৩০

الروم

সূরা আর্‌ রূম

Ar-Rum

মক্কী ৬১ আয়াত ৬ রুকু পারা ২১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬১ আয়াত এবং ৬ রুকু আছে।

فَاَقِمۡ وَجۡہَکَ لِلدِّیۡنِ حَنِیۡفًا ؕ فِطۡرَتَ اللّٰہِ الَّتِیۡ فَطَرَ النَّاسَ عَلَیۡہَا ؕ لَا تَبۡدِیۡلَ لِخَلۡقِ اللّٰہِ ؕ ذٰلِکَ الدِّیۡنُ الۡقَیِّمُ ٭ۙ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿٭ۙ۳۱﴾

৩১
অতএব তুমি তোমার সমস্ত মনোযোগ একনিষ্ঠভাবে ধর্মের জন্য নিবদ্ধ কর। আল্লাহ্‌র (সৃষ্ট) প্রকৃতিকে২২৮৪ (তুমি অনুসরণ কর) যাহার উপর তিনি মানবকে সৃষ্টি করিয়াছেন। আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে কোন পরিবর্তন নাই। ইহাই চিরস্থায়ী ধর্ম— কিন্তু অধিকাংশ লোকই ইহা অবগত নহে—
২২৮৪। আল্লাহ্‌ যেমন এক, মানবজাতিও তেমনি এক। ইহারই নাম ফিৎরাতুল্লাহ্‌ বা প্রাকৃতিক ধর্ম। এই ধর্মই মানুষের প্রকৃতিতে রহিয়াছে। মানুষের মনের মনিকোঠায় ইহা সাড়া জাগায়। মন ইহাতে মন্ত্রমুগ্ধের মত সায় দেয়। মানব-শিশু এই ধর্ম-প্রকৃতি নিয়া জন্ম গ্রহণ করে। কিন্তু তাহার পারিপার্শ্বিকতা, তাহার পিতামাতার ধ্যান-ধারণা ও বিশ্বাস, তাহার পরবর্তী শিক্ষা-দীক্ষা তাহাকে ইহুদী, ম্যাজিয়ান অথবা খৃষ্টান বানায় (বুখারী)।

مُنِیۡبِیۡنَ اِلَیۡہِ وَاتَّقُوۡہُ وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَلَا تَکُوۡنُوۡا مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿ۙ۳۲﴾

৩২
সুতরাং তোমরা সকলে তাহার নিকট ঝুঁকিয়া অগ্রসর হও, এবং তাঁহার তাক্‌ওয়া অবলম্বন কর এবং নামায কায়েম কর২২৮৫ এবং মোশরেকগণের অন্তর্ভুক্ত হইও না—
২২৮৫। আল্লাহ্‌র সর্বময় ক্ষমতা ও একত্বে বিশ্বাস স্থাপন যদিও ধর্মীয় মূল-নীতি তথাপি কেবল বিশ্বাসই যথেষ্ট নয়। সত্য ধর্ম মানেই ইহার কিছু আইন-কানুন ও বিধি-নিষেধ থাকিতে হইবে যাহার মধ্যে সর্বোচ্চে থাকিবে আল্লাহ্‌র ইবাদত।

مِنَ الَّذِیۡنَ فَرَّقُوۡا دِیۡنَہُمۡ وَکَانُوۡا شِیَعًا ؕ کُلُّ حِزۡبٍۭ بِمَا لَدَیۡہِمۡ فَرِحُوۡنَ ﴿۳۳﴾

৩৩
ঐ সকল (মোশরেক) লোকের, যাহারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে,২২৮৬ প্রত্যেকটি দলই তাহাদের নিকট যাহা কিছু আছে উহা লইয়া আনন্দিত।
২২৮৬। অতীতে দেখা গিয়াছে যে, সত্য ধর্ম হইতে বিচ্যুতি মানুষকে বিভক্ত করিয়া পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করিয়াছে। ধর্ম নিয়া যুদ্ধ একটি জঘন্য তৎপরতা।

وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوۡا رَبَّہُمۡ مُّنِیۡبِیۡنَ اِلَیۡہِ ثُمَّ اِذَاۤ اَذَاقَہُمۡ مِّنۡہُ رَحۡمَۃً اِذَا فَرِیۡقٌ مِّنۡہُمۡ بِرَبِّہِمۡ یُشۡرِکُوۡنَ ﴿ۙ۳۴﴾

