৩০

الروم

সূরা আর্‌ রূম

Ar-Rum

মক্কী ৬১ আয়াত ৬ রুকু পারা ২১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬১ আয়াত এবং ৬ রুকু আছে।

وَمِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ خَلَقَکُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ اِذَاۤ اَنۡتُمۡ بَشَرٌ تَنۡتَشِرُوۡنَ ﴿۲۱﴾

২১
এবং তাঁহার নিদর্শনাবলীর মধ্যে ইহাও একটি (নিদর্শন) যে, তিনি তোমাদিগকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর দেখ! তোমরা মানুষরূপে (সমস্ত পৃথিবীতে) ছড়াইয়া পড়িতেছ।২২৭৭
২২৭৭। এই আয়াতে বলা হইয়াছে যে, তিনি তোমাদিগকে ধূলি (তুরাব) হইতে সৃষ্টি করিয়াছেন। অন্যত্র বলা হইয়াছে যে, মানুষকে ‘ত্বীন’ বা কাদামাটি হইতে সৃষ্টি করা হইয়াছে (৬ঃ৩, ১৭ঃ৬২,২৩ঃ১৩, ৩২ঃ৮, ৩৭ঃ১২, ৩৮ঃ৭২)। ধূলা হইতে মানুষের সৃষ্টি বলিতে তাহার সৃষ্টির বিভিন্ন স্তর বা অবস্থার ঐ স্তরকে বুঝায় যখন সে কর্দ্দমাবস্থা প্রাপ্ত হয় নাই। ইহা কর্দ্দমাবস্থা প্রাপ্তির পূর্বস্তর। ইহা দ্বারা একথাও বুঝায় যে, মানুষ মাটি হইতে তাহার খাদ্য সংগ্রহ করিতে থাকে যাহা দ্বারা সে প্রথম হইতে শেষাবধি বাঁচিয়া থাকে। এই আয়াতে, আল্লাহ্‌তা’লা স্বীয় অস্তিত্বের তিনটি যুক্তি পেশ করিতেছেন।(ক) আল্লাহ্‌তা’লা মানুষকে ধূলি হইতে সৃষ্টি করিয়াছেন অথচ এই ধূলির সাথে জীবনের বাহ্যতঃ কোনও সম্পর্ক নাই, ইহাতে জীবন-সৃষ্টির কোন বাহ্যিক উপকরণও দৃষ্ট হয় না। (খ) তিনি মানুষকে সূক্ষ্ম অনুভূতিসমূহ দ্বারা ভূষিত করিয়াছেন এবং মানুষের প্রকৃতির মধ্যে উন্নতির ও প্রগতি সাধনের বিরাট বাসনা ও প্রেরণা প্রোথিত করিয়া দিয়াছেন। মানুষের মনস্কামনা সিদ্ধির জন্য যে সব শক্তি ও গুণাবলীর ব্যবহার প্রয়োজন হয় সেই সব শক্তি ও গুণাবলী তাহার মধ্যে মওজুদ রাখিয়াছেন। (গ) তিনি মানুষের মনের গহিনে বিস্তৃতি  লাভ, খ্যাতি লাভ ও বিশ্বব্যাপী প্রভুত্ব লাভের পিপাসা রাখিয়া দিয়াছেন এবং এইসব লাভের উপযোগী প্রয়োজনীয় শক্তিসমূহও তাহাকে দান করিয়াছেন।

وَمِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ خَلَقَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا لِّتَسۡکُنُوۡۤا اِلَیۡہَا وَجَعَلَ بَیۡنَکُمۡ مَّوَدَّۃً وَّرَحۡمَۃً ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۲۲﴾

২২
এবং তাঁহার নিদর্শনসমূহ হইতে ইহাও একটি (নিদর্শন) যে, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হইতে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন যেন তোমরা তাহাদের নিকট প্রশান্তি লাভ করিতে পার, এবং তিনি তোমাদের মধ্যে প্রেম-প্রীতি ও দয়া-মায়া২২৭৮ সৃষ্টি করিয়াছেন। নিশ্চয় ইহার মধ্যে চিন্তাশীল জাতির জন্য অনেক নিদর্শন আছে।
২২৭৮। স্ত্রীলোক ও পুরুষের মধ্যকার পারস্পরিক ভালবাসা প্রজননে সাহায্য করে ও পৃথিবীর বুকে মানবতার অস্তিত্বকে টিকাইয়া রাখে। ইহাতে বুঝা যায় যে, মানব সৃষ্টির পশ্চাতে কোন উদ্দেশ্য কাজ করিয়া যাইতেছে, একজন পরিকল্পনাবিদ ঐ উদ্দেশ্যকে আগাইয়া নিতেছেন। ইহাতে আরও উপলদ্ধি করা যায় যে, উৎকৃষ্ট হইতে উৎকৃষ্টতর ও পূর্ণ হইতে পূর্ণতর জীবন লাভের জন্য মৃত্যুর পরেও জীবনের প্রবহমানতা থাকা প্রয়োজন।

