২১

الأنبياء

সূরা আল্ আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৩ আয়াত এবং ৭ রুকু আছে।

وَمَا خَلَقۡنَا السَّمَآءَ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا لٰعِبِیۡنَ ﴿۱۷﴾

১৭
এবং আমরা আকাশকে এবং পৃথিবীকে এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে ঐ সকলকে ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই।১৮৭৫-ক
১৮৭৫-ক। এই বিশ্ব-জগৎ আমোদ-প্রমোদ এবং ক্রীড়াচ্ছলে সৃজিত হয় নাই। ইহার সৃজন সম্পর্কে সামান্যতম চিন্তা-ভাবনা ও বিচার-বিবেচনা ইহার সৃষ্টির অন্তরালে মহাজ্ঞানের রহস্য উদঘাটন করে। সৃষ্টির কেন্দ্র-বিন্দু এই মানবকেও অবশ্যই এক মহান ও পরম উদ্দেশ্য সিদ্ধির জন্য সুপরিকল্পিত ভাবে সৃষ্টি করা হইয়াছে। এই আয়াতের অন্তর্নিহিত মর্ম এই যে, পৃথিবীতে মানুষ আল্লাহ্‌তা’লার প্রতিনিধিত্বকারী। তাহাকে সৃষ্টি করা হইয়াছে দর্পণ-স্বরূপ,স্রষ্টার সুন্দর প্রতিচ্ছায়া মানবের নিজ সত্তায় প্রতিফলিত ও প্রতিবিম্বিত করিবার উদ্দেশ্যে (২ঃ৩১)।

لَوۡ اَرَدۡنَاۤ اَنۡ نَّتَّخِذَ لَہۡوًا لَّاتَّخَذۡنٰہُ مِنۡ لَّدُنَّاۤ ٭ۖ اِنۡ کُنَّا فٰعِلِیۡنَ ﴿۱۸﴾

১৮
যদি আমাদের আমোদ-প্রমোদ করার ইচ্ছা থাকিত তাহা হইলে নিশ্চয় আমরা আমাদের নিকট হইতেই উহার ব্যবস্থা করিয়া লইতাম, যদি একান্তই আমরা এইরূপ করিতে প্রয়াসী হইতাম।১৮৭৬
১৮৭৬। ইহা আল্লাহ্-রাব্বুল-আলামীনের মহত্ব, মর্যাদা ও বিচক্ষণতার পরিপন্থী যে, তিনি এক মহৎ অভীষ্ট লক্ষ্য ছাড়া এই বিশ্ব সৃষ্টি করিয়াছেন, অনর্থক এবং উদ্দেশ্যহীনভাবে কিছু করিয়াছেন।
সম্পূর্ণ সূরা দেখুন