১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

وَاِذۡ قَالَ مُوۡسٰی لِفَتٰٮہُ لَاۤ اَبۡرَحُ حَتّٰۤی اَبۡلُغَ مَجۡمَعَ الۡبَحۡرَیۡنِ اَوۡ اَمۡضِیَ حُقُبًا ﴿۶۱﴾

৬১
আর (স্মরণ করো!) মূসা যখন তার (সঙ্গী) যুবককে বলেছিল, ‘আমাকে যুগ যুগ ধরে পথ পাড়ি দিতে হলেও দুই সমুদ্রের১৭০৪ সংযোগস্থলে না পৌঁছানো পর্যন্ত আমি ক্ষান্ত হবো না।১৭০৪-ক
১৭০৪। এ আয়াত দ্বারা হযরত মূসা (আ.)-এর ‘ইসরা’ (আধ্যাত্মিক নৈশভ্রমণ)-এর বিষয় আরম্ভ হয়েছে। ওপরে উল্লেখ করা হয়েছে, হযরত ঈসা (আ.)-এর শিষ্যরা প্রচুর পার্থিব ক্ষমতা ও উন্নতির অধিকারী হয়েছিল এবং তাদের বৈচিত্র্যপূর্ণ জীবনের অগ্রগতিতে পৃথিবীর ইতিহাসে দুবার অমোচনীয় ছাপ ও প্রভাব রেখেছিল। খ্রিষ্টান জাতিসমূহের এ সাফল্য ৩৩ নম্বর আয়াতে উল্লিখিত ‘দুটি বাগান’ এর উপমা দিয়ে বর্ণনা করা হয়েছে। এ দুই যুগের প্রথমটির সূচনা হয়েছিল রোম সম্রাট কনস্ট্যান্টাইনের খ্রিষ্টধর্ম গ্রহণের মাধ্যমে, যখন তা রাষ্ট্রীয় ধর্মরূপে স্বীকৃত হয়েছিল এবং তা ইসলাম ধর্মের নবী করীম (সা.)-এর জন্মের পূর্ব পর্যন্ত চলেছিল। এ দুই যুগের দ্বিতীয় এবং অতি গুরুত্বপূর্ণ যুগটি বর্তমান যুগ। এ সময়ে পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিগুলো এত বেশি ক্ষমতা ও গৌরব অর্জন করেছে যে, এশিয়া এবং আফ্রিকার জাতিসমূহ যেন দায়বদ্ধ কৃষক এবং কেনা গোলামের মতো তাদের আদেশ ও অনুকম্পার অপেক্ষায় উন্মুখ হয়ে থাকে। এ ‘দুটি বাগান’ এর মধ্যবর্তী স্থানে স্রোতস্বিনী প্রবাহিত (আয়াত: ৩৪)। এ স্রোতস্বিনী ইসলামের জন্ম এবং ক্ষমতায় অধিষ্ঠিত হবার নিদর্শনজ্ঞাপক যা এ দুটি যুগের মধ্যবর্তীকালে মানবজাতির ইতিহাসে এক গভীর ছাপ রেখেছিল। এ বিষয়ে ঐতিহাসিক ধারাবাহিকতা বর্ণনা করার উদ্দেশ্যে এবং একে সংযুক্ত ছিদ্রের ন্যায় পরিদৃষ্ট করার জন্য হযরত মূসা (আ.)-এর ইসরা বা আধ্যাত্মিক ভ্রমণ বৃত্তান্তের কিছুটা বিস্তারিত বর্ণনা বর্তমান তফসীরাধীন এবং পরবর্তী কয়েক আয়াতে দেওয়া হয়েছে। মূসা (আ.) তাঁর সদৃশ এক নবীর আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন (দ্বিতীয় বিবরণ ১৮:১৮)। উক্ত ভবিষ্যদ্বাণীকে কুরআন করীমের ৭৩:১৬ আয়াতে সম্পর্কযুক্ত করা হয়েছে। খ্রিষ্টধর্মের সূচনা এবং এর পরবর্তী উন্নতি ও অগ্রগতি দুটি যুগের সঙ্গে সম্পৃক্ত। গুহাবাসীদের এবং ইয়াজুজ-মাজুজ (গগ এণ্ড ম্যাগগ)-এর আবির্ভাবের মধ্যবর্তী সময়ে মূসা (আ.)-এর আধ্যাত্মিক সফরের কথা বর্ণনার মধ্য দিয়ে কুরআন মজীদ তাঁর (মূসা (আ.)] ভবিষ্যদ্বাণীতে উল্লিখিত ইসলামের নবী করীম (সা.)-এর আগমনের ঘটনাকে নির্দিষ্ট করেছে, যিনি (সা.) মূসা (আ.)-এর অনুরূপ এবং উক্ত দুই যুগের মধ্যবর্তী ১৭০৪-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১৭০৪-ক। ‘হুকুব’ বহুবচন, একবচনে ‘হুকবাহ’ অর্থ: দীর্ঘকাল, অনির্দিষ্ট কাল, এক যুগ, সত্তর বছর বা ততোধিক সময় (মুফরাদাত, লেইন)। হযরত মূসা (আ.)-এর ইসরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ইসরার অনুরূপ ছিল (১৭:২)। এ ভ্রমণ দৈহিক ছিল না, এ ছিল এক আধ্যাত্মিক বা রূহানী অবস্থা, যার মাধ্যমে হযরত মূসা (আ.)-কে রক্তমাংসের দেহ থেকে বিস্মৃত করে গভীর রূহানী মর্যাদায় উন্নীত করা হয়েছিল। বাইবেল এবং কুরআন উভয়ই এ মতের সমর্থন করে। এ সমর্থনের পক্ষে কয়েকটি যুক্তি নিম্নে উল্লেখ করা হলো: (১) হযরত মূসা (আ.)