৫৩

النجم

সূরা আন্‌ নাজ্‌ম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৩ আয়াত এবং ৩ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

وَالنَّجۡمِ اِذَا ہَوٰی ۙ﴿۲﴾

২
কসম নক্ষত্রটির২৮৬৮ যখন উহা নিপতিত হয়,
২৮৬৮। ‘আন্‌ নাজ্‌ম’ অর্থ তারকা, কাণ্ডবিহীন গাছ। তবে, নামবাচক বিশেষ্যরূপে ব্যবহৃত হইলে, ইহার অর্থ হয় ‘সপ্তর্ষিমণ্ডল’। অনেক তফসীরকারকের মতে কুরআনের খণ্ড খণ্ড অবতরণকে ‘আন্‌ নাজ্‌ম’ বলা হইয়াছে। আবার বহু জ্ঞানী আলেমের অভিমত, ‘আন্‌ নাজ্‌ম’ দ্বারা হযরত নবী করীম (সাঃ)-কেই বুঝাইয়াছে। এই শব্দের বহু বচন ‘আন্‌ নুজুম’ দ্বারা জন-নেতাগণকেও বুঝায়, ক্ষুদ্র রাজ্যকে বা ক্ষুদ্র স্বাধীন এলাকাকেও বুঝাইয়া থাকে (কাশ্‌শাফ, তাজ, গারায়েবুল কুরআন)। এই শব্দের বিভিন্ন অর্থকে নজরে রাখিয়া এই আয়াতের ব্যাখ্যা নিম্নরূপ হইতে পারেঃ- (১) মহানবী (সাঃ)-এর একটি প্রসিদ্ধ হাদীসের মর্ম হইল, “যখন পৃথিবীর সর্বত্র আধ্যাত্মিক অন্ধকার ছড়াইয়া পড়িবে, ইসলামের একমাত্র নাম ছাড়া কিছুই বাকী থাকিবে না এবং অক্ষরগুলি ছাড়া কুরআনের কিছুই বাকী থাকিবে না, ঈমান আকাশে চলিয়া যাইবে, তখন পারস্য বংশীয় এক ব্যক্তি ইহাকে পৃথিবীতে পুনরায় নামাইয়া আনিবেন” (বুখারীঃ কিতাবুত্ তফসীর,সূরা আল্ জুমুআ); (২) কুরআনের ঐশী-বাণী হওয়ার সাক্ষ্য স্বয়ং কুরআনই বহন করিবে। (৩) ইসলামের এই সুকোমল চারাগাছটি প্রবল বিরোধিতার ঝড়-ঝঞ্ঝায় উড়াইয়া লইয়া যাইবে বলিয়া মনে হইলেও অতি সত্বর ইহা বিরাট মহীরূহে পরিণত হইবে, যাহার ছায়াতলে পৃথিবীর জাতিসমূহ আসিয়া আশ্রয় গ্রহণ করিবে। (৪) আরব জাতি যেমন বিশাল মরুভূমিতে ভ্রমণকালে আকাশের তারকার সাহায্যে নিজেদের পথ ও দিক ঠিক রাখিয়া গন্তব্যস্থলের দিকে অগ্রসর হয় (১৬ঃ১৭) ঠিক তেমনিভাবে, এই উজ্জ্বল তারকার (মহানবী (সাঃ)-এর) সাহায্যে তাহারা এখন আধ্যাত্মিক গন্তব্য পথে অগ্রসর হইতে থাকিবে। (৫) ইহাতে ভবিষ্যদ্বাণী করা হইতেছে যে, আরব দেশে বর্তমানে প্রচলিত যে জরাজীর্ণ শাসন-ব্যবস্থা রহিয়াছে তাহা অচিরেই ভাঙ্গিয়া পড়িবে (৫৪ঃ২)।

مَا ضَلَّ صَاحِبُکُمۡ وَمَا غَوٰی ۚ﴿۳﴾

৩
তোমাদের সাথী পথভ্রষ্টও হয় নাই এবং বিভ্রান্তও হয় নাই,২৮৬৯
২৮৬৯। যে সকল আদর্শ ও নীতিমালা মহানবী (সাঃ) উপস্থাপন করিয়াছেন, সেগুলি মোটেই ভ্রান্তিপূর্ণ নহে, তিনি ভুল করেন নাই এবং ঐসব আদর্শ ও নীতিমালা হইতে তিনি সামান্যও বিচ্যুত হন নাই (তিনি পথ-ভ্রান্তও হন নাই)। অতএব আদর্শ ও নীতিমালার দিক হইতে কিংবা সেই আদর্শ ও নীতিমালাকে জীবনে প্রতিফলন ও বাস্তবায়নের উভয় দিক হইতেই তিনি নিশ্চিত ও নিরাপদ পথদ্রষ্টা। এই যুক্তিগুলিকে পরবর্তী আয়াতসমূহে আরো জোরালো করা হইয়াছে।

