২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۹۱﴾

১৯১
নিশ্চয় ইহাতে বড় নিদর্শন আছে; কিন্তু তাহাদের অধিকাংশ লোকই ঈমান আনে না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۹۲﴾٪

১৯২
এবং নিশ্চয়ই তোমার প্রভু মহা পরাক্রমশালী ও পরম দয়াময়।
সূরা আশ্‌ শো’আরা - রুকু ১০

وَاِنَّہٗ لَتَنۡزِیۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۹۳﴾ؕ

১৯৩
এবং নিশ্চয় ইহা (এই কুরআন) সকল জগতের প্রতিপালকের তরফ হইতে নাযেল করা হইয়াছে।২১৩২
২১৩২। এই আয়াতের অভিপ্রায় এইরূপ যে, কুরআনের নুযুল (অবতীর্ণ হওয়া) নূতন কোন ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার নহে। উপরে বর্ণিত নবীগণের নিকট প্রেরিত ঐশী-বাণীর মত কুরআনের বাণীসমূহও আল্লাহ্‌তা’লারই প্রত্যাদেশ। কিন্তু পার্থক্য কেবল এই যে, পূর্ববর্তী নবীগণ স্ব স্ব জাতির জন্য প্রত্যাদিষ্ট হইয়াছিলেন, কিন্তু কুরআন করীম পৃথিবীর সমগ্র জাতির জন্য নাযেল হইয়াছে; কারণ ইহা ‘সমগ্র বিশ্বের প্রতিপালকের পক্ষ হইতে নাযেল হইয়াছে’ বলিয়া ঘোষণা করা হইয়াছে।

نَزَلَ بِہِ الرُّوۡحُ الۡاَمِیۡنُ ﴿۱۹۴﴾ۙ

১৯৪
বিশ্বস্ত ‘রূহুল আমীন’২১৩৩  (জিবরাঈল) ইহাকে লইয়া নাযেল হইয়াছে,—
২১৩৩। কুরআন মজীদের আয়াতসমূহ যে ফিরিশ্‌তা বহন করিয়াছিলেন তাঁহাকে এই আয়াতে ‘রূহুল আমীন’ অর্থ পরম বিশ্বস্ত আত্মারূপে আখ্যায়িত করা হইয়াছে। অন্যত্র তাঁহাকে ‘রূহুল কুদুস’ অর্থ পবিত্র আত্মা বলা হইয়াছে (১৬ঃ১০৩)। পরবর্তী বিশেষণ বা গুণবাচক উক্তির দ্বারা কুরআন প্রত্যেক ভুল-ত্রুটি হইতে পূর্ণভাবে মুক্ত বলিয়া ব্যক্ত হইয়াছে। পূর্ববর্তী বিশেষণ ‘রূহুল আমীন’-এর ব্যবহার করিয়া ইহাই ইঙ্গিত করে যে, ইহার পাঠ্য-সূচী ও মযমূন সর্বপ্রকার অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে ঐশী আশ্রয়ে অবিকৃতভাবে সংরক্ষিত থাকিবে। এই গুণবাচক উক্তি একমাত্র কুরআনের বাণী সম্বন্ধেই ব্যবহৃত হইয়াছে, কেননা অন্যান্য ঐশী গ্রন্থ সম্পর্কে চিরস্থায়ী ঐশী সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয় নাই এবং সময়ের ব্যবধানে উহাদের পাঠ্যাংশ মানুষের অবৈধ হস্তক্ষেপে কলুষিত। অতীব আশ্চর্যের বিষয় এই যে, হযরত নবী করীম (সাঃ) নিজেই মক্কায় ‘আল্-আমীন’ অর্থাৎ বিশ্বস্তরূপে পরিচিত ছিলেন। ইহা কুরআনের নির্ভরযোগ্যতা সম্বন্ধে কী মহান এবং সপ্রশংস সমর্থনসূচক ঐশী উপহারবাণী! কী পবিত্র ঐশী সাক্ষ্য যে, কুরআনের ওহী এক ‘আমীন’ কর্তৃক আর এক ‘আমীন’-এর নিকট আনা হইয়াছিল!

