১৩৭

এই আয়াত ঐসব লোকের প্রতি ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছে, যাহারা ধর্মীয় মতানৈক্যকে সীমার বাহিরে লইয়া যায়, এমনকি অন্যের উপাসনালয়কে অপদস্থ ও ধ্বংস করার মত হীন কর্মে লিপ্ত হইতেও কুষ্ঠিত হয় না। তাহারা মানুষকে তাহাদের পবিত্র উপাসনালয়ে যাইয়া আল্লাহ্‌র ইবাদত করিতে বাধা দান করে। এইরূপ হিংসাত্মক কার্যকলাপকে এই আয়াতে কঠোর ভাষায় নিন্দা করা হইয়াছে এবং সহনশীলতা, পরমত সহিষ্ণুতা ও মহানুভবতা অবলম্বনের উদাত্ত আহবান জানান হইয়াছে। কুরআন সকল মানবেরই আপন আপন উপসনালয়ে আল্লাহ্‌র ইবাদত করিবার পূর্ণ ও অবাধ অধিকার স্বীকার করে। মন্দির বলুন আর মসজিদ বলুন, এইগুলি আল্লাহ্‌র উপাসনার উদ্দেশ্যেই নিবেদিত। যে ব্যক্তি এইগুলিতে আল্লাহ্‌র উপাসনা করিতে বাধা দান করে, সে এইগুলিকে ধ্বংস ও অনাবাদ করিতে চায়।