৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَاتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ الَّذِیۡۤ اٰتَیۡنٰہُ اٰیٰتِنَا فَانۡسَلَخَ مِنۡہَا فَاَتۡبَعَہُ الشَّیۡطٰنُ فَکَانَ مِنَ الۡغٰوِیۡنَ ﴿۱۷۶﴾

১৭৬
এবং তুমি তাহাদের নিকট তাহার বৃত্তান্ত পাঠ করিয়া শুনাও, যাহাকে আমরা আমাদের বহু নিদর্শন দিয়াছিলাম—কিন্তু সে উহা হইতে স্খলিত হইয়া গিয়াছিল; অতঃপর শয়তান তাহার পশ্চাদনুসরণ করিল, ফলে সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হইল।১০৭২
১০৭২। বিশেষ এক ব্যক্তির প্রতি এই ইংগিত নহে, পরন্তু ঐ সমস্ত লোকদিগের প্রতি যাহাদিগকে আল্লাহ্‌তা’লা নবীর মাধ্যমে নিদর্শন প্রদর্শন করিয়া থাকেন এবং যাহারা সেই নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে। এইরূপ উক্তি কুরআন করীমের অন্যত্র (২ঃ১৮) পাওয়া যায়। বর্তমান আয়াত বিশেষভাবে বা’লাম-বিন-বা’উর-এরও সংগে সম্পৃক্ত বলা যায়, যে হযরত মূসা (আঃ)-এর যমানায় বাস করিত এবং ধার্মিক ব্যক্তি বলিয়া খ্যাত ছিল। অহংকার তাহার মাথায় চাপিয়াছিল, ফলে অপমানজনক অবস্থায় তাহার জীবনাবসান হইয়াছিল। আবু জাহল বা আবদুল্লাহ্ বিন উবাই বিন সলুল বা অনুরূপ প্রত্যেক কুখ্যাত কাফের সর্দারের প্রতিও এই আয়াত প্রযোজ্য।

وَلَوۡ شِئۡنَا لَرَفَعۡنٰہُ بِہَا وَلٰکِنَّہٗۤ اَخۡلَدَ اِلَی الۡاَرۡضِ وَاتَّبَعَ ہَوٰٮہُ ۚ فَمَثَلُہٗ کَمَثَلِ الۡکَلۡبِ ۚ اِنۡ تَحۡمِلۡ عَلَیۡہِ یَلۡہَثۡ اَوۡ تَتۡرُکۡہُ یَلۡہَثۡ ؕ ذٰلِکَ مَثَلُ الۡقَوۡمِ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ۚ فَاقۡصُصِ الۡقَصَصَ لَعَلَّہُمۡ یَتَفَکَّرُوۡنَ ﴿۱۷۷﴾

১৭৭
এবং যদি আমরা চাহিতাম তাহা হইলে উহা দ্বারা আমরা তাহাকে উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু সে দুনিয়ার১০৭৩ প্রতি ঝুঁকিয়া পড়িল এবং নিজ মন্দ বাসনার অনুসরণ করিল। তাহার দৃষ্টান্ত ঐ তৃষ্ণার্ত কুকুরের দৃষ্টান্তের ন্যায়—যদি তুমি উহাকে তাড়া দাও সে জিহ্বা বাহির করিয়া হাঁপাইতে থাকে, যদি তুমি উহাকে ছাড়িয়া দাও তবুও সে জিহ্বা বাহির করিয়া হাঁপাইতে থাকে।১০৭৪ এই হইল ঐ জাতির দৃষ্টান্ত, যাহারা আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে। সুতরাং তুমি এই বৃত্তান্ত (তাহাদের নিকট) বর্ণনা কর যেন তাহারা চিন্তা করে।
১০৭৩। পার্থিব বিষয়াদি, বিশেষতঃ অর্থের প্রতি আসক্তি।
১০৭৪। “ইয়ালহাস” (লাহাসা হইতে উদ্ভূত, যাহার অর্থ ক্লান্ত অথবা শ্রান্ত হইয়া তাহার ঊর্ধ্বশ্বাস হইয়াছিল) শব্দের মর্মার্থ এই যে, এরূপ ব্যক্তির অবস্থা যাহাকে ধর্মের কাজে কুরবানী করিতে বলা হউক বা না-ই হউক, মনে হয় সর্বদাই সে যেন তৃষ্ণার্ত কুকুরের মত হাঁপাইতে থাকে, ক্রমবর্ধিত কুরবানীর বোঝা তাহাকে সম্পূর্ণ নিঃশেষিত করিয়া ফেলিয়াছে!
সম্পূর্ণ সূরা দেখুন