عَلٰی قَلۡبِکَ لِتَکُوۡنَ مِنَ الۡمُنۡذِرِیۡنَ ﴿۱۹۵﴾

১৯৫
তোমার হৃদয়ের উপর,২১৩৪ যেন তুমি সতর্ককারী হইতে পার,
২১৩৪। ‘আলা ক্বালবেকা’ অর্থ তোমার হৃদয়ের উপর, শব্দগুলি যোগ হইয়া ইহাই স্পষ্ট করিয়াছে যে, কুরআনের ওহী হযরত নবী করীম (সাঃ)-এর মনের অনুপ্রাণিত এবং নিজস্ব শব্দে প্রকাশিত ধারণা নহে; বরং আল্লাহ্‌তা’লার স্ব-উচ্চারিত শব্দ যাহা জিব্‌রাঈল ফিরিশ্‌তার মাধ্যমে আঁ-হযরত (সাঃ)-এর হৃদয়ের উপর নাযেল হইয়াছিল।

بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیۡنٍ ﴿۱۹۶﴾ؕ

১৯৬
সুস্পষ্ট প্রাঞ্জল আরবী ভাষায়।

وَاِنَّہٗ لَفِیۡ زُبُرِ الۡاَوَّلِیۡنَ ﴿۱۹۷﴾

১৯৭
এবং নিশ্চয় ইহার উল্লেখ পূর্ববর্তীদের২১৩৫ কিতাবসমূহেও ছিল।
২১৩৫। পূর্ববর্তী ঐশী কিতাবসমূহের মধ্যে ইসলামের পবিত্র নবী (সাঃ)-এর আবির্ভাব এবং কুরআনের ওহী সম্পর্কে পূর্বাভাস রহিয়াছে। এই বিষয়ে প্রায় প্রত্যেক ধর্মের কিতাবগুলিতে কিছু ভবিষ্যদ্বাণী পাওয়া যায়, কিন্তু কুরআনের পূর্বে ঐশী কিতাবের মধ্যে সর্বাধিক পরিচিত ও সর্বাপেক্ষা বেশী পঠিত কুরআনের অগ্রদূতরূপে বাইবেল ইহার মৌলিক অনাবিলতার সহিত ঐশী বিধানের সম্পূরক অংশরূপে এই সকল ভবিষ্যদ্বাণীর সর্বাধিক সংখ্যা বহন করে। দেখুন বাইবেলের পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ ১৮ঃ১৮ এবং ৩৩ঃ২, যিশাইয় ২১ঃ১৩-১৭; সোলায়মান (আঃ)-এর গীত সংহিতা-১ঃ৫-৬, হবক্কুক ৩ঃ৩-৫, মথি ২১ঃ৪২-৪৫ এবং যোহন-১৬ঃ১২-১৪।

اَوَلَمۡ یَکُنۡ لَّہُمۡ اٰیَۃً اَنۡ یَّعۡلَمَہٗ عُلَمٰٓؤُا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿۱۹۸﴾ؕ

১৯৮
তাহাদের জন্য কি ইহা নিদর্শন নহে যে, বনী ইসরাঈলের আলেমগণও ইহা জানে?

وَلَوۡ نَزَّلۡنٰہُ عَلٰی بَعۡضِ الۡاَعۡجَمِیۡنَ ﴿۱۹۹﴾ۙ

১৯৯
যদি আমরা ইহা কোন অনারবের উপর অবতীর্ণ করিতাম,

فَقَرَاَہٗ عَلَیۡہِمۡ مَّا کَانُوۡا بِہٖ مُؤۡمِنِیۡنَ ﴿۲۰۰﴾ؕ

২০০
এবং সে ইহা তাহাদের নিকট পাঠ করিয়া শুনাইত; তাহা হইলে তাহারা কখনও ইহার উপর ঈমান আনিত না।