النجم
An-Najm
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৬৩ আয়াত এবং ৩ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসঙ্গ
প্রায় সকল শীর্ষস্থানীয় আলেমের এই অভিমত যে, এই সূরাটি নবুওয়াতের পঞ্চম বৎসরে, মুসলমানদের আবিসিনিয়াতে গিয়া আশ্রয় গ্রহণের অল্পকাল পরে অবতীর্ণ হইয়াছিল। নবুওয়াতের পঞ্চম বৎসরের রজব মাসে মুসলমানেরা আবিসিনিয়াতে গিয়া প্রাণ বাঁচাইয়াছিল। পূর্ববর্তী সূরাতে বাইবেলে প্রদত্ত ভবিষ্যদ্বাণী ও প্রাকৃতিক ঘটনা পরম্পরার ভিত্তিতে কুরআনের ঐশী-বাণী হওয়ার সত্যতা এবং মহানবী (সাঃ)-এর প্রেরিতত্বের দাবীর সত্যতা প্রতিষ্ঠিত হইয়াছে। এই সূরাটিতেও একই বিষয়-বস্তু অত্যন্ত সুন্দর ও সুদৃঢ়ভাবে বিরত হইয়াছে। মহানবী (সাঃ)-কে শ্রেষ্ঠতম রসূল বলিয়া বর্ণনা করতঃ ইহাও ব্যক্ত করা হইয়াছে যে, মানুষের জন্য শেষ ও সর্বোৎকৃষ্ট হেদায়াত ও শিক্ষা সহকারে এই মহানবী আল্লাহ্র তরফ হইতেই আসিয়াছেন।
বিষয়বস্তু
সূরার প্রারম্ভে মহানবী (সাঃ)-এর নবুওয়াতের দাবীর সমর্থনে, ‘আন্ নাজ্মের পতন’কে সাক্ষ্যরূপে উপস্থাপন করা হইয়াছে। ঐশী রহস্যাবলীতে অভিষিক্ত মহানবী (সাঃ) ঐশী অনুগ্রহরাজি ও জ্ঞান এবং ঐশী সত্তার নিগূঢ় পরিচিতির ভাণ্ডার হইতে আকণ্ঠ সুধা পান করিয়া আধ্যাত্মিক উন্নতির এমন কল্পনাতীত উচ্চতম চূড়ায় আরোহণ করিয়াছিলেন, যাহাতে উঠা অন্য মানবের জন্য সম্ভব নহে। তিনি মানবের জন্য প্রেম-প্রীতি-ভালবাসা ও সহানুভূতিতে মানসিক ও আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হইয়া, এমন এক জগতের কাছে তাওহীদের বাণী প্রচারের কাজে নিয়োগ প্রাপ্ত হইলেন, যাহা হস্তনির্মিত কাঠের ও পাথরের পুতুলের পূজায় আপাদমস্তক নিমগ্ন ছিল। অতঃপর এই সূরা মানব জীবনের অকিঞ্চিৎকর প্রারম্ভকে দৃষ্টান্তরূপে উল্লেখ করিয়া মানবেতিহাস ও মানব-বিবেক হইতে, আল্লাহ্তা’লার একত্বের স্বপক্ষে ও পৌত্তলিকতার অসারতা প্রতিপাদনে অতি শক্তিশালী, অটল ও অলংঙ্ঘ্য যুক্তিমালার অবতারণা করিয়াছে। এই নির্বোধ আচার-অনুষ্ঠান (প্রতিমা পূজা) ইত্যাদি প্রকৃত জ্ঞানের অভাব হইতে সৃষ্ট হইয়াছে এবং ইহার যৌক্তিকতা এমনি ধরণের ভিত্তিহীন অনুমানের উপর প্রতিষ্ঠিত যাহা সত্যের মোকাবিলায় কোনই মূল্য রাখে না। তারপর সূরাটিতে বলা হইয়াছে যে, পুতুল-পূজারীগণের উচিত ছিল, ইবরাহীম (আঃ), মূসা (আঃ) এবং অন্যান্য নবীগণের জীবন-বৃত্তান্ত হইতে শিক্ষা গ্রহণ করা। তাহাদের সমসাময়িক ইতিহাস হইতে ইহাই প্রমাণিত হয়ে যে, পৌত্তলিকতার বিশ্বাস ও আচার-আচরণ পৌত্তলিকদিগকে সব সময়েই নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতনের দিকে ঠেলিয়া দিয়াছে। অতঃপর ব্যক্তিগত দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া বলা হইতেছে যে, প্রত্যেক ব্যক্তিকেই ব্যক্তিগতভাবে স্বীয় বোঝা বহিতে এবং নিজের কৃত-কর্মের জন্য আল্লাহ্র কাছে জওয়াবদিহি করিতে হইবে, আর সকলেরই শেষ গন্তব্যস্থল ঐ একই আল্লাহ্। সূরার শেষদিকে অবিশ্বাসীদের প্রতি সাবধান-বাণী উচ্চারণ করা হইয়াছে যে, ঐশী-বাণীকে যদি তাহারা ক্রমাগতভাবে প্রত্যাখ্যান করিয়াই চলিতে থাকে, তাহা হইলে তাহারাও নূহ (আঃ)-এর জাতির মত, আদ ও সামুদ জাতির মতই দুর্ভাগ্যের কবলে নিপতিত হইবে। কেননা ইহা একেবারে অবধারিত যে, মিথ্যা ধ্বংসপ্রাপ্ত হইবে, ইহার ধ্বংস কেহই ঠেকাইতে পারিবে না।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالنَّجۡمِ اِذَا ہَوٰی ۙ﴿۲﴾
مَا ضَلَّ صَاحِبُکُمۡ وَمَا غَوٰی ۚ﴿۳﴾
اِنۡ ہُوَ اِلَّا وَحۡیٌ یُّوۡحٰی ۙ﴿۵﴾
عَلَّمَہٗ شَدِیۡدُ الۡقُوٰی ۙ﴿۶﴾
ذُوۡ مِرَّۃٍ ؕ فَاسۡتَوٰی ۙ﴿۷﴾
وَہُوَ بِالۡاُفُقِ الۡاَعۡلٰی ؕ﴿۸﴾
ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۙ﴿۹﴾
فَکَانَ قَابَ قَوۡسَیۡنِ اَوۡ اَدۡنٰی ۚ﴿۱۰﴾