وَمِنۡ اٰیٰتِہٖ خَلۡقُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافُ اَلۡسِنَتِکُمۡ وَاَلۡوَانِکُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّلۡعٰلِمِیۡنَ ﴿۲۳﴾

২৩
এবং তাঁহার নিদর্শনাবলীর মধ্যে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করা এবং তোমাদের ভাষায় ও বর্ণে প্রভেদ সৃষ্টি করাও অন্যতম নিদর্শন। নিশ্চয় ইহার মধ্যে জ্ঞানী লোকদের জন্য বহু নিদর্শন আছে।২২৭৯
২২৭৯। মানুষের ভাষা ও বর্ণের বিভিন্নতার সহিত তাহার উন্নতি অঙ্গাঙ্গীভাবে জড়িত। এই বিভিন্নতা সুপরিকল্পিত, যাহার পশ্চাতে পরিকল্পনাকারীর অস্তিত্ব বিদ্যমান। আকাশমালা ও বিশ্বজগত সেই পরিকল্পনাকারীর সৃষ্টি। বর্ণের ও ভাষার বিভিন্নতার ফলে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির আগমন-নির্গমন ঘটিয়া চলিয়াছে, কিন্তু তবুও এই বিভিন্নতার অন্তরালে স্থায়ীভাবে প্রবহমান রহিয়াছে একটি বিরাট একতা—মানবতার ঐক্য। আর মানবতার এই ঐক্য যুক্তি-গ্রাহ্যভাবে আমাদিগকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে যে, সৃষ্টিকর্তাও একজনই।

وَمِنۡ اٰیٰتِہٖ مَنَامُکُمۡ بِالَّیۡلِ وَالنَّہَارِ وَابۡتِغَآؤُکُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّسۡمَعُوۡنَ ﴿۲۴﴾

২৪
এবং তাঁহার নিদর্শনাবলীর মধ্যে রাত্রিকাল ও দিবাভাগে তোমাদের নিদ্রা এবং তাঁহার অনুগ্রহ লাভের জন্য তোমাদের প্রচেষ্টা করাও অন্যতম নিদর্শন। নিশ্চয় ইহার মধ্যেও বহু নির্দশন আছে ঐ সকল লোকের জন্য যাহারা শ্রবণ করে।

وَمِنۡ اٰیٰتِہٖ یُرِیۡکُمُ الۡبَرۡقَ خَوۡفًا وَّطَمَعًا وَّیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَیُحۡیٖ بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۲۵﴾

২৫
এবং তাঁহার নিদর্শনসমূহ হইতে ইহাও যে, তিনি তোমাদিগকে তোমাদের মধ্যে ভয় ও আশা সঞ্চারের জন্য বিদ্যুৎ প্রদর্শন করেন,২২৮০ এবং আকাশ হইতে পানি বর্ষণ করেন, অনন্তর ইহা দ্বারা যমীনকে ইহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয় ইহার মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য বহু নিদর্শন আছে।
২২৮০। আকাশে বিদ্যুৎ-চমকানোর মধ্যেও মঙ্গল রহিয়াছে। ইহা বৃষ্টির আগমন বার্তা ঘোষণা করে যাহা জমিতে উর্বরতা ও ফসল আনয়ন করতঃ মানুষকে সম্পদশালী করে। বিদুৎ-চমকানো দ্বারা বহু প্রকারের রোগ-জীবাণু মারা পড়ে এবং ফসল বিনাশকারী পোকামাকড় ধ্বংস প্রাপ্ত হয়। তাই ভীতি-উৎপাদক হইলেও ইহা মানুষের বহু উপকারও সাধন করে। এইরূপে প্রকৃতির প্রতিটি বস্তু ঐশী পরিকল্পনা মোতাবেক ইহার স্বীয় কর্তব্য-কর্ম সম্পাদন করিয়া চলিয়াছে এবং সেই সুবাদে আল্লাহ্‌র অস্তিত্ব, আল্লাহ্‌র প্রজ্ঞা ও সর্বশক্তিমানতা ঘোষণা করিয়া যাইতেছে।

وَمِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ تَقُوۡمَ السَّمَآءُ وَالۡاَرۡضُ بِاَمۡرِہٖ ؕ ثُمَّ اِذَا دَعَاکُمۡ دَعۡوَۃً ٭ۖ مِّنَ الۡاَرۡضِ ٭ۖ اِذَاۤ اَنۡتُمۡ تَخۡرُجُوۡنَ ﴿۲۶﴾

২৬
এবং তাঁহার নিদর্শনসমূহের অন্তর্গত ইহাও যে, তাঁহার আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে।২২৮১ অতঃপর যখন তিনি তোমাদিগকে ভূপৃষ্ঠ হইতে বাহির হওয়ার জন্য আহ্বান করিবেন তখন দেখ! সহসা তোমরা যমীন হইতে বাহির হইয়া আসিবে।
২২৮১। কোটি কোটি যুগ পূর্বে সৌরমণ্ডল অস্তিত্ব লাভ করিয়াছিল, কিন্তু আজও তাহা সামান্য বিকল হয় নাই। এইরূপই আল্লাহ্‌র সৃষ্টি কৌশল যে দৃশ্যতঃ কোনও কিছুর উপর ভর না দিয়াই শূন্য পথে আপনাপন কক্ষ পথে যাত্রারত রহিয়াছে অগণিত গ্রহ-তারা ও নক্ষত্ররাজি।

وَلَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ کُلٌّ لَّہٗ قٰنِتُوۡنَ ﴿۲۷﴾

২৭
এবং আকাশসমূহে ও পৃথিবীতে যাহারা আছে তাহারা সকলেই তাঁহার। তাহারা সকলেই তাঁহার অনুগত।২২৮২
২২৮২। ইহা মানুষের ধারণারও বাহিরে যে, কোন সুদুর অতীতে এই জগতের সৃষ্টি হইয়াছিল। সেই অজানা-অজ্ঞেয় অতীত কাল হইতে এই সূর্য উহার গ্রহগুলিকে সাথে নিয়া নিজ গতি পথে একইভাবে অবিরাম চলিতেছে। কোথাও যতি নাই, নিয়ম ভঙ্গ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। কী অনুপম! এইরূপ লাখ লাখ সৌরজগত মহাশূন্যে ভাসিতেছে। কোথাও দ্বন্দ্ব নাই, সংঘর্ষ নাই। নিয়ম-শৃঙ্খলার কী অপূর্ব সমাবেশ! পরিপূর্ণতা ও সম্পূর্ণতার কি অচিন্তনীয় রূপায়ন! ‘তাহারা সকলেই তাঁহার অনুগত’ বাক্যটির অর্থ ইহাই।

وَہُوَ الَّذِیۡ یَبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ وَہُوَ اَہۡوَنُ عَلَیۡہِ ؕ وَلَہُ الۡمَثَلُ الۡاَعۡلٰی فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۲۸﴾

২৮
বস্তুতঃ তিনিই সৃষ্টিকে প্রথম বার উদ্ভব করেন, অতঃপর তিনিই ইহার পুনরাবর্তন করেন, এবং ইহা তাঁহার জন্য অতি সহজ বিষয় এবং আকাশসমূহে ও পৃথিবীতে সর্বোচ্চ শান-মর্যাদা তাঁহারই, এবং তিনিই মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আর্‌ রূম - রুকু ৩

ضَرَبَ لَکُمۡ مَّثَلًا مِّنۡ اَنۡفُسِکُمۡ ؕ ہَلۡ لَّکُمۡ مِّنۡ مَّا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ مِّنۡ شُرَکَآءَ فِیۡ مَا رَزَقۡنٰکُمۡ فَاَنۡتُمۡ فِیۡہِ سَوَآءٌ تَخَافُوۡنَہُمۡ کَخِیۡفَتِکُمۡ اَنۡفُسَکُمۡ ؕ کَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۲۹﴾

২৯
তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হইতে এক উপমা বর্ণনা করিতেছেন। তোমাদের দক্ষিণ হস্ত যাহাদের মালিক হইয়াছে তাহাদের মধ্য হইতে কেহ কি ঐ ধন-সম্পদে, যাহা আমি তোমাদিগকে দিয়াছি, তোমাদের সমতুল্য শরীক হয়, এমনভাবে যে, তোমরা সকলেই (মালিক ও দাস) উহাতে সমান হইয়া যাও,২২৮৩ এবং তোমরা তাহাদিগকে (দাসদিগকে) এমনভাবে ভয় কর যেভাবে তোমরা পরস্পরকে ভয় করিয়া থাক? এইরূপে আমরা বুদ্ধিমান জাতির জন্য নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করিয়া থাকি।
২২৮৩। এই আয়াতে বলা হইয়াছে যে, একই মানব-গোষ্ঠির অন্তর্ভুক্ত হওয়া সত্বেও, প্রভু এবং তাহার ভৃত্য যেমন সমান বা সম-অধিকারী হয় না এবং প্রভু তাহার নিজের সম্পদ ভূত্যের সাথে বন্টন করিয়া অংশীদারিত্ব বরণ করে না, তেমনি আল্লাহ্ যিনি সব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্তা, তিনি এই বিশ্বের নিয়ন্ত্রণের ক্ষমতা কাহারও সাথে ভাগাভাগি করেন না। তিনি অংশীদারিত্বের সম্পূর্ণ উর্ধ্বে।

بَلِ اتَّبَعَ الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اَہۡوَآءَہُمۡ بِغَیۡرِ عِلۡمٍ ۚ فَمَنۡ یَّہۡدِیۡ مَنۡ اَضَلَّ اللّٰہُ ؕ وَمَا لَہُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿۳۰﴾

৩০
বরং প্রকৃত কথা এই যে, যালেম লোকেরা অজ্ঞানতাবশতঃ নিজেদেরই প্রবৃত্তির অনুসরণ করিয়া চলিয়াছে। এবং আল্লাহ্ যাহাকে বিপথগামী করেন, কে আছে যে তাহাকে হেদায়াত করিবে? বস্তুতঃ কেহই তাহাদের সাহায্যকারী হইবে না।