النجم
An-Najm
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬৩ আয়াত এবং ৩ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
প্রায় সকল শীর্ষস্থানীয় আলেমের অভিমত হলো, এ সূরাটি নবুওয়তের পঞ্চম বছরে মুসলমানদের আবিসিনিয়াতে গিয়ে আশ্রয় গ্রহণের অল্পকাল পরে অবতীর্ণ হয়েছিল। নবুওয়তের পঞ্চম বছরের রজব মাসে মুসলমানরা আবিসিনিয়াতে গিয়ে প্রাণ বাঁচিয়েছিল। পূর্ববর্তী সূরাতে বাইবেলে প্রদত্ত ভবিষ্যদ্বাণী ও প্রাকৃতিক ঘটনা পরম্পরার ভিত্তিতে কুরআনের ঐশীবাণী হবার সত্যতা এবং মহানবী (সা.)-এর প্রেরিত হবার দাবির সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে। এ সূরাটিতেও একই বিষয়বস্তু অত্যন্ত সুন্দর ও সুদৃঢ়ভাবে বিবৃত হয়েছে। মহানবী (সা.)-কে শ্রেষ্ঠতম রসূল বলে বর্ণনা করে ব্যক্ত করা হয়েছে যে, মানুষের জন্য শেষ ও সর্বোৎকৃষ্ট হিদায়াত ও শিক্ষা সহকারে এই মহানবী (সা.) আল্লাহর তরফ থেকে আগমন করেছেন।
সূরার প্রারম্ভে মহানবী (সা.)-এর নবুওয়তের দাবির সমর্থনে ‘আন-নাজম’ এর পতনকে সাক্ষ্যরূপে উপস্থাপন করা হয়েছে। ঐশী রহস্যাবলিতে অভিষিক্ত মহানবী (সা.) ঐশী অনুগ্রহরাজি ও জ্ঞান এবং ঐশী সত্তার নিগূঢ় পরিচিতির ভাণ্ডার থেকে আকণ্ঠ সুধা পান করে আধ্যাত্মিক উন্নতির এমন কল্পনাতীত উচ্চতম চূড়ায় আরোহণ করেছিলেন, যাতে ওঠা অন্য মানবের জন্য সম্ভব নয়। তিনি মানবের জন্য প্রেম-প্রীতি-ভালোবাসা ও সহানুভূতিতে মানসিক ও আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হয়ে এমন এক জগতের কাছে তওহীদের বাণী প্রচারের কাজে নিয়োগপ্রাপ্ত হলেন, যারা হস্তনির্মিত কাঠের ও পাথরের পুতুলের পূজায় আপাদমস্তক নিমগ্ন ছিল। অতঃপর এ সূরা মানবজীবনের অকিঞ্চিৎকর প্রারম্ভকে দৃষ্টান্তরূপে উল্লেখ করে মানবেতিহাস ও মানব-বিবেক থেকে আল্লাহ তা’লার একত্বের স্বপক্ষে ও পৌত্তলিকতার অসারতা প্রতিপাদনে অতি শক্তিশালী, অটল ও অলঙ্ঘ্য যুক্তিমালার অবতারণা করেছে। এ নির্বোধ আচার-অনুষ্ঠান (প্রতিমাপূজা) ইত্যাদি প্রকৃত জ্ঞানের অভাব থেকে সৃষ্ট এবং এর যৌক্তিকতা এমন ভিত্তিহীন অনুমানের ওপর প্রতিষ্ঠিত যা সত্যের মোকাবিলায় কোনোই মূল্য রাখে না। তারপর সূরাটিতে বলা হয়েছে, মূর্তিপূজারিদের উচিত ছিল, ইবরাহীম (আ.), মূসা (আ.) এবং অন্যান্য নবীগণের জীবনবৃত্তান্ত থেকে শিক্ষা গ্রহণ করা। তাদের সমসাময়িক ইতিহাস থেকে প্রমাণিত হয় যে, পৌত্তলিকতার বিশ্বাস ও আচার-আচরণ পৌত্তলিকদেরকে সব সময়েই নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতনের দিকে ঠেলে দিয়েছে। অতঃপর ব্যক্তিগত দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তিকেই ব্যক্তিগতভাবে স্বীয় বোঝা বইতে এবং নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর সকলের শেষ গন্তব্যস্থল সেই একই আল্লাহ। সূরার শেষ দিকে অবিশ্বাসীদের প্রতি সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে যে, ঐশীবাণীকে যদি তারা ক্রমাগতভাবে প্রত্যাখ্যান করে চলে তাহলে তারাও নূহ (আ.)-এর জাতি, আদ ও সামূদ জাতির মতোই দুর্ভাগ্যের কবলে নিপতিত হবে, কেননা এটা একেবারে অবধারিত যে, মিথ্যা ধ্বংসপ্রাপ্ত হবে, এর ধ্বংস কেউ ঠেকাতে পারবে না।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالنَّجۡمِ اِذَا ہَوٰی ۙ﴿۲﴾
مَا ضَلَّ صَاحِبُکُمۡ وَمَا غَوٰی ۚ﴿۳﴾
اِنۡ ہُوَ اِلَّا وَحۡیٌ یُّوۡحٰی ۙ﴿۵﴾
عَلَّمَہٗ شَدِیۡدُ الۡقُوٰی ۙ﴿۶﴾
ذُوۡ مِرَّۃٍ ؕ فَاسۡتَوٰی ۙ﴿۷﴾
وَہُوَ بِالۡاُفُقِ الۡاَعۡلٰی ؕ﴿۸﴾
ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۙ﴿۹﴾
فَکَانَ قَابَ قَوۡسَیۡنِ اَوۡ اَدۡنٰی ۚ﴿۱۰﴾