২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

وَاِذۡ نَادٰی رَبُّکَ مُوۡسٰۤی اَنِ ائۡتِ الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۱﴾

১১
এবং (স্মরণ কর) যখন তোমার প্রভু মূসাকে ডাকিয়া বলিয়াছিলেন, ‘তুমি যালেম জাতির নিকট যাও —

قَوۡمَ فِرۡعَوۡنَ ؕ اَلَا یَتَّقُوۡنَ ﴿۱۲﴾

১২
ফেরাউনের জাতির নিকট। তাহারা কি তাক্‌ওয়া অবলম্বন করিবে না?’

قَالَ رَبِّ اِنِّیۡۤ اَخَافُ اَنۡ یُّکَذِّبُوۡنِ ﴿ؕ۱۳﴾

১৩
সে বলিল, ‘হে আমার প্রভু! আমি ভয় করিতেছি যে, তাহারা আমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিবে;

وَیَضِیۡقُ صَدۡرِیۡ وَلَا یَنۡطَلِقُ لِسَانِیۡ فَاَرۡسِلۡ اِلٰی ہٰرُوۡنَ ﴿۱۴﴾

১৪
এবং আমার বক্ষঃ সংকুচিত হইতেছে,২০৯৮  তাছাড়া আমার জিহ্বায় (জড়তা থাকার কারণে) কথা পরিস্ফুট হয় না, অতএব হারূনের প্রতিও প্রত্যাদেশ প্রেরণ কর;
২০৯৮। হযরত মূসা (আঃ) বোধ হয় মনে করিয়াছিলেন যে বিরাট গুরুদায়িত্ব তাঁহার উপর অর্পিত হইয়াছিল, তিনি উহা বহন করিবার জন্য সম্পূর্ণ সক্ষম নহেন। নবুওয়াতের দায়িত্ব নিঃসন্দেহে অত্যন্ত কঠোর গুরুভার। প্রথম ওহী নাযেল হওয়ার মুহূর্তে মহান নবী করীম (সাঃ)-ও আতংকগ্রস্ত হইয়াছিলেন।

وَلَہُمۡ عَلَیَّ ذَنۡۢبٌ فَاَخَافُ اَنۡ یَّقۡتُلُوۡنِ ﴿ۚ۱۵﴾

১৫
ইহা ছাড়া আমার বিরুদ্ধে তাহাদের এক অভিযোগও আছে,২০৯৯ অতএব আমার ভয় হয় যে, তাহারা আমাকে হত্যা করিবে।’
২০৯৯। এই শব্দ প্রতীয়মান করে যে, ফেরাউনের লোকেরা একজন মিশরীয়কে হত্যার অভিযোগে হযরত মূসা (আঃ)-কে অভিযুক্ত করিয়াছিল। এই ঘটনা যাত্রা-পুস্তকের ২ঃ১১-১৫ এর মধ্যে বর্ণিত আছে এবং কুরআনেও ২৮ঃ১৬-২১ আয়াতে উল্লেখিত হইয়াছে, যেখানে বর্ণিত আছে যে, ইহা পরিকল্পিত বা স্বেচ্ছাকৃত হত্যা ছিল না। মূসা (আঃ) একজন ইসরাঈলীকে রক্ষা করিতেছিলেন এবং এই এলোপাতাড়ি হাতাহাতির মধ্যে শেষোক্ত ব্যক্তি ঘটনাক্রমে নিহত হইয়াছিল।

قَالَ کَلَّا ۚ فَاذۡہَبَا بِاٰیٰتِنَاۤ اِنَّا مَعَکُمۡ مُّسۡتَمِعُوۡنَ ﴿۱۶﴾

১৬
তিনি বলিলেন, ‘কখনও না; অতএব তোমরা উভয় আমাদের আয়াতসমূহ লইয়া চলিয়া যাও, নিশ্চয় আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা (তোমাদের দোয়া) শুনিব।’

فَاۡتِیَا فِرۡعَوۡنَ فَقُوۡلَاۤ اِنَّا رَسُوۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۱۷﴾

১৭
‘অতএব তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও এবং তাহাকে বল, ‘নিশ্চয় আমরা সমগ্র জগতের প্রতিপালক কর্তৃক প্রেরিত রসূল;২১০০
২১০০। অত্র আয়াতের ‘রসূল’ শব্দ এক বচন, অথচ কর্তা ‘ইন্না’ এবং ক্রিয়া দ্বিবচনে রহিয়াছে। আরবী ভাষায় কখনও কখনও দ্বিবচনে অথবা বহু বচনে কর্তার জন্য এক বচন ব্যবহার সিদ্ধ (বায়ান)। আরো দেখুন ২৬ঃ৭৮।

اَنۡ اَرۡسِلۡ مَعَنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۱۸﴾

১৮
(তোমাকে এই কথা বলার জন্য) যে, তুমি বনী ইসরাঈলকে আমাদের সহিত পাঠাইয়া দাও।’

قَالَ اَلَمۡ نُرَبِّکَ فِیۡنَا وَلِیۡدًا وَّلَبِثۡتَ فِیۡنَا مِنۡ عُمُرِکَ سِنِیۡنَ ﴿ۙ۱۹﴾

১৯
সে বলিল, ‘আমরা কি তোমাকে শৈশবকালে আমাদের মধ্যে লালনপালন করি নাই? এবং অবশ্য তুমি তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে অবস্থান করিয়াছ;

وَفَعَلۡتَ فَعۡلَتَکَ الَّتِیۡ فَعَلۡتَ وَاَنۡتَ مِنَ الۡکٰفِرِیۡنَ ﴿۲۰﴾

২০
এবং তুমি এক কার্য করিয়াছ, এমন এক কার্য করিয়াছ যাহা নিঃসন্দেহে তুমিই করিয়াছ তথাপি তুমি অকৃতজ্ঞদের অন্তর্গত হইতেছ।’২১০১
২১০১। মনে হয় হযরত মূসা (আঃ) কর্তৃক একজন মিশরীয় নিহত হওয়ার ঘটনার প্রতি এই আয়াত ইশারা করিতেছে। ফেরাউন নিজেকে ও তাহার জাতি মিশরীয়দিগকে ইসরাঈলীগণের ‘মোহসেন’ এবং মহা উপকারী বলিয়া মনে করিত এবং একজন মিশরীয়কে হত্যার দরুণ হযরত মূসা (আঃ)-কে অকৃতজ্ঞরূপে অভিযুক্ত করিয়াছিল।