وَمَا یَنۡطِقُ عَنِ الۡہَوٰی ؕ﴿۴﴾

৪
এবং সে নিজ প্রবৃত্তির বশেও কথা বলে না।

اِنۡ ہُوَ اِلَّا وَحۡیٌ یُّوۡحٰی ۙ﴿۵﴾

৫
ইহা কেবল এমন ওহী যাহা (আল্লাহ্‌র সমীপ হইতে) ওহী করা হইতেছে।২৮৭০
২৮৭০। এই আয়াতে নবী করীম (সাঃ)-এর ওহী-ইলহামকে, আল্লাহ্‌তা’লার অবতীর্ণ বাণী বলিয়া ঘোষণা করা হইয়াছে।

عَلَّمَہٗ شَدِیۡدُ الۡقُوٰی ۙ﴿۶﴾

৬
মহাশক্তিধর (আল্লাহ্‌) তাহাকে ইহা শিক্ষা দিয়াছেন;২৮৭১
২৮৭১। কুরআনের বাণী এতই শক্তিসম্পন্ন ও প্রভাবশালী যে, ইহার উপস্থিতিতে পূর্ববতী গ্রন্থসমূহের বাণীগুলি দীপ্তিহীন ও তাৎপর্যহীন হইয়া গিয়াছে।

ذُوۡ مِرَّۃٍ ؕ فَاسۡتَوٰی ۙ﴿۷﴾

৭
তিনি পুনঃপুনঃ প্রকাশমান শক্তিসমূহের অধিকারী।২৮৭২ অতঃপর তিনি নিজে (আরশের উপর) অধিষ্ঠিত হইলেন।২৮৭৩
২৮৭২। ‘মির্‌রা’ অর্থ শক্তি, বুদ্ধি-মত্তা, সূক্ষতম বিচারক্ষমতা, দৃঢ়তা (আকরাব)। ‘যু মির্‌রা’ অর্থ যাহার প্রতাপ ও ক্ষমতা চিরকাল প্রকাশ পাইতে থাকে।
২৮৭৩। ’ইস্‌তাওয়া আলাশ্‌ শাইয়ে’ মানে যে কোন বস্তুর উপরে পূর্ণ প্রভুত্ব লাভ করিল বা পুরাপুরি কর্তৃত্ব অর্জন করিল। বাক্যটি যদি মহানবী (সাঃ)-এর উপর আরোপিত হয়, তাহা হইলে ইহার অর্থ হইবে, মহানবী (সাঃ)-এর বল-বীর্য, বুদ্ধি-মত্তা ও মানসিক শক্তিনিচয় পূর্ণতা প্রাপ্ত হইয়া উচ্চতম শিখরে পৌঁছিয়াছে।

وَہُوَ بِالۡاُفُقِ الۡاَعۡلٰی ؕ﴿۸﴾

৮
এবং (তিনি বাণী প্রেরণ করিলেন তখন) যখন সে সর্ব্বোচ্চ দিগন্তের উপরে২৮৭৪ ছিল।
২৮৭৪। আল্লাহ্‌তা’লা যখন স্বীয় সত্তা ও পূর্ণতম মহিমায় মহানবী (সাঃ)-এর কাছে আত্মপ্রকাশ করিলেন, তিনি (সাঃ) তখন আধ্যাত্মিক উন্নতির চরমতম ধাপে উন্নীত হইলেন। এই আয়াতের মধ্যে এই অর্থটি রহিয়াছে বলিয়া মনে হয় যে, ইসলামের জ্যোতির্ময় আলো এত ঊর্ধ্বে স্থাপন করা হইয়াছে যেখান হইতে ইহা সারা বিশ্বকে আলোকিত করিতে পারিবে। ‘হুয়া’ (তিনি) সর্বনামটি আল্লাহ্‌কেও বুঝাইতে পারে, মহানবী (সাঃ)-কেও বুঝাইতে পারে। ১০ আয়াত দেখুন।

ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۙ﴿۹﴾

৯
অতঃপর সে (আল্লাহ্‌র) নিকটবর্তী হইল; তখন তিনিও (মুহাম্মদের প্রতি) নীচে নামিলেন।২৮৭৫
২৮৭৫। ‘দাল্লা দাল্ওয়া’ অর্থ সে বালতিটি কূপের তলদেশে নামাইল, সে বালতিটি কূপের মধ্য হইতে উপরে উঠাইল। ‘তাদাল্লা’ অর্থ সে (বা ইহা) নীচে নামিল বা নামাইল, সে নিকটে আসিল বা অধিক নিকটবর্তী হইল (লেইন, লিসান)। আয়াতটির অর্থ দাঁড়াইতেছেঃ মহানবী (সাঃ) আল্লাহ্‌তা’লার নিকটবর্তী হইলেন এবং আল্লাহ্‌তা’লাও তাহার দিকে ঝুঁকিয়া নিকটবর্তী হইলেন। আয়াতটিতে এই অর্থও সন্নিবেশিত আছে যে, মহানবী (সাঃ) আল্লাহ্‌তা’লার চরম নৈকট্য লাভ করিয়া আধ্যাত্মিক জ্ঞানের ফল্গু-ধারায় আকণ্ঠ পান করিয়া, তাহা মানব জাতিকে বিলাইয়া দিবার জন্য ধরায় অবতীর্ণ হইলেন।

