طه
TaHa
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি নবুওয়তের গোড়ার দিকে মক্কাতে অবতীর্ণ হয়েছিল। হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রা.), যিনি হযরত মুহাম্মদ (সা.)-এর প্রথম দিককার সাহাবীদের অন্যতম, তিনি এ অভিমত ব্যক্ত করেন। পূর্ববর্তী সূরার বিষয়বস্তুতে খ্রিষ্টান ধর্ম-সংক্রান্ত যে-সব মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছে তার ধারাবাহিকতা আলোচ্য সূরাতেও বর্তমান। খ্রিষ্টীয় মতবাদের একটি মৌলিক বিশ্বাস হলো, ধর্মীয় বিধান বা শরীয়ত একটি অভিশাপ। খ্রিষ্টানদের এ ভ্রান্ত বিশ্বাসকে প্রত্যাখ্যানমূলক এক জোরালো বক্তব্য দ্বারা বর্তমান সূরাটি শুরু হয়েছে। এতে বলা হয়েছে, শরীয়ত অভিশাপ তো নয়ই, বরং এক অপার ঐশী অনুগ্রহ ও কল্যাণ। এটা মানুষের ওপর কোনো বোঝা বা কষ্টদায়ক কিছু নয়, বরং এর উদ্দেশ্য মানুষের দুঃখ প্রশমিত করা ও তাকে আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করা। বস্তুত পবিত্র কুরআনের এটি একটি প্রধান উদ্দেশ্যও বটে যা যথার্থভাবে এর মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। ইসলামের নবীকে তাই এ সুসংবাদ দ্বারা সান্ত্বনা দেওয়া হয়েছে, আল্লাহ তা’লা মানুষের বোঝা লাঘব করার জন্যই পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন, তার অসুবিধা বাড়ানোর জন্য নয়। এটা মানুষের সব ধরনের প্রয়োজন মেটাতে সক্ষম।
সূরাটিতে খ্রিষ্টানদের উদ্দেশ্যে আরো বলা হয়েছে, পবিত্র কুরআনে অন্তর্ভুক্ত সত্যকে সঠিকভাবে অনুধাবন করার জন্য তাদের উচিত সেই অবস্থা ও ঘটনার প্রতি মনোনিবেশ করা, যে অবস্থার মধ্য দিয়ে হযরত মূসা (আ.) অতিক্রম করেছিলেন। বস্তুত আধ্যাত্মিকতার দিক থেকে যখন হযরত মূসা (আ.)-এর শিক্ষা ও অন্যান্য গুণাবলি পরিপূর্ণতা লাভ করল এবং একজন নবীর মহান দায়িত্বাবলি সম্পন্ন করার যোগ্যতার মাপকাঠিতে তিনি যখন উপযুক্ত বিবেচিত হলেন তখনই হযরত মূসা (আ.)-কে ফেরাউনের নিকট যাবার ও ঐশীবাণী প্রচারের নির্দেশ দেওয়া হয়েছিল। ফেরাউন আল্লাহর বাণীকে গ্রহণ করতে রাজি হলো না, বরং হযরত মূসা (আ.)-এর প্রতি সে খুবই উদ্ধত ব্যবহার করল এবং তাঁকে হত্যা করার প্রচেষ্টা চালালো। ফলে আল্লাহ তা’লা মূসা (আ.)-কে নির্দেশ দিলেন, যেন তিনি বনী ইসরাঈলকে নিয়ে মিশর থেকে কেনানের পথে বের হয়ে পড়েন। ফেরাউন তা জানতে পেরে তার শক্তিশালী সৈন্যবাহিনীসহ হযরত মূসা (আ.)