১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৪ আয়াত এবং ১০ রুকু আছে।

وَاِلٰی ثَمُوۡدَ اَخَاہُمۡ صٰلِحًا ۘ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ ہُوَ اَنۡشَاَکُمۡ مِّنَ الۡاَرۡضِ وَاسۡتَعۡمَرَکُمۡ فِیۡہَا فَاسۡتَغۡفِرُوۡہُ ثُمَّ تُوۡبُوۡۤا اِلَیۡہِ ؕ اِنَّ رَبِّیۡ قَرِیۡبٌ مُّجِیۡبٌ ﴿۶۲﴾

৬২
এবং সামূদের১৩২৬ নিকট তাহাদের ভাই সালেহ্‌কে (পাঠাইয়াছিলাম)। সে বলিয়াছিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহ্‌র ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন মা’বূদ নাই। তিনিই তোমাদিগকে যমীন হইতে উদ্ভব করিয়াছেন এবং তোমাদিগকে উহাতে বসবাস করাইয়াছেন। সুতরাং তোমরা তাহার নিকট ক্ষমা প্রার্থনা কর এবং তাহারই দিকে পূর্ণরূপে প্রত্যাবর্তন কর। নিশ্চয় আমার প্রভু সন্নিকটে, (দোয়ার) উত্তরদানকারী।’
১৩২৬। ‘সামূদ’ শব্দটি আরবী হওয়াতে ইহাই প্রতীয়মান হয় যে, এই জাতি আরব বংশোদ্ভূত এবং আরব উপজাতি। ইহা এক অসার যুক্তি যে, সালে্‌হ কোন বিদেশী নামের অনুবাদ। কারণ কুরআন করীম সকল বিদেশী নামসমূহ অনুবাদ না করিয়া অপরিবর্তিতভাবে গ্রহণ করিয়াছে, যেমন মূসা (Moses), হারূন (Aaron), ইউনুস (Jonah) এবং যাকারিয়্যা (Zachariah)। ‘সামূদ’ ছিল ‘আদ্’ জাতির উত্তরাধিকারী (৭ঃ৭৫) সূতরাং আদ্ও আরবীয়দের মধ্যেই একজাতি। আবার ‘আদ্’ জাতিও নূহে্র (আঃ) জাতির উত্তরাধিকারী। ইহাতেই প্রমাণিত হয় যে, নূহ্ (আঃ)ও একজন আরব ছিলেন। অবশ্য নূহ্ (আঃ)-এর আবির্ভাব হইয়াছিল মেসোপটেমিয়াতে এবং এই অঞ্চল পূরাকালে আরবদের দ্বারা শাসিত ছিল। গ্রীক ঐতিহাসিকগণের উপস্থাপনানুযায়ী ‘সামূদ’ জাতির অবস্থান খৃষ্টিয় যুগের কিছু পূর্বের কোন এক সময়ে ছিল। তাহাদের মতে হিজ্‌র বা আগ্‌রা এই জাতির বাসস্থান। তাহারা ইহাদের ‘সামূদেনি’ নামে অভিহিত করিত, এবং হিজ্‌র-এর নিকটবর্তী একটি স্থানের উল্লেখ করে যাহাকে আরবের লোকেরা ‘ফাজ্জ আন্‌-নাকাহ্‌’ বলিয়া থাকে। টলেমি (Ptolemy-১৪০ খৃষ্টপূর্ব) বলেনঃ হিজ্‌র-এর নিকটে ‘বাদানাতা’ নামে এক স্থান আছে। ‘ফুতুহুশ শামের’ প্রণেতা আবু ইসমাঈল বলেনঃ সামূদ জাতি বোস্‌রা (সিরিয়া) এবং এডেন-এর নিকটবর্তী অঞ্চলে বিস্তার লাভ করিয়াছিল এবং তথায় তাহারা শাসন করিত। সম্ভবতঃ তাহারা উত্তরদিকে দেশান্তরিত হইতেছিল। আল-হিজ্‌র (যাহা মাদাইনে সালেহ্‌ নামেও পরিচিত), বোধ হয় এই জাতির রাজধানী ছিল যাহা মদীনা এবং তাবুকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই হিজ্‌র সেই উপত্যকার অন্তর্গত যাহাকে ‘ওয়াদি