২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۱۱﴾ؕ

১১১
সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।’

قَالُوۡۤا اَنُؤۡمِنُ لَکَ وَاتَّبَعَکَ الۡاَرۡذَلُوۡنَ ﴿۱۱۲﴾ؕ

১১২
তাহারা বলিল, ‘আমরা কি তোমার উপর ঈমান আনিব, অথচ অতি নিকৃষ্ট শ্রেণীর লোকেরাই তোমার অনুসরণ করিতেছে?’

قَالَ وَمَا عِلۡمِیۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۱۳﴾ۚ

১১৩
সে বলিল, ‘তাহারা কি করিত সেই সম্বন্ধে আমি কিরূপে জানিব?

اِنۡ حِسَابُہُمۡ اِلَّا عَلٰی رَبِّیۡ لَوۡ تَشۡعُرُوۡنَ ﴿۱۱۴﴾ۚ

১১৪
তাহাদের হিসাব-নিকাশ করার দায়িত্ব আমার প্রভুর উপর ন্যস্ত আছে, যদি তোমরা বুঝিতে;২১২৫
২১২৫। কুরআন করীম ইহার বিভিন্ন স্থানে বিশেষ অবস্থায় উপযোগী অর্থ প্রকাশ করিবার জন্য ক্ষেত্র বিশেষে পাঁচটি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করিয়াছে। সাধারণভাবে ইহারা সবই একরূপ, কিন্তু সূক্ষ্ম অর্থের দিক দিয়া ইহারা ভিন্ন ভিন্ন। শব্দগুলি হইতেছে ‘শুউর’ অর্থ কোন বস্তুর বিশেষ ক্ষুদ্রতম অংশ জানার জন্য যে কোন ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা (২ঃ১৫৫); ‘আক্‌ল’ অর্থ যে কোন ব্যক্তিকে অসৎ পথ অবলম্বনে বিরত রাখা (১২ঃ৩); ‘ফিক্‌র’ অর্থ কোন বিষয়ে অনুধাবন করা এবং গভীর ভাবে বিবেচনা করা (৬ঃ৫১); ‘তাফাক্কুহ্‌’ অর্থ জ্ঞান অর্জনে একনিষ্ঠভাবে পরিশ্রম করা এবং ইহাতে বিশারদ হওয়া (৯ঃ১২২); এবং ‘তাদাব্বুর’ অর্থ কোন কিছুতে জ্ঞান বা দক্ষতা অর্জন করার জন্য বিবেচনা করা, বিচার-বিশ্লেষণ বা অধ্যায়ন করা (৪ঃ৮৩)।

وَمَاۤ اَنَا بِطَارِدِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۵﴾ۚ

১১৫
এবং আমি মো’মেনদিগকে তাড়াইয়া দিতে পারি না,২১২৫-ক
২১২৫-ক। জীবনের মূল্যায়ন করার ক্ষেত্রে আল্লাহ্‌র নবী-রসূলগণের এবং দুনিয়াদার লোকদিগের বিচারের মানদণ্ড ভিন্ন ভিন্ন। প্রথমোক্ত ব্যক্তি একজন মানুষের মূল্য এবং যোগ্যতা বিচার করে তাহার ক্রিয়া ও কর্ম দ্বারা, শেষোক্ত বিবেচনা করে তাহার পার্থিব সম্পদ এবং তাহার সামাজিক মর্যাদা দ্বারা।

اِنۡ اَنَا اِلَّا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۱۱۶﴾ؕ

১১৬
আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী মাত্র।’

قَالُوۡا لَئِنۡ لَّمۡ تَنۡتَہِ یٰنُوۡحُ لَتَکُوۡنَنَّ مِنَ الۡمَرۡجُوۡمِیۡنَ ﴿۱۱۷﴾ؕ

১১৭
তাহারা বলিল, ‘হে নূহ! যদি তুমি নিবৃত্ত না হও তাহা হইলে নিশ্চয় তুমি প্রস্তরাঘাতে নিহত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইবে।’

قَالَ رَبِّ اِنَّ قَوۡمِیۡ کَذَّبُوۡنِ ﴿۱۱۸﴾ۚۖ

১১৮
সে বলিল, ‘হে আমার প্রভু! নিশ্চয় আমার জাতি আমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে,

فَافۡتَحۡ بَیۡنِیۡ وَبَیۡنَہُمۡ فَتۡحًا وَّنَجِّنِیۡ وَمَنۡ مَّعِیَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۹﴾

১১৯
সুতরাং তুমি আমার ও তাহাদের মধ্যে প্রকাশ্য মীমাংসা কর এবং আমাকে ও আমার সঙ্গী মো’মেনগণকে রক্ষা কর।’

فَاَنۡجَیۡنٰہُ وَمَنۡ مَّعَہٗ فِی الۡفُلۡکِ الۡمَشۡحُوۡنِ ﴿۱۲۰﴾ۚ

১২০
অতএব আমরা তাহাকে ও তাহার সঙ্গীদিগকে এক বোঝাই-করা নৌকায় রক্ষা করিয়াছিলাম।