১০৯

الكافرون

সূরা আল্‌‌‌‌‌‌‌ কাফেরূন

Al-Kafirun

মক্কী ৭ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭ আয়াত এবং ১ রুকু আছে।

قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ ۙ﴿۲﴾

২
তুমি বল,৩৪৫০ ‘হে৩৪৫১ কাফেরগণ!৩৪৫২
৩৪৫০। ‘কুল’ অর্থ বল বা ঘোষণা কর। এই ঐশী আদেশটি প্রত্যেক মুসলমানকে দেওয়া হইয়াছে। এই সূরা ছাড়াও ‘বল’ এই আদেশটি ৭২, ১১২, ১১৩ এবং ১১৪ সূরার প্রথমে ব্যবহৃত হইয়াছে। পবিত্র কুরআনে ইহা ৩০৬টি আয়াতে ব্যবহার করা হইয়াছে। প্রত্যেক স্থলেই, বিষয়-বস্তুর গুরুত্বকে সবিশেষ অনুধাবনের জন্য ইহা ব্যবহৃত হইয়াছে। এই সূরাতে ইসলামের যে মহান নীতি বিবৃত হইয়াছে উহার প্রতি কাফেরগণের সবিশেষ দৃষ্টি জোরালোভাবে ও পরিষ্কার ভাষায় বার বার আকর্ষণের জন্য মুসলমানগণকে তাকিদ দেওয়া হইয়াছে।
৩৪৫১। ‘হে !’ শব্দটি, সূরার বিষয়-বস্তুর প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি-আকর্ষণ ও গুরুত্ব আরোপের জন্য ব্যবহৃত হইয়াছে যাহাতে উদ্দিষ্ট মানব-মণ্ডলীর হৃদয়ে বিষয়বস্তুটি গ্রথিত হইয়া যায়।
৩৪৫২। এখানে ‘কাফেরগণ’ বলিতে ঐ সকল বদ্ধমূল কাফেরগণকে বুঝাইয়াছে যাহারা ক্রমাগতভাবে ঔদ্ধত্য সহকারে সত্যকে প্রত্যাখ্যান করিয়া আসিয়াছে এবং সত্য গ্রহণের সম্ভাবনা তাহাদের মধ্যে বাকী নাই অর্থাৎ অবিশ্বাস তাহাদের অস্তিত্বের অঙ্গ হইয়া গিয়াছে।

لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ ۙ﴿۳﴾

৩
আমি সেইরূপে ইবাদত করি না যেইরূপে তোমরা ইবাদত কর,

وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ۚ﴿۴﴾

৪
এবং তোমরা সেইরূপে ইবাদত কর না যেইরূপে আমি ইবাদত করি,

وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ ۙ﴿۵﴾

৫
এবং আমি উহাদের ইবাদত করি না যাহাদের ইবাদত তোমরা কর,

وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ﴿۶﴾

৬
এবং তোমরা তাঁহার৩৪৫৩ ইবাদত কর না যাঁহার ইবাদত আমি করি,
৩৪৫৩। পূর্ববর্তী তিনটি আয়াতসহ এই আয়াতের ব্যাখ্যা বিভিন্ন তফসীরকারক ভিন্ন-ভিন্নভাবে করিয়াছেন। কেহ কেহ বলেন, মক্কার পৌত্তলিকেরা তাহাদের প্রশ্নটিকে দুইটি আকারে উত্থাপন করিয়াছিল। তাই ঐ দুইটি আকারেই তাহাদের উত্তরও দেওয়া হইয়াছে। অন্যেরা বলেন, এই পুনরাবৃত্তির ব্যাপারটা, কেবল উত্তরটিকে জোরালো করার জন্য ঘটিয়াছে। আবার কেহ কেহ (যেমন যাজ্জাজ) মনে করেন, বর্তমান কালীন সময়ে ইবাদতের অস্বীকার করার জন্য ব্যবহৃত হইয়াছে, প্রথম দুইটি বাক্য (৩ ও ৪ আয়াত) এবং ভবিষ্যতে এইরূপ ইবাদতের অস্বীকারের জন্য ব্যবহৃত হইয়াছে শেষ দুইটি বাক্য (৫ ও ৬ আয়াত)। ইহার বিপরীত আল্লামা যমখ্‌শরী বলেন, প্রথম বাক্য দুইটি ভবিষ্যতের অস্বীকারকে বুঝাইতেছে এবং শেষ বাক্য দুইটি বর্তমান অস্বীকারকে বুঝাইয়াছে। যাহাই হউক, ‘লা’ (না, নহে) যখন বর্তমান-ভবিষ্যত কাল সম্পর্কিত ক্রিয়া পদের পূর্বে বসে, তখন ইহা দ্বারা ভবিষ্যৎকালই বুঝাইয়া থাকে। এইরূপ ব্যবহার-বিধি অনুযায়ী ‘লা আ’বুদু’ এর অর্থ দাঁড়ায় “আমি কখনও উপাসনা করিব না”। ‘মা’ অব্যয়টি দুই আকারে ব্যবহৃত। ‘মস্‌দরীইয়া’ হিসাবে ক্রিয়ার পূর্বে বসিয়া ইহাকে ‘অসমাপিকা’ করিয়া তোলে এবং ‘মাওসূলাহ’ হিসাবে ব্যবহৃত হইলে, ইহার অর্থ দাঁড়ায়ঃ ইহা যাহা, সে যে; তিনি যিনি। এখানে প্রথম দুইটি বাক্যে ‘মা’ শব্দটি ‘মস্‌দরিইয়া’ হিসাবে এবং দ্বিতীয় দুইটি বাক্যে ‘মাওসূলাহ’ হিসাবে ব্যবহৃত হইয়াছে বলিয়া মনে করাই শ্রেয়ঃ। তখন এই চারিটি বাক্য বা আয়াতের অর্থ হইবেঃ “আমি কখনও তোমাদের উপাসনার রূপ ও ধরণ-ধারণ অবলম্বন করিব না এবং তোমরাও আমার ইবাদতের প্রক্রিয়া অবলম্বন করিবে না। এবং আমি কখনও তোমাদের উপাসনার বস্তুগুলির (প্রতিমা, বুদ্ধিমান ও বুদ্ধিহীন জীবজন্তু ইত্যাদিকে) উপাসনা করিব না। আর তোমরাও আমার আরাধ্যের (আল্লাহ্‌র) ইবাদত করিবে না।”

لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ ﴿٪۷﴾

৭
তোমাদের জন্য তোমাদের দীন এবং আমার জন্য আমার দীন।৩৪৫৪
সূরা আল্‌‌‌‌‌‌‌ কাফেরূন - রুকু ১
৩৪৫৪। এই আয়াতের তাৎপর্য হইলঃ যেহেতু মো’মেনগণের জীবন-ব্যবস্থা ও ধর্মের সাথে কাফেরদের জীবন-ব্যবস্থা ও ধর্মের কোনই মিল নাই এবং যেহেতু এতদুভয়ের বিস্তারিত বিবরণে ও মৌলিক ধারণাতে দুস্তর প্রভেদ বিদ্যমান রহিয়াছে, সেই হেতু ইহাদের পরস্পরের সমঝোতা কোন মতেই সম্ভব নয়।
সম্পূর্ণ সূরা দেখুন