فَکَانَ قَابَ قَوۡسَیۡنِ اَوۡ اَدۡنٰی ۚ﴿۱۰﴾

১০
অতঃপর সে দুই ধনুকের এক তন্ত্রী হইয়া গেল অথবা উহা হইতেও নিকটতর হইয়া গেল।২৮৭৬
২৮৭৬। ‘কাব’ ধনুকের ঐ অংশটিকে বলা হয় যাহা হস্তে ধরিবার স্থান হইতে বাঁকানো প্রান্তের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত, ধনুকের একপ্রান্ত হইতে অপর প্রান্ত; পরিমাপ বা স্থান। আরবগণ বলেন, ‘বাইনাহুমা কাবা কাওসাইনে’ বা ‘তাহাদের উভয়ের মধ্যে ধনুকের পরিমাপ রহিয়াছে।’ অর্থাৎ দুই জনের মধ্যে গভীর সম্পর্ক রহিয়াছে। আরবী ভাষায় প্রবাদ আছে ‘রামাওনা আন্‌ কাউসিন, ওয়াহিদিন্‌’, যাহার শাব্দিক অর্থ হইল ‘তাহারা একই ধনুক হইতে আমাদের প্রতি তীর ছুড়িল’ অর্থাৎ তাহারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বা একমত হইল। এইরূপে শব্দটি ‘ঐকমত’কে বুঝাইয়া থাকে (লেইন, লিসান, যমখশরী)। ‘কাব’ শব্দের তাৎপর্য যাহাই হউক না কেন, ‘কাবা কাওসাইনে’ দ্বারা দুই ব্যক্তির মধ্যে প্রগাঢ় ঐক্যের সম্পর্ককে বুঝাইয়া থাকে। এই আয়াতে ব্যক্ত করা হইয়াছে যে, মহানবী (সাঃ) তাঁহার আধ্যাত্মিক উচ্চতম গন্তব্যের দিকে, উর্ধ্ব স্তর হইতে উদ্ধতর ক্রমাগত অতিক্রম করিতে করিতে আল্লাহ্‌তা’লার এতই নিকটে পৌঁছিয়া গেলেন যে, উভয়ের মধ্যে আর কোন দূরত্ব বাকী রহিল না, মহানবী (সাঃ) যেন দুইটি ধনুকের একই তন্ত্রী বা রজ্জুতে পরিণত হইলেন। ‘দুই ধনুকের একরশি’-একটি আরবী প্রবাদ, যাহা আরবদের পুরাতন রীতি হইতে উদ্ভূত হইয়াছে। দুই ব্যক্তি যখন প্রগাঢ় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হইবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হইত, তখন পুরাতন আরব-রীতি অনুযায়ী, তাহাদের দুই জনের ধনুককে একত্রে এমনিভাবে বাঁধিত যে, দুইটি ধনুক মিলিয়া একটির মতই দেখা যাইত। অতঃপর এই সম্মিলিত ধনুক হইতে দুই জনে একটি মাত্র তীরকে সম্মিলিত হস্তে ছুঁড়িত। ইহা দ্বারা তাহারা বুঝাইত যে, ঐ মুহূর্ত হইতে তাহারা (যেন) একীভূত হইয়া গিয়াছে, তাহাদের একের উপর আক্রমণকে অন্যজনের উপরে আক্রমণ বলিয়া গণ্য হইবে। যদি ‘তাদাল্লা’ ক্রিয়া শব্দটি আল্লাহ্‌তা’লার দিকে আরোপ করা হয় তাহা হইলে, আয়াতের অর্থ হইবেঃ মহানবী (সাঃ) আল্লাহ্‌তা’লার দিকে ঊর্ধ্বে গেলেন এবং আল্লাহ্‌তা’লাও মহানবী (সাঃ)-এর দিকে নিম্নে অগ্রসর হইলেন, এইভাবে অগ্রসর হইয়া, তাহারা উভয়ে মিলিত হইয়া যেন এক হইয়া গেলেন। এতদ্ব্যতীত এই আয়াতটির মধ্যে অন্য একটি সুন্দর-সূক্ষ্ম কথাও রহিয়াছে। তাহা এই যে, মহানবী (সাঃ) আল্লাহ্‌তা’লার মধ্যে নিজেকে এমনভাবে বিলীন করিয়া দিয়াছিলেন যে, তিনি স্বয়ং যেন তাহারই প্রতিচ্ছবি হইয়া গিয়াছিলেন, অপরদিকে, তিনি মানবের কাছে প্রেম-পূর্ণ হৃদয়াবেগ ও সহানুভূতিপূর্ণ মঙ্গলাকাঙ্খায় কানায় কানায় পূর্ণ হইয়া মানবের কাছে এমনিভাবে অবতরণ করিলেন যে, সৃষ্টিকর্তা ও সৃষ্টির মধ্যে, ‘স্রষ্টা’ ও ‘মানবতা’, এই দুই ধনুকের মধ্যে একমাত্র সংযোগ-রশিতে পরিণত হইলেন। স্বর্গ ও মর্ত মহানবী (সাঃ)-এর মধ্যে একীভূত হইল। ‘আও আদনা’—‘আরও অধিক নিকটবর্তী শব্দগুলি দ্বারা ইহাই বুঝায় যে, আল্লাহ্‌তা’লা ও মহানবী (সাঃ)-এর মধ্যেকার সম্পর্কের গভীরতা ও অন্তরঙ্গতা মানুষের চিন্তা ও কল্পনার অতীত। ৮ হইতে ১৮ আয়াতের মধ্যে মহানবী (সাঃ)-এর আধ্যাত্মিক ঊর্ধ্ব -র্ভ্রমণ বা মে’রাজের বর্ণনা রহিয়াছে, যখন তিনি মহাকাশগুলিকে অতিক্রম করিয়া অতিন্দ্রিয়ভাবে আল্লাহ্‌তা’লার সমীপে নীত হইলেন এবং তাঁহার গুণাবলীর আধ্যাত্মিক জ্যোতির্বিকাশসমূহের দর্শন লাভ করিলেন। প্রকৃতপক্ষে, ইহা ছিল একটি দ্বিমুখী অভিজ্ঞতা। একদিকে মহানবী (সাঃ)-এর আল্লাহ্‌র দিকে আধ্যাত্মিক ঊর্ধ্ব -ভ্রমণ এবং অপরদিকে তাঁহার দিকে আল্লাহ্‌তা’লার জ্যোতির্মালার অবতরণ। ‘মে’রাজ’ (আধ্যাত্মিক মহা ঊর্ধ্ব -ভ্রমণকে) সাধারণ মানুষের মনে, ‘ইস্‌রা’র (মহানবী সাঃ-এর রাত্রিযোগে জেরুযালেমে আধ্যাত্মিক ভ্রমণ) সহিত একাকার করা হইয়াছে। এই দুইটি পৃথক পৃথক আধ্যাত্মিক অভিজ্ঞতা। ‘ইস্‌রা’ ঘটিয়াছিল নবুওয়াতের একাদশতম বা দ্বাদশতম বৎসরে আর মে’রাজের ঘটনা ঘটিয়াছিল উহার ছয়-সাত বৎসর পূর্বে, মুসলমানদের আবিসিনীয়াতে প্রথম আশ্রয় গ্রহণের অল্পকাল মাত্র পরে। এই দুইটি ঘটনার যে সব বিশদ বর্ণনা হাদীসের গ্রন্থাবলীতে রহিয়াছে, সেইগুলিকে সতর্কতার সহিত পাঠ করিলে, এই অভিমত সত্য বলিয়া প্রমাণিত হইবে। এই দুইটি ঘটনার স্বল্প-বিশদ আলোচনা ১৫৯০ টীকায় দেখিতে পারেন।