১৭৬

এই বাক্যাংশটির অর্থ হইল, মক্কা মুসলমানদের হাতে আসিয়া গেলে মুসলমানদের প্রতি আল্লাহ্‌তা’লার অনুগ্রহ পরিপূর্ণ হইয়া যাইবে, কেননা মক্কা বিজয় মানেই আরব দেশের সর্বত্র মুসলমানের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং হাজার হাজার আরববাসীর ইসলাম গ্রহণ। উপরোক্ত ভবিষ্যদ্বাণী ফলাফলের মধ্য দিয়া ঠিক ঠিক ভাবে পূর্ণ হইয়াছিল, কেননা মক্কা বিজয়ের সাথে সহস্র সহস্র আরব কাল বিলম্ব না করিয়া ইসলাম কবুল করিয়াছিল। মক্কা বিজয়ের পরে পরেই আরবদের মধ্যে ইসলাম গ্রহণের যে হিড়িক পড়িয়াছিল উহার আরেকটি কারণ এই ছিল যে, আরবেরা কোন অবতীর্ণ গ্রন্থের অনুসারী না হইলেও ইব্‌রাহীম (আঃ)-এর একটি ভবিষ্যদ্বাণী তাহাদের মাঝে প্রচলিত ছিল যে, কোন মিথ্যা নবীর অনুসারীরা কখনও মক্কা জয় করিতে পারিবে না, বরং মক্কা জয়ের চেষ্টা করিলে সমূলে ধ্বংস হইয়া যাইবে। মাত্র কিছু দিন পূর্বে এই ভবিষ্যদ্বাণীর সত্যতা যাচাই করিবার সুযোগও তাহাদের ভাগ্যে ঘটিয়াছিল। আবিসিনিয়ার আক্রমণকারী আব্রাহা এক বিরাট ও শক্তিশালী হস্তীবাহিনী লইয়া মক্কা দখলের অভিপ্রায়ে আক্রমণ করিতে আসিলে, অলৌকিকভাবে তাহার ও তদীয় সেনাবাহিনীর যে শোচনীয় ধ্বংস তাহারা মাত্র কিছুকাল পুর্বে দেখিয়াছিল, তাহা তাহাদের স্মৃতিতে তখনও ভাস্বর ছিল।