২৮

القصص

সূরা আল্‌ কাসাস্‌

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৯ রুকু আছে।

وَقَالَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ وَیۡلَکُمۡ ثَوَابُ اللّٰہِ خَیۡرٌ لِّمَنۡ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ وَلَا یُلَقّٰہَاۤ اِلَّا الصّٰبِرُوۡنَ ﴿۸۱﴾

৮১
এবং যাহারা জ্ঞানী ছিল তাহারা বলিল ‘তোমাদের সর্বনাশ! আল্লাহ্‌র পুরস্কার ঐ ব্যক্তির জন্য উত্তম যে ঈমান আনে এবং সৎকর্ম করে, এইরূপ পুরস্কার শুধু ধৈর্যশীল ব্যক্তিগণই পাইয়া থাকে।’

فَخَسَفۡنَا بِہٖ وَبِدَارِہِ الۡاَرۡضَ ۟ فَمَا کَانَ لَہٗ مِنۡ فِئَۃٍ یَّنۡصُرُوۡنَہٗ مِنۡ دُوۡنِ اللّٰہِ ٭ وَمَا کَانَ مِنَ الۡمُنۡتَصِرِیۡنَ ﴿۸۲﴾

৮২
অতঃপর আমরা তাহাকে ও তাহার বাস-গৃহকে ভূগর্ভে প্রোথিত করিয়া দিলাম; তখন তাহার এমন কোন দল ছিল না, যাহারা আল্লাহ্‌র মোকাবেলায় তাহার সাহায্য করিতে পারিত, এবং সে কোন ক্রমেই আত্মরক্ষাকারীদের অন্তর্ভুক্ত হইতে পারিল না।

وَاَصۡبَحَ الَّذِیۡنَ تَمَنَّوۡا مَکَانَہٗ بِالۡاَمۡسِ یَقُوۡلُوۡنَ وَیۡکَاَنَّ اللّٰہَ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ وَیَقۡدِرُ ۚ لَوۡلَاۤ اَنۡ مَّنَّ اللّٰہُ عَلَیۡنَا لَخَسَفَ بِنَا ؕ وَیۡکَاَنَّہٗ لَا یُفۡلِحُ الۡکٰفِرُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
এবং যাহারা গতকাল পর্যন্ত তাহার স্থানে হওয়ার কামনা করিয়াছিল, তাহারা বলিতে লাগিল, ‘সর্বনাশ! নিশ্চয় আল্লাহ্‌ নিজ বান্দাগণের মধ্যে যাহার জন্য চাহেন রিয্‌ক প্রসারিত করিয়া দেন এবং যাহার জন্য চাহেন সংকীর্ণ করিয়া দেন। আল্লাহ্ যদি আমাদের উপর অনুগ্রহ না করিতেন তাহা হইলে নিশ্চয় তিনি আমাদিগকেও ভূগর্ভে প্রোথিত করিয়া দিতেন, সর্বনাশ! নিশ্চয় কাফেরগণ কখনও সফলকাম হয় না।’
সূরা আল্‌ কাসাস্‌ - রুকু ৮

تِلۡکَ الدَّارُ الۡاٰخِرَۃُ نَجۡعَلُہَا لِلَّذِیۡنَ لَا یُرِیۡدُوۡنَ عُلُوًّا فِی الۡاَرۡضِ وَلَا فَسَادًا ؕ وَالۡعَاقِبَۃُ لِلۡمُتَّقِیۡنَ ﴿۸۴﴾

৮৪
ইহা পরকালের বাসগৃহ, ইহা আমরা তাহাদের জন্যই অবধারিত করি যাহারা পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ এবং ফাসাদ সৃষ্টি করিতে চাহে না। এবং উত্তম পরিণাম মুত্তাকীগণের জন্যই।

مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَہٗ خَیۡرٌ مِّنۡہَا ۚ وَمَنۡ جَآءَ بِالسَّیِّئَۃِ فَلَا یُجۡزَی الَّذِیۡنَ عَمِلُوا السَّیِّاٰتِ اِلَّا مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۸۵﴾

৮৫
যে কেহ ভাল কাজ করিবে, তাহাকে উহা অপেক্ষা উৎকৃষ্টতর প্রতিদান দেওয়া হইবে এবং যে মন্দ কাজ করিবে তাহাকে কেবল তাহার কৃত-কর্ম অনুযায়ীই প্রতিফল দেওয়া হইবে।২২৩৪
২২৩৪। ক্ষতিপূরণের ঐশী-বিধান এইরূপে কাজ করে যে, কার্যতঃ যখন সৎ কাজের পুরস্কার বহু গুণে বেশী হয়, তদ্বিপরীতে মন্দ কর্মের শাস্তি দোষী ব্যক্তির প্রাপ্ত শাস্তি অপেক্ষা কম হয় অথবা খুব বেশী হইলে ইহার সমপরিমাণ হয়।

اِنَّ الَّذِیۡ فَرَضَ عَلَیۡکَ الۡقُرۡاٰنَ لَرَآدُّکَ اِلٰی مَعَادٍ ؕ قُلۡ رَّبِّیۡۤ اَعۡلَمُ مَنۡ جَآءَ بِالۡہُدٰی وَمَنۡ ہُوَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۸۶﴾