কুরা’ বলা হয়। ইহা প্রণিধানযোগ্য বিষয় যে, কুরআন করীমের বহুস্থানে হূদ্‌ এবং সালেহ্‌ নবী (আঃ)-এর বর্ণনা পাওয়া যায়, এবং প্রত্যেক স্থানে একই নিয়মের ক্রম-পদ্ধতি পরিলক্ষিত হয়, যেমন হুদ্‌ (আঃ)-এর ঘটনাবলী প্রথমে এবং সালেহ (আঃ)-এর কথা পরে বর্ণিত হইয়াছে, যাহা প্রকৃতই কালানুক্রমিক বিন্যাস। ইহাতে এই কথায় প্রমাণিত হয় যে, কুরআন করীম নির্ভুলভাবে ও সঠিক ক্রমবিন্যস্ত ঐতিহাসিক ধারায় ইতিহাসের প্রকৃত ঘটনাবলী তুলিয়া ধরিয়াছে, যাহা কালের বিস্মৃতির তলে হারাইয়া গিয়াছিল এবং প্রচ্ছন্নতার মধ্যে আচ্ছাদিত ছিল। কোন কোন লেখকের মতে ‘সামূদ’ হইল ‘আদ্ এ সানীয়া’ অর্থাৎ দ্বিতীয় ‘আদে্র’ আর একটি নাম মাত্র। আবার অন্যান্যদের মতে দ্বিতীয় ‘আদ্’-এর পরে তাহাদের আবির্ভাব। সামূদ জাতি পাহাড়ে-প্রান্তরে রাজত্ব করিত (৭ঃ৭৫) এবং সেই দেশ প্রচুর ঝর্ণা ও স্রোতস্বিনীময় ও বাগবাগিচাপুর্ণ ছিল। সেখানে অতি চমৎকার ও উত্তম জাতীয় খর্জুর বৃক্ষ উৎপন্ন হইত। তাহারা জমিতে কৃষি কার্য করিয়া শষ্যাদি উৎপাদন করিত (২৬ঃ১৪৮—১৪৯)। কুরআন করীমের এই বর্ণনা সমর্থিত হয় প্রত্মতাত্ত্বিক প্রস্তর ফলকে উৎকীর্ণলিপি দ্বারা। এগুলির পাঠোদ্ধার করিয়াছিল মুসলমানগণ আমীর মুয়াবিয়ার রাজত্বকালে। মনে হয় সালেহ্ নবীর যুগের পর এই জাতির পতন আরম্ভ হয়, কারণ তাঁহার সময়ের মাত্র কয়েক শতাব্দী ব্যবধানেই বিজয়ী জাতিগুলির মধ্যে তাহাদের সম্বন্ধে উল্লেখ পাওয়া যায় না। আরব দেশ কোন এক এসিরিয়ান বাদশা কর্তৃক আক্রান্ত হইয়াছিল (৭২২-৭০৫ খৃঃ পূর্ব) এবং পরাজিত উপজাতিগুলির ফিরিস্তির মধ্যে সামূদ নামের উল্লেখ পাওয়া যায় খুদিত এক শীলালিপিতে—ইহা সেই রাজা উহার বিজয়ের গৌরবময় স্মৃতি রক্ষার্থে খোদাই করাইয়াছিল। গ্রীক ঐতিহাসিকগণের মধ্যে ডাইডোরাস (৮০ খৃঃপূঃ), প্লিনী (৭৯ খৃঃপূঃ) এবং টলেমী তাহাদের রচিত পুস্তকে সামূদ জাতির সম্বন্ধে উল্লেখ করিয়াছেন। রোম সম্রাট জাস্‌টিনিয়ান (JUSTINI) যখন আরবদেশ আক্রমণ করিয়াছিল তখন তাহার সৈন্য বাহিনীতে তিনশত সামূদী সৈন্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ইসলামের আবির্ভাবের পূর্বেই এই উপজাতির চিহ্ন সম্পূর্ণরূপে বিলুপ্ত হইয়া গিয়াছিল (‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী’ দ্রষ্টব্য)।

قَالُوۡا یٰصٰلِحُ قَدۡ کُنۡتَ فِیۡنَا مَرۡجُوًّا قَبۡلَ ہٰذَاۤ اَتَنۡہٰنَاۤ اَنۡ نَّعۡبُدَ مَا یَعۡبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیۡ شَکٍّ مِّمَّا تَدۡعُوۡنَاۤ اِلَیۡہِ مُرِیۡبٍ ﴿۶۳﴾

