়াত ও পূর্ববর্তী আয়াত হইতে বুঝা যায় যে, মো’মেনগণের জন্য ইহকালে ও পরকালে যে সর্বোচ্চ বেহেশতের প্রতিশ্রুতি কুরআনে দেওয়া হইয়াছে তাহার স্বরূপ হইলঃ সকল প্রকারের ভীতি ও আশঙ্কা হইতে সম্পূর্ণ মুক্তিলাভ, মনের পূর্ণতম প্রশান্তি প্রাপ্তি, হদয়ে পরম সন্তোষ সৃষ্টি এবং আল্লাহ্‌র সন্তুষ্টির ছায়ায় আশ্রয় লাভ।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ نَارُ جَہَنَّمَ ۚ لَا یُقۡضٰی عَلَیۡہِمۡ فَیَمُوۡتُوۡا وَلَا یُخَفَّفُ عَنۡہُمۡ مِّنۡ عَذَابِہَا ؕ کَذٰلِکَ نَجۡزِیۡ کُلَّ کَفُوۡرٍ ﴿ۚ۳۷﴾

৩৭
এবং যাহারা কুফরী করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের আগুন। তাহাদের জন্য মৃত্যুর ফয়সালা করা হইবে না যাহার ফলে তাহারা মরিয়া শেষ হইতে পারে, এবং তাহাদের জন্য উহার আযাবও লাঘব করা হইবে না। এইভাবেই আমরা প্রত্যেক অকৃতজ্ঞ ব্যক্তিকে শাস্তি দিয়া থাকি।

وَہُمۡ یَصۡطَرِخُوۡنَ فِیۡہَا ۚ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا نَعۡمَلۡ صَالِحًا غَیۡرَ الَّذِیۡ کُنَّا نَعۡمَلُ ؕ اَوَلَمۡ نُعَمِّرۡکُمۡ مَّا یَتَذَکَّرُ فِیۡہِ مَنۡ تَذَکَّرَ وَجَآءَکُمُ النَّذِیۡرُ ؕ فَذُوۡقُوۡا فَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ نَّصِیۡرٍ ﴿٪۳۸﴾

৩৮
এবং তাহারা উহাতে চিৎকার করিবে এবং বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদিগকে (এই জাহান্নাম হইতে) বাহির কর, আমরা সৎকর্ম করিব উহার পরিবর্তে যাহা আমরা প্রথম জীবনে করিতাম।’ (আল্লাহ্ বলিবেন) ‘আমরা কি তোমাদিগকে এমন আয়ু দিই নাই, যাহাতে উপদেশ গ্রহণে ইচ্ছুক ব্যক্তি উপদেশ গ্রহণ করিতে পারিত? অথচ তোমাদের নিকট সতর্ককারীও আসিয়াছিল। অতএব (এখন) তোমরা ইহা ভোগ কর, কারণ যালেমদের জন্য কোন সাহায্যকারী হয় না।’
সূরা আল্ ফাতের - রুকু ৪

اِنَّ اللّٰہَ عٰلِمُ غَیۡبِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۳۹﴾

৩৯
নিশ্চয় আল্লাহ্ আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ে অবগত আছেন; নিশ্চয় তিনি অন্তর্নিহিত কথা খুব ভালভাবে জানেন।

ہُوَ الَّذِیۡ جَعَلَکُمۡ خَلٰٓئِفَ فِی الۡاَرۡضِ ؕ فَمَنۡ کَفَرَ فَعَلَیۡہِ کُفۡرُہٗ ؕ وَلَا یَزِیۡدُ الۡکٰفِرِیۡنَ کُفۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ اِلَّا مَقۡتًا ۚ وَلَا یَزِیۡدُ الۡکٰفِرِیۡنَ کُفۡرُہُمۡ اِلَّا خَسَارًا ﴿۴۰﴾

৪০
তিনিই তোমাদিগকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করিয়াছেন, অতএব যে কুফরী করিবে তাহার কুফরীর শাস্তি তাহারই উপর বর্তিবে। বস্তুতঃ কাফেরদিগকে তাহাদের কুফরী তাহাদের প্রতিপালকের দৃষ্টিতে কেবল অসন্তোষেই বাড়াইতেছে, এবং কাফেরগণের কুফরী শুধু তাহাদের ক্ষতিকেই বৃদ্ধি করিতেছে।