৮৬
নিশ্চয় যিনি তোমার উপর কুরআনকে ফরয করিয়াছেন, তিনিই তোমাকে প্রত্যাবর্তনস্থলে পুনরায় ফিরাইয়া আনিবেন।২২৩৫ তুমি বল, ‘আমার প্রভু সেই ব্যক্তিকে খুব ভালভাবে জানেন যে হেদায়াতসহ আগমন করিয়াছে, এবং তাহাকেও, যে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত আছে।’
২২৩৫। কোন কোন পণ্ডিত ব্যক্তির মতে এই আয়াত নাযেল হইয়াছিল যখন নবী করীম (সাঃ) মক্কা হইতে মদীনা যাওয়ার পথে ছিলেন। ইহাতে এক মহান ভবিষ্যদ্বাণী নিহিত ছিল যে একদিন তাঁহাকে মক্কা ছাড়িয়া যাইতে হইবে এবং তৎপর পরিণামস্বরূপ তিনি বিজয়ীর বেশে ইহাতে প্রত্যাবর্তন করিবেন। আয়াতটি এই সূরার উপযুক্ত পরিশিষ্ট উপস্থাপন করিয়াছে। উক্ত সূরা আঁ-হযরত (সাঃ)-এর সদৃশ মূসা (আঃ)-এর জীবনেতিহাসের কিছুটা বৃত্তান্ত দিয়াছে। মূসা (আঃ) মিশর হইতে হিজরত করিয়াছিলেন এবং মিদিয়ানে দশ বৎসর বসবাস করিয়াছিলেন—ঐবৎসরগুলি ছিল তাঁহার সম্মুখে অপেক্ষমান মহান কর্মের জন্য প্রস্তুতিপর্ব। তৎপর তিনি ঐশী বাণী নিয়া মিশর ফিরিয়া গেলেন এবং ফেরাউনের দাসত্ব বন্ধন হইতে ইসরাঈলীদিগকে মুক্ত করিতে কৃতকার্য হইলেন। অনুরূপভাবে নবী করীম (সাঃ) মক্কা হইতে হিজরত করিয়াছিলেন এবং তাঁহার জীবনের অতি মূল্যবান দশটি বছর মদীনায় অতিবাহিত করিয়াছিলেন। সে সময়কাল ছিল, তাঁহার বিশ্বাসের কেন্দ্র এবং আশ্রয়স্থল মক্কার বিজয়ের মহান লক্ষ্যে প্রস্তুতির সময়। তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরিয়া গেলেন এবং তাঁহার জীবনের ব্রত সম্পূর্ণভাবে সফল হইল।

وَمَا کُنۡتَ تَرۡجُوۡۤا اَنۡ یُّلۡقٰۤی اِلَیۡکَ الۡکِتٰبُ اِلَّا رَحۡمَۃً مِّنۡ رَّبِّکَ فَلَا تَکُوۡنَنَّ ظَہِیۡرًا لِّلۡکٰفِرِیۡنَ ﴿۫۸۷﴾

৮৭
এবং তুমি কখনও আশা করিতে না যে, তোমার প্রতি এক পরিপূর্ণ কিতাব নাযেল করা হইবে, কিন্তু ইহা কেবল তোমার প্রভুর পক্ষ হইতে রহমত স্বরূপ, অতএব তুমি কখনও কাফেরদের সাহায্যকারী হইও না।

وَلَا یَصُدُّنَّکَ عَنۡ اٰیٰتِ اللّٰہِ بَعۡدَ اِذۡ اُنۡزِلَتۡ اِلَیۡکَ وَادۡعُ اِلٰی رَبِّکَ وَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿ۚ۸۸﴾

৮৮
এবং আল্লাহ্‌র আয়াতসমূহ তোমার উপর নাযেল হওয়ার পর উহা হইতে তাহারা যেন তোমাকে নিবৃত্ত করিতে না পারে, এবং তুমি তোমার প্রভুর দিকে (মানব জাতিকে) আহ্বান কর, এবং তুমি কখনও মোশরেকদের মধ্যে শামেল হইও না।

وَلَا تَدۡعُ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ ۘ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۟ کُلُّ شَیۡءٍ ہَالِکٌ اِلَّا وَجۡہَہٗ ؕ لَہُ الۡحُکۡمُ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿٪۸۹﴾

৮৯
এবং তুমি আল্লাহ্‌র সহিত অন্য কোন মা’বূদকে ডাকিও না। তিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নাই। তাহার সত্তা ব্যতীত সব কিছু ধ্বংসশীল;২২৩৬ সকল হুকুম (দেওয়ার অধিকার) তাঁহারই এবং তোমাদের সকলকে তাঁহারই দিকে ফিরাইয়া লইয়া যাওয়া হইবে।
সূরা আল্‌ কাসাস্‌ - রুকু ৯
২২৩৬। ‘ওয়াজহুন্‌’ অর্থ সত্তা স্বয়ং; চেহারা; দলনেতা; কোন উদ্দেশে কাহারও লাগিয়া থাকা; কাহারও কোন স্থানে যাওয়া বা তাহার মনোযোগ দেওয়া; খুশী; অনুগ্রহ; নিমিত্ত; ইত্যাদি (লেইন)।