হযরত শোআয়্ব নামে এক অ-ইসরাঈলীয় নবী হযরত মূসা (আঃ)-এর পূর্বে আবির্ভূত হইয়াছিলেন। তিনি হযরত মূসা (আঃ)-এর শ্বশুর ছিলেন বলিয়া মনে করা হয়, যদিও বাইবেলে তাহার নাম উল্লেখ নাই। বাইবেলের মতে হযরত মূসা (আঃ)-এর শ্বশুরের নাম ছিল যিথ্রো, তাহাকে নবী বলা হয় নাই। কুরআন বলে হযরত শুয়াইব (আঃ)-এর পরে হযরত মূসা (আঃ)-এর আবির্ভাব, অতএব তাঁহারা সমসাময়িক নহেন (৭ঃ১০৪)। এই আয়াতে হযরত শোআয়্বকে যেহেতু মিদিয়ানের “ভাই” বলিয়া উল্লেখ করা হইয়াছে, সেহেতু নিশ্চিত ভাবেই অনুমান করা যায় যে, তিনি (শোআয়্ব) হযরত ইব্রাহীম (আঃ)-এর বংশধরগণের মধ্যে ছিলেন—কেননা মিদিয়ান ছিল হযরত ইব্রাহীমের কৃতদাসী ও স্ত্রী কতুরার গর্ভজাত পুত্র।