-এর পশ্চাদ্ধাবন করল, কিন্তু ঐশী আযাবের শিকার হয়ে সে বনী ইসরাঈলের চোখের সামনেই সাগরে নিমজ্জিত হলো। অতঃপর মূসা (আ.) তূর পর্বতে আরোহণ করলেন যেখানে তাঁর নিকট বিধান অবতীর্ণ হলো। সূরাটিতে এরপর একটি সূক্ষ্ম বিষয়ের অবতারণা করে খ্রিষ্টানদেরকে তিরস্কার করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, হযরত ঈসা (আ.)-এর পূর্বে বনী ইসরাঈলীরা তাদের বিধান মতে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল আর তৎপরবর্তী শরীয়ত অর্থাৎ কুরআনের শিক্ষাতেও আল্লাহর একত্ব এবং বিধান বা শরীয়তের প্রয়োজনীয়তা সম্পর্কে অত্যন্ত গুরুত্ব সহকারে ঘোষণা রয়েছে। তথাপি এটা কীভাবে সম্ভব, অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাবে ঘোষিত এ দুটি একত্ববাদী বিশ্বাসের মধ্যবর্তী স্থানে খ্রিষ্টানদের তথাকথিত ত্রিত্ববাদ ও ‘বিধান মাত্রই অভিশাপ’ জাতীয় বিপরীতমুখী ধারণার প্রবর্তন হতে পারে? তারপর খ্রিষ্টান জাতির উদ্দেশ্যে পুনরায় বলা হয়েছে, তাদের পাপ ও অন্যায় আচরণের প্রতিফল হিসাবে তারা এক ঐশী শাস্তির সম্মুখীন হবে, যা তাদের জাগতিক উন্নতি উপভোগের এক হাজার বছর পর সংঘটিত হবে। এর মধ্যে শেষের তিন শতাব্দী হবে তাদের উন্নতি ও উৎকর্ষতা লাভের ক্ষেত্রে সবচেয়ে অধিক বৈশিষ্ট্যপূর্ণ। এ অব্যাহত উন্নতির ফলে তারা ঐশী শাস্তি সম্পর্কিত সাবধানবাণীকে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করবে। অথচ এ ঐশী প্রতিশ্রুতি যা অবশ্যই সংঘটিত হবে এবং পশ্চিমা খ্রিষ্টীয় জাতিসমূহ এ ভয়াবহ আযাবের শিকার হবে। যেমন- বলা হয়েছে, ‘তারা তোমাকে পাহাড়সমূহ সম্পর্কে জিজ্ঞেস করে। অতএব তুমি বলো, ‘আমার প্রতিপালক-প্রভু সেগুলোকে চূর্ণবিচূর্ণ করে উড়িয়ে দেবেন’ (আয়াত: ১০৬)। এখানে পর্বতসমূহ দ্বারা পর্বতের মতো সুউচ্চ ও শক্তিধর পশ্চিমের খ্রিষ্টান জাতিসমূহকে বুঝানো হয়েছে। তারপর যে বিষয়বস্তু নিয়ে সূরাটি শুরু হয়েছিল সেই প্রসঙ্গের পুনরাবৃত্তি করা হয়েছে। যেমন- পবিত্র কুরআন যেহেতু আরবদের জাতীয় ভাষা আরবীতে অবতীর্ণ হয়েছে, তাই এর বাণী ও তাৎপর্যকে সহজে উপলব্ধি করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। তদুপরি খ্রিষ্টীয় ধর্মগ্রন্থের মতো এতে রূপক ও উপমার আড়ালে আসল বিষয়বস্তুকে প্রচ্ছন্ন করে পেশ করা হয় না। পক্ষান্তরে বিষয়বস্তুর অস্পষ্টতার পরিবর্তে এর শিক্ষা সহজ ও বোধগম্য ভাষায় পরিবেশিত হয়েছে। অতঃপর বিধান বা শরীয়তের প্রয়োজনীয়তা সম্পর্কে পুনরায় অত্যন্ত শক্তিশালী ও জোরালো যুক্তির অবতারণা করে দেখানো হয়েছে যে, বিধান কোনো অভিশাপ নয়, বরং তা একটি মহান ঐশী অনুগ্রহ। এরপর জান্নাত থেকে আদম (আ.)