৬৩
তাহারা বলিল, ‘হে সালেহ্‌! ইতিপূর্বে নিশ্চয় তুমি ছিলে আমাদের মধ্যে আশা-ভরসার স্থল। আমাদের পূর্বপুরুষ যাহার উপাসনা করিয়া আসিতেছে তুমি কি আমাদিগকে উহার উপাসনা করিতে নিষেধ কর? যে বিষয়ের প্রতি তুমি আমাদিগকে আহ্বান করিতেছ সে বিষয়ে নিশ্চয় আমরা উদ্বেগপূর্ণ সন্দেহে আছি।’

قَالَ یٰقَوۡمِ اَرَءَیۡتُمۡ اِنۡ کُنۡتُ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّیۡ وَاٰتٰٮنِیۡ مِنۡہُ رَحۡمَۃً فَمَنۡ یَّنۡصُرُنِیۡ مِنَ اللّٰہِ اِنۡ عَصَیۡتُہٗ ۟ فَمَا تَزِیۡدُوۡنَنِیۡ غَیۡرَ تَخۡسِیۡرٍ ﴿۶۴﴾

৬৪
সে বলিল, ‘হে আমার জাতি! তোমরা চিন্তা করিয়া বল, যদি আমি আমার প্রভুর পক্ষ হইতে কোন সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, এবং তিনি নিজ পক্ষ হইতে আমাকে এক (বিশেষ) রহমত দিয়া থাকেন, তাহা হইলে আল্লাহ্ (-র শাস্তি) হইতে কে আমাকে সাহায্য করিবে যদি আমি তাঁহার অবাধ্যতা করি? সেমতাবস্থায় তোমরা আমার কেবল ক্ষতিই বৃদ্ধি করিবে;

وَیٰقَوۡمِ ہٰذِہٖ نَاقَۃُ اللّٰہِ لَکُمۡ اٰیَۃً فَذَرُوۡہَا تَاۡکُلۡ فِیۡۤ اَرۡضِ اللّٰہِ وَلَا تَمَسُّوۡہَا بِسُوۡٓءٍ فَیَاۡخُذَکُمۡ عَذَابٌ قَرِیۡبٌ ﴿۶۵﴾

৬৫
এবং হে আমার জাতি! আল্লাহ্‌র এই উটনীটি তোমাদের জন্য একটি নিদর্শন স্বরূপ; সুতরাং তোমরা ইহাকে (স্বাধীনভাবে) আল্লাহ্‌র যমীনে চরিয়া খাইতে দাও; এবং ইহাকে কোন কষ্ট দিও না, নচেৎ তোমাদিগকে এক অত্যাসন্ন শাস্তি ধৃত করিবে।’

فَعَقَرُوۡہَا فَقَالَ تَمَتَّعُوۡا فِیۡ دَارِکُمۡ ثَلٰثَۃَ اَیَّامٍ ؕ ذٰلِکَ وَعۡدٌ غَیۡرُ مَکۡذُوۡبٍ ﴿۶۶﴾

৬৬
কিন্তু তাহারা উহার হাটুর শিরা কাটিয়া উহাকে হত্যা করিল; তখন সে বলিল, ‘তোমরা তিন দিন১৩২৭ পর্যন্ত নিজেদের গৃহে সুখ ভোগ কর। ইহা এমন এক প্রতিশ্রুতি যাহা (আদৌ) মিথ্যা প্রতিপন্ন হইবে না।’
১৩২৭। তিন দিবসের অবকাশ দ্বারা অনুতপ্ত হওয়ার জন্য সর্বশেষ সুযোগ দানের কথা বলা হইয়াছে; কিন্তু হতভাগা জাতি সেই সুযোগের সদ্ব্যবহার করিল না।

فَلَمَّا جَآءَ اَمۡرُنَا نَجَّیۡنَا صٰلِحًا وَّالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ بِرَحۡمَۃٍ مِّنَّا وَمِنۡ خِزۡیِ یَوۡمِئِذٍ ؕ اِنَّ رَبَّکَ ہُوَ الۡقَوِیُّ الۡعَزِیۡزُ ﴿۶۷﴾

৬৭
অতঃপর, যখন আমাদের আদেশ আসিল, তখন আমরা সালেহ্‌ এবং যাহারা তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল তাহাদিগকে সেই দিনের লাঞ্ছনা হইতে আমাদের বিশেষ রহমতে রক্ষা করিয়াছিলাম। নিশ্চয় তোমার প্রভুই সর্বশক্তির অধিপতি, মহাপরাক্রমশালী।