-এর জীবন সম্পর্কে খ্রিষ্টানরা বাইবেলকে মোটামুটি বিশ্বাসযোগ্য দলিলরূপে মেনে থাকে। (২) আল্লাহ তা’লার নবীরূপে প্রত্যাদিষ্ট হবার পূর্বে এবং পরেও মূসা (আ.) মাত্র একটি সফরই করেছিলেন এবং তা মিদিয়ানে। বাইবেল ও কুরআন উভয়ই এ ভ্রমণের প্রতি নির্দেশ করেছে। উভয়ে এ বিষয়ে একমত যে, হযরত মূসা (আ.) কেবল মিদিয়ানের দিকেই ভ্রমণ করেছিলেন, কিন্তু বর্তমান ও পরবর্তী আয়াতসমূহে যে সফর সম্পর্কে বর্ণনা রয়েছে তাতে উল্লিখিত হয়েছে, এ সফরে মূসা (আ.)-এর সাথে তাঁর তরুণ সঙ্গী ছিল। (৩) পৃথিবীতে ‘মাজমাআল বাহরাইন’ নামে পরিচিত কোনো স্থান নাই। একথার অর্থ ‘দুই সমুদ্রের সংযোগস্থল।’ মূসা (আ.)-এর বাসস্থানের নিকটবর্তী এরূপ সংযোগ হচ্ছে ‘বাবুল মান্দাব’ যা ভারত মহাসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে, দার্দানেল প্রণালি যা ভূমধ্যসাগরকে মর্মর সাগরের সঙ্গে সংযুক্ত করেছে আর আল-বাহরাইন যেখানে এসে পারস্য উপসাগর ও ভারত মহাসাগর মিলিত হয়েছে। এসব স্থানের মধ্যে একমাত্র দার্দানেল প্রণালিই এরূপ একটি মিলন কেন্দ্র হওয়া সম্ভব ছিল। কারণ মিশর থেকে গতিপথের মধ্যে কেনান অবস্থিত, যা মূসা (আ.)-এর গন্তব্য স্থান ছিল। আর তাঁর জীবদ্দশায় তিনি সেখানে পৌঁছাতে সক্ষম হন নি। এ তিনটি কেন্দ্র বা অন্তরীপই হযরত মূসা (আ.)-এর বসতি থেকে প্রায় এক হাজার মাইল দূরত্বে ছিল এবং সেই যুগে যাতায়াতের অসুবিধা ও যানবাহনের অভাব বিবেচনা করে বলা যায়, এরূপ সুদীর্ঘ দূরত্ব অতিক্রম করতে তার বহু মাস সময় লেগে যাবার কথা আর এমতাবস্থায় হযরত মূসা (আ.)-এর পক্ষে তাঁর শিষ্যদের আধ্যাত্মিক মঙ্গল মারাত্মকভাবে বিপন্ন না করে এত দীর্ঘকাল অনুপস্থিত থাকা সম্ভব ছিল না। বিশেষত তাদের সম্পর্কে তার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদেরকে ছেড়ে মাত্র চল্লিশ দিনের জন্য তূর পর্বতে থাকাকালীন সময়ে। ‘মাজমাআল বাহরাইন’ শব্দের দ্বারা মনে হয় দুটি বিধানের সংযোগ বা মিলনক্ষেত্র বুঝাচ্ছে, যথা- মূসায়ী শরীয়ত এবং ইসলামী শরীয়তের সংযোগ বা মিলনক্ষেত্র। এছাড়া অর্থাৎ এ বাহ্যিক প্রমাণ ছাড়াও অনেক অভ্যন্তরীণ প্রমাণ ৬১-৮৩ নম্বর আয়াতসমূহে রয়েছে যাতে প্রতিপন্ন হয়, মূসা (আ.)-এর সফর দৈহিক বা বাহ্যিক ঘটনা ছিল না, বরং আধ্যাত্মিক ছিল, কেননা (ক) রাজা কর্তৃক জবরদখল থেকে রক্ষা করার জন্য সে (সেই বুযূর্গ) নৌকার মধ্যে এক বড়ো ছিদ্র করে দিলেন (আয়াত: ৭২)। কিন্তু ছিদ্র করার পরে কি নৌকাটি চলাচলের উপযোগী ছিল না? উপযোগী থাকলে রাজা তা বাজেয়াপ্ত করল না কেন? না থাকলে তা ডুবে গেল না কেন? এ জড়জগতে কোনো নৌকার তলাতে বিরাট ছিদ্র করে দেবার পর তা ভাসমান থাকতে পারে না। শুধু দিব্যদর্শন বা কাশফের জগতেই এরূপ ব্যাপার সম্ভব। (খ) আল্লাহ তা’লার কোনো নবী তো দূরে থাক, সুস্থ মস্তিষ্কের সচেতন ব্যক্তি বৈধ কারণ ছাড়া অপরের প্রাণ নাশ করতে পারে না, যেমনটি সে বুযূর্গ করেছিলেন বলে বর্ণিত হয়েছে (আয়াত: ৭৫)। (গ) হযরত মূসা (আ.)-এর মতো আল্লাহ তা’লার এক মহান নবী এবং উৎকৃষ্ট গুণবিশিষ্ট উদারচেতা ব্যক্তি সে বুযুর্গের অপরাধ সাব্যস্ত করলেন শুধু এজন্য যে, তিনি পিতামাতাহীন দরিদ্র বালক দুটির ভাঙা দেয়াল মেরামতের জন্য মজুরি দাবি করলেন না, কারণ শহরের লোকেরা তাঁদেরকে আপ্যায়ন করতে অস্বীকৃতি জানিয়েছিল? এতিম বালক দুটি মূসা (আ.)-এর অসন্তুষ্টি অর্জনের মতো কী করেছিল?