-এর বহিষ্কৃত হবার ঘটনা উল্লেখ করা হয়েছে। বস্তুত এ ঘটনার কাঠামোকে কেন্দ্র করেই খ্রিষ্টীয় প্রায়শ্চিত্তবাদকে দাঁড় করানো হয়েছে। অথচ আসল বিষয় বুঝতে খ্রিষ্টানরা হয় ভুল করেছে নয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এর ভুল ব্যাখ্যা করেছে এবং ভুল বর্ণনা দিয়েছে। আসল কথা, এক নির্দিষ্ট ঐশী পরিকল্পনা অনুযায়ী হযরত আদম (আ.)-এর জন্ম সংঘটিত হয়েছিল এবং ঐশী পরিকল্পনার লক্ষ্য কখনো ব্যর্থ হয় না। বাইবেলের বর্ণনানুযায়ী দেখা যায়, ‘ঈশ্বর আপনার প্রতিকৃতিতে মনুষ্যকে (অর্থাৎ আদমকে) সৃষ্টি করিলেন’ (আদিপুস্তক ১:২৭) এবং পরবর্তীতে এই আদমই বিবি হাওয়া কর্তৃক প্রতারিত হয়ে পাপ কাজ করে ফেললেন। পবিত্র কুরআন এ প্রসঙ্গের বর্ণনায় যথার্থ প্রজ্ঞার পরিচয় দিয়েছে।
বলা হয়েছে, স্বয়ং আল্লাহ তা’লার গুণাবলি ও প্রতিমূর্তিতে সৃষ্ট আদম (আ.)-এর পক্ষে এ ধরনের পঙ্কিলতায় নিপতিত হওয়া বেমানান। বরং এটা ছিল হযরত আদম (আ.)-এর একটি অনিচ্ছাকৃত বিচ্যুতি যেমন বলা হয়েছে-‘আমার এর পূর্বে আদমের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আর (তা ভঙ্গ করার) কোনো সংকল্প আমরা তার মাঝে দেখতে পাই নি’ (আয়াত: ১১৬)। পরিশেষে অবিশ্বাসীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবাণী উচ্চারণপূর্বক সূরাটিতে বলা হয়েছে, তাদের নিজস্ব কল্পনা বা অভিসন্ধি মোতাবেক কখনোই কোনো নিদর্শন বা মুজিযা তাদেরকে দেখানো হবে না। তবে অনেক সুস্পষ্ট ঐশী নিদর্শন যার বর্ণনা পূর্ববর্তী গ্রন্থসমূহে বিদ্যমান রয়েছে তা অবশ্যই তাদেরকে দেখানো হবে। এসব সুস্পষ্ট প্রমাণাদির পরও যদি তারা ঐশীবাণীকে অস্বীকার করতে থাকে তাহলে সত্য-প্রত্যাখ্যানজনিত কারণে পূর্ববর্তী রসূলদের অস্বীকারকারীদের মতো তাদেরকেও ঐশী শাস্তি ভোগ করতে হবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
طٰہٰ ۚ﴿۲﴾
مَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡکَ الۡقُرۡاٰنَ لِتَشۡقٰۤی ۙ﴿۳﴾
اِلَّا تَذۡکِرَۃً لِّمَنۡ یَّخۡشٰی ۙ﴿۴﴾
تَنۡزِیۡلًا مِّمَّنۡ خَلَقَ الۡاَرۡضَ وَالسَّمٰوٰتِ الۡعُلٰی ؕ﴿۵﴾
اَلرَّحۡمٰنُ عَلَی الۡعَرۡشِ اسۡتَوٰی ﴿۶﴾
لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا وَمَا تَحۡتَ الثَّرٰی ﴿۷﴾
وَاِنۡ تَجۡہَرۡ بِالۡقَوۡلِ فَاِنَّہٗ یَعۡلَمُ السِّرَّ وَاَخۡفٰی ﴿۸﴾
اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ لَہُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی ﴿۹﴾
وَہَلۡ اَتٰٮکَ حَدِیۡثُ مُوۡسٰی ۘ﴿۱۰﴾