وَاَخَذَ الَّذِیۡنَ ظَلَمُوا الصَّیۡحَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دِیَارِہِمۡ جٰثِمِیۡنَ ﴿ۙ۶۸﴾

৬৮
এবং যাহারা যুলুম করিয়াছিল তাহাদিগকে এক বিকট শব্দকারী আযাব১৩২৮ ধৃত করিয়াছিল, ফলে তাহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়িয়া রহিল,
১৩২৮। ‘সামূদ’ জাতির উপরে পতিত শাস্তি প্রকাশের জন্য সাত প্রকারের ভিন্ন ভিন্ন শব্দ এবং শব্দমালা কুরআন করীমে ব্যবহৃত হইয়াছেঃ তফসীরাধীন ও ৫৪ঃ৩২ আয়াতে “সায়হাহ্‌” (শাস্তি); ৭ঃ৭৯ আয়াতে রায্‌ফাহ্ (ভূমিকম্প); ২৬ঃ১৫৯ এর মধ্যে শুধু আযাব (শাস্তি); ২৭ঃ৫২ তে, ‘দাম্‌মারনা’-হুম (তাহাদিগকে সম্পূর্ণ ধ্বংস করিলাম); ৫১ঃ৪৫ এর মধ্যে ‘সায়কাহ্’ (বজ্রপাত অথবা অন্য কোন ধবংসাত্মক শাস্তি); ৬৯ঃ৬ তে তাগিয়াহ্ (অসাধারণ শাস্তি); এবং ৯১ঃ১৫ আয়াতের মধ্যে ফাদামদামা আলাই হিম্ (তিনি তাহাদিগকে সম্পূর্ণভাবে ধ্বংস করিয়া দিলেন)। যদিও আল্লাহ্‌তা’লার আযাব বুঝাইবার জন্য ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার হইয়াছে রায্‌ফাহ্, সায়হাহ্, সায়েকাহ্ এবং তাগিয়াহ্ শব্দগুলি মনে হয় পরস্পর বিপরীত অর্থবোধক। যেহেতু শেষোক্ত শব্দত্রয় শাস্তি অর্থে প্রযোজ্য হয়, তাই অর্থ, মর্ম ও উদ্দেশ্যের মধ্যে কোন পার্থক্য বা অসামঞ্জস্য নাই। মোটকথা সামূদ জাতি ভূমিকম্পে ধ্বংস হইয়াছিল। উপরোক্ত শব্দগুলিও একই অর্থে আকস্মিক মহা দুর্ঘটনাকেই বুঝায়।

کَاَنۡ لَّمۡ یَغۡنَوۡا فِیۡہَا ؕ اَلَاۤ اِنَّ ثَمُوۡدَا۠ کَفَرُوۡا رَبَّہُمۡ ؕ اَلَا بُعۡدًا لِّثَمُوۡدَ ﴿٪۶۹﴾

৬৯
যেন তাহারা ইহাতে বসাবাস করে নাই। শুন! সামূদ জাতি তাহাদের প্রতিপালককে অস্বীকার করিয়াছিল। শুন! সামূদ জাতির১৩২৯ জন্য ধ্বংস।
সূরা হুদ - রুকু ৬
১৩২৯। পূর্ববর্তী ৬১ আয়াতে হূদের জাতি শব্দগুলি ‘আদ্’ শব্দের সঙ্গে যুক্ত হইয়াছে ঐতিহাসিক ভিত্তিতে। কারণ ‘আদ্’ প্রকৃতপক্ষে দুইটি গোত্রের নাম, আদে উলা বা প্রথম ‘আদ্’ এবং ‘আদে সানীয়া’ বা দ্বিতীয় ‘আদ্’; এবং হূদের জাতি শব্দগুলি যুক্ত হওয়ায় ইহাই বুঝায় যে, তাহারা প্রথম গোত্র, দ্বিতীয় ‘আদ্’ নহে। কিন্তু এখানে যেহেতু ‘সামূদ’ একটি মাত্র উপজাতির নাম, সেই জন্য ‘সালেহ্ (আঃ)-এর জাতি’ এই কথাগুলি বাদ দেওয়া হইয়াছে, কারণ এই শব্দগুলি যোগ হইলেও বিশেষ কোন প্রয়োজনীয় উদ্দেশ্য সফল হইত না।
সম্পূর্ণ সূরা দেখুন