৩৪
এবং মানুষকে যখন কোন ক্লেশ স্পর্শ করে তখন তাহারা তাহাদের প্রভুর প্রতি ঝুঁকিয়া তাঁহাকেই ডাকিতে থাকে; অতঃপর যখন তাহাদিগকে তিনি নিজ রহমতের স্বাদ গ্রহণ করান তখন দেখ! সহসা তাহাদের এক দল নিজেদের প্রভুর সঙ্গে শরীক করিতে আরম্ভ করে,

لِیَکۡفُرُوۡا بِمَاۤ اٰتَیۡنٰہُمۡ ؕ فَتَمَتَّعُوۡا ٝ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿۳۵﴾

৩৫
যেন তাহারা উহা অস্বীকার করে যাহা আমরা তাহাদিগকে দিয়াছি। সুতরাং তোমরা (কিছুক্ষণের জন্য) ভোগ-বিলাস করিয়া লও; তোমরা অচিরেই নিজেদের পরিণাম জানিতে পারিবে।

اَمۡ اَنۡزَلۡنَا عَلَیۡہِمۡ سُلۡطٰنًا فَہُوَ یَتَکَلَّمُ بِمَا کَانُوۡا بِہٖ یُشۡرِکُوۡنَ ﴿۳۶﴾

৩৬
আমরা কি তাহাদের জন্য কোন প্রমাণ২২৮৭ নাযেল করিয়াছি যাহা উহার সমর্থনে কথা বলে যাহাকে তাহারা তাঁহার সঙ্গে শরীক করিতেছে?
২২৮৭। পূর্বের কয়েকটি আয়াতে আল্লাহ্‌র একত্বের প্রতি জোর দেওয়ার পর, এই আয়াতসহ পরবর্তী তিনটি আয়াতে ‘শিরক্’ বা ‘আল্লাহ্‌র অংশীবাদিতা’ নিয়া. আলোচনা করা হইয়াছে। আল্লাহ্‌র সমকক্ষ বা প্রতিপক্ষ খাড়া করার যৌক্তিকতা নাই, বহু-ঈশ্বরবাদের যুক্তিযুক্ত কোন ভিত্তিই নাই। এইরূপ বিশ্বাস সম্পূর্ণ অমূলক। তাই, মানব-প্রকৃতি, বুদ্ধি ও যুক্তি সবকিছুই পৌত্তলিকতার বিরুদ্ধে বিদ্রোহ করে।

وَاِذَاۤ اَذَقۡنَا النَّاسَ رَحۡمَۃً فَرِحُوۡا بِہَا ؕ وَاِنۡ تُصِبۡہُمۡ سَیِّئَۃٌۢ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ اِذَا ہُمۡ یَقۡنَطُوۡنَ ﴿۳۷﴾

৩৭
এবং যখন আমরা মানুষকে রহমতের স্বাদ গ্রহণ করাই তখন তাহারা উহাতে আনন্দিত হয় এবং যদি তাহাদের নিজেদের কৃত-কর্মের ফলে তাহাদের উপর কোন বিপদ আসে তখন দেখ! সহসা তাহারা নিরাশ হইয়া পড়ে।

اَوَلَمۡ یَرَوۡا اَنَّ اللّٰہَ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۳۸﴾

৩৮
তাহারা কি দেখে নাই যে, আল্লাহ্ যাহার জন্য চাহেন রিয্‌ককে সম্প্রসারিত করিয়া দেন এবং যাহার জন্য চাহেন সঙ্কুচিত করিয়া দেন? নিশ্চয় ইহাতে সেই জাতির জন্য বহু নিদর্শন আছে যাহারা ঈমান আনে।

فَاٰتِ ذَا الۡقُرۡبٰی حَقَّہٗ وَالۡمِسۡکِیۡنَ وَابۡنَ‌ السَّبِیۡلِ ؕ ذٰلِکَ خَیۡرٌ لِّلَّذِیۡنَ یُرِیۡدُوۡنَ وَجۡہَ اللّٰہِ ۫ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۳۹﴾

৩৯
অতএব তুমি আত্মীয়-স্বজনকে তাহার প্রাপ্য২২৮৮ দাও এইরূপে মিসকীনদিগকে এবং পথিকদিগকেও। ইহা তাহাদের জন্য উত্তম যাহারা আল্লাহ্‌র সন্তোষ লাভের কামনা করে; বস্তুতঃ ইহারাই সফলকাম হইবে।
২২৮৮। ‘তাহার প্রাপ্য’ তাহাকে দাও। এই কথাটির মধ্যে একটি আদর্শ নীতি নিহিত রহিয়াছে। নীতিটা হইল ধনীরা সমাজের গরীব লোকদেরকে সদকা, যাকাত দান-খয়রাতরূপে যাহা দিয়া থাকেন, তাহা গরীবদের প্রাপ্য। এই প্রাপ্য দাবী স্বরূপ। কেননা গরীবেরা স্বীয় পরিশ্রম ও কাজকর্মের মাধ্যমে ধনবানদের ধন-সৃষ্টিতে সাহায্য করিয়া থাকে (৫০ঃ২০)। তাই দেখা যায় যে, কুরআন যেখানেই বিশ্বাসীগণের প্রতি দরিদ্র-অভাবীদিগকে দান করার নির্দেশ দিয়াছে, সেখানেই ‘ইতে’ (দান কর) শব্দটি ব্যবহার না করিয়া, ‘আতে’ (আদায় কর) শব্দটি ব্যবহার করা হইয়াছে। এইরূপ শব্দ ব্যবহারের লক্ষ্য ইহাই যে, দরিদ্র-অভাবী শ্রেণীর লোকের মনে ‘দয়ার দান’ গ্রহণজনিত কোন অপমান-বোধ বা হীনতা যেন না জাগে এবং তাহাদের মাথা নত না হয় (কাশ্‌শাফ)।

وَمَاۤ اٰتَیۡتُمۡ مِّنۡ رِّبًا لِّیَرۡبُوَا۠ فِیۡۤ اَمۡوَالِ النَّاسِ فَلَا یَرۡبُوۡا عِنۡدَ اللّٰہِ ۚ وَمَاۤ اٰتَیۡتُمۡ مِّنۡ زَکٰوۃٍ تُرِیۡدُوۡنَ وَجۡہَ اللّٰہِ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُضۡعِفُوۡنَ ﴿۴۰﴾

৪০
এবং তোমরা যাহা সুদের উপর দিয়া থাক যাহাতে উহা লোকের ধন-সম্পদের সহিত বৃদ্ধি পায়, বস্তুতঃ উহা আল্লাহ্‌র সমীপে বৃদ্ধি পায় না; এবং তোমরা আল্লাহ্‌র সন্তোষ লাভের উদ্দেশ্যে যে যাকাত দাও - জানিয়া রাখ যে, এই সকল লোকই (নিজেদের ধন-সম্পদ) বহু গুণে বর্ধিত করিতেছে।২২৮৯
২২৮৯। এই আয়াতে যাকাত ও সুদের মধ্যে তুলনা করা হইয়াছে। ইসলামের যাকাত পদ্ধতির দান অভাবী-দরিদ্রগণের আত্ম-সম্মান ও মান-মর্যাদা ক্ষুন্ন না করিয়া তাহাদের অভাব-অনটন ও দারিদ্র্য ক্লেশ মিটাইয়া থাকে। অপর পক্ষে সুদের লগ্নি গরীবের অভাব মোচন তো করেই না, বরং তাহার দারিদ্র্যকে বাড়াইয়া দেয়, একদিকে অভাবীর অভাব বাড়ায়, অন্যদিকে ধনীদের ধন বাড়ায়। মানুষের বিভিন্ন অংশের মধ্যে যে বিরাট সংখ্যাগরিষ্ঠই দারিদ্র্যের যুপকাষ্ঠে নিষ্পেষিত হইতেছে, আর একটা সংখ্যালঘিষ্ট গোষ্ঠি সম্পদের পাহাড় গড়িয়া উহার উপর গড়াগড়ি যাইতেছে, তাহার মূলে রহিয়াছে ‘সুদ’। সুদের কাঠামো আর সুদের প্রতিষ্ঠানই এই মহাবৈষম্যের জন্য সর্বাপেক্ষা বেশী দায়ী। এই আয়াতে ব্যাঙ্ক বা অন্যান্য সংস্থায় টাকা রাখিয়া সুদ-গ্রহণ নিষেধ করা হইয়াছে।