فَلَمَّا بَلَغَا مَجۡمَعَ بَیۡنِہِمَا نَسِیَا حُوۡتَہُمَا فَاتَّخَذَ سَبِیۡلَہٗ فِی الۡبَحۡرِ سَرَبًا ﴿۶۲﴾

৬২
এরপর তারা দুইজন যখন সেই দুই (সমুদ্রের) সংযোগস্থলে পৌঁছালো তারা তাদের মাছের কথা ভুলে গেল।১৭০৫ অতঃপর সেটি দ্রুতবেগে সমুদ্রে নিজ পথ ধরল।
১৭০৫। ‘হৃত’ অর্থ মাছ। কাশফে মাছ দেখার ব্যাখ্যা ধার্মিক লোকদের ইবাদতগৃহ (তাতিরুল আনাম)। এ অর্থে ‘তারা দুইজন যখন সেই দুই (সমুদ্রের) সংযোগস্থলে পৌঁছালো তারা তাদের মাছের কথা ভুলে গেল,’ এ বাচনভঙ্গি বা অভিব্যক্তির মর্ম দাঁড়ায় যখন মূসায়ী শরীয়ত এবং ইসলামী শরীয়ত মিলিত হবে, অর্থাৎ মূসায়ী বিধান যখন কার্যকর থাকবে না, উপেক্ষিত হবে এবং যখন ইসলামী শরীয়ত কার্যকর হবে, সে সময়ে হযরত মূসা ও ঈসা (আ.)-এর অনুসারীদের নিকট থেকে প্রকৃত ধর্মপরায়ণতা উঠে যাবে এবং তখন থেকে নতুন শরীয়তের অনুসারীরা বিশেষরূপে চিহ্নিত হবে (৪৮:৩০)।

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰٮہُ اٰتِنَا غَدَآءَنَا ۫ لَقَدۡ لَقِیۡنَا مِنۡ سَفَرِنَا ہٰذَا نَصَبًا ﴿۶۳﴾

৬৩
এরপর তারা উভয়ে যখন (সে স্থান ছেড়ে) এগিয়ে গেল তখন সে তার (সঙ্গী) যুবককে বলল, ‘আমাদেরকে আমাদের সকালের খাবার এনে দাও।১৭০৬ নিশ্চয় আমরা আমাদের এ সফরের দরুন খুবই ক্লান্ত হয়ে পড়েছি।’
১৭০৬। কাশফে নাস্তা বা সকালের খাদ্য চাওয়ার অর্থ ‘ক্লান্তি’ (তাতীরুল আনাম) এবং আয়াতের দাবি যে, ‘দুটি (সমুদ্রের) সংযোগস্থল’ অতিক্রম করার পর এবং দীর্ঘকাল তাঁরা পৃথকভাবে ভ্রমণ করে আর প্রতিশ্রুত নবীর জন্য (দ্বিতীয় বিবরণ ১৮:১৮) প্রতীক্ষায় ক্লান্ত হয়ে মূসা (আ.) ও তাঁর যুবকসঙ্গী বিস্ময়ে ভাবতে শুরু করবে যে, তিনি (প্রতিশ্রুত নবী) হয়ত পূর্বেই আবির্ভূত হয়েছেন, কিন্তু তাঁকে চিনতে তাঁরা ব্যর্থ হয়েছেন। আয়াতের মধ্যে মূসা (আ.) ও তাঁর যুবক সফরসঙ্গী [ঈসা (আ.)] যথাক্রমে ইহুদী এবং খ্রিষ্টানদের প্রতীক।

قَالَ اَرَءَیۡتَ اِذۡ اَوَیۡنَاۤ اِلَی الصَّخۡرَۃِ فَاِنِّیۡ نَسِیۡتُ الۡحُوۡتَ ۫ وَمَاۤ اَنۡسٰنِیۡہُ اِلَّا الشَّیۡطٰنُ اَنۡ اَذۡکُرَہٗ ۚ وَاتَّخَذَ سَبِیۡلَہٗ فِی الۡبَحۡرِ ٭ۖ عَجَبًا ﴿۶۴﴾

৬৪
সে বলল, ‘তুমি কি বুঝতে পেরেছিলে, আমরা যখন (বিশ্রামের জন্য) শিলাখণ্ডে১৭০৭ আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? আর এর কথা (তোমার কাছে) উল্লেখ করতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল। আর সেটি অদ্ভুতভাবে সমুদ্রে নিজের পথ ধরেছে।’
১৭০৭। ‘সাখরাহ’ অর্থ পাথর। কাশফ এবং স্বপ্নের ভাষায় এর অর্থ, অধর্ম এবং পাপময় জীবন। অতএব ‘আমরা যখন (বিশ্রামের জন্য) শিলাখণ্ডে আশ্রয় নিয়েছিলাম’ একথাটির মর্ম হলো, দুই সমুদ্র যখন মিলিত হবে, অর্থাৎ হযরত মূসা (আ.)-এর শরীয়ত শেষপ্রান্তে পৌঁছাবে এবং এক নতুন নবী ও নতুন শরীয়ত প্রকাশিত হবে তখন ইহুদী ও খ্রিষ্টান জাতি অপরাধবৃত্তি ও পাপাচারে নিমগ্ন থাকবে। ‘আর সেটি অদ্ভুতভাবে সমুদ্রে নিজের পথ ধরেছে’ বাক্যাংশটি প্রকাশ করছে, প্রকৃত সাধুতা এবং খোদা তা’লার ইবাদত এদের নিকট থেকে বিস্ময়করভাবে বিদায় নেবে।

قَالَ ذٰلِکَ مَا کُنَّا نَبۡغِ ٭ۖ فَارۡتَدَّا عَلٰۤی اٰثَارِہِمَا قَصَصًا ﴿ۙ۶۵﴾

৬৫
সে বলল, ‘এটাই (সেই স্থান)- যা আমরা খুঁজে ফিরছিলাম।’ এরপর তারা উভয়ে নিজেদের পদচিহ্ন অনুসরণ করতে করতে ফিরে গেল।

فَوَجَدَا عَبۡدًا مِّنۡ عِبَادِنَاۤ اٰتَیۡنٰہُ رَحۡمَۃً مِّنۡ عِنۡدِنَا وَعَلَّمۡنٰہُ مِنۡ لَّدُنَّا عِلۡمًا ﴿۶۶﴾

৬৬
তখন (সেখানে) তারা আমাদের বান্দাদের মাঝ থেকে এক (মহান) বান্দাকে দেখতে পেল,১৭০৮ যাকে আমরা নিজ পক্ষ থেকে মহাঅনুগ্রহ দান করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে তাকে (বিশেষ) জ্ঞানও দিয়েছিলাম।
১৭০৮। ‘তখন (সেখানে) তারা আমাদের বান্দাদের মাঝ থেকে এক (মহান) বান্দাকে দেখতে পেল’। কে এই আল্লাহর মহান বান্দা যার ওপর আল্লাহ তা’লা রহমত দান করেছিলেন এবং যাকে তিনি বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলেন? অধিকন্তু কার সন্ধানে ঐশী নির্দেশ অনুসারে হযরত মূসা (আ.) এত দীর্ঘ ও কষ্টকর সফর করেছিলেন এবং কে এই বিখ্যাত কেন্দ্রবিন্দু ও সমস্ত ঘটনার কেন্দ্রীয় চরিত্র? তিনি হযরত মুহাম্মদ (সা.) ছাড়া আর কে? তাঁরই আত্মা দৈহিকরূপে মূসা (আ.)-এর কাশফে পরিদৃষ্ট হয়েছিল। এর যুক্তিসমূহ হচ্ছে: (ক) তাঁকে ‘আবদ’ (আল্লাহর বান্দা) বলা হয়েছে কুরআন করীমে (২:২৪; ৮:৪২; ১৭:২; ১৮:২; ২৫:২; ৩৯:৩৭; ৫৩:১১; এবং ৭২:২০) অর্থাৎ প্রকৃত অর্থে ও গুণে তিনিই আব্দুল্লাহ (আল্লাহর দাস)। (খ) তাঁকে রহমত (সারা বিশ্বের জন্য রহমত) দানকারী বলা হয়েছে। একমাত্র পবিত্র মহানবী (সা.) ছাড়া এ উপাধি ‘রাহমাতুল্লিল আলামীন’ আর কারো ক্ষেত্রে ব্যবহৃত হয় নি। (গ) তাঁকে স্বেচ্ছায় বা সানুগ্রহে আধ্যাত্মিক ও অতুলনীয়ভাবে বর্ধিত ঐশী জ্ঞান প্রদান করা হয়েছিল (৪:১১৪; ২০:১১৫ এবং ২৭:৭)। (ঘ) মূসা (আ.)-কে আল্লাহর (এ) বান্দা বলেছিলেন যে, তিনি (মূসা) চুপ থাকবেন না (আয়াত: ৬৮) এবং নবী করীম (সা.) বলেছেন, মূসা কি ধৈর্যধারণ করতে পেরেছিলেন! তিনি যদি তা করতেন তাহলে আমরা অধিক পরিমাণে অদৃশ্যের জ্ঞান দ্বারা অনুগৃহীত হতাম (বুখারী, কিতাবুত তফসীর)। প্রকৃত ঘটনা হলো, মূসা (আ.) যখন মিদিয়ান থেকে মিশরের দিকে যাচ্ছিলেন তখন আল্লাহ তা’লার প্রকাশ্য নিদর্শন দেখেছিলেন আগুনের মধ্যে (২৮:৩০)। যাহোক, পরবর্তী সময়ে তাঁকে (মূসাকে) আল্লাহ তা’লা জানিয়েছিলেন, বনী ইসরাঈলের ভাইদের মধ্য থেকে এক নবীর আবির্ভাব হবে যার মুখে আল্লাহ নিজের কথা (কালাম) প্রকাশ করবেন (দ্বিতীয় বিবরণ ১৮:১৮-২২)। ভবিষ্যদ্বাণীর কথাগুলির মর্ম এটাই যে, প্রতিশ্রুত নবী আল্লাহ তা’লার বৃহত্তর প্রকাশের স্থল ও নিদর্শনের লক্ষ্য হবেন। সুতরাং মূসা (আ.) স্বভাবতই তাঁকে দেখার আকাঙ্ক্ষা করেছিলেন, কে হতে পারেন সেই নবী? তাঁর অর্থাৎ মূসা (আ.)-এর কৌতুহল নিবারণের জন্য আল্লাহ তা’লা তাঁকে অনেক বেশি আধ্যাত্মিক শক্তিশালী সেই নবীকে কাশফে দেখিয়েছিলেন। মূসা (আ.)-এর কাশফে দর্শনলব্ধ এ মহাজ্ঞানী ‘আল্লাহর বান্দা’ যিনি সাধারণ্যে প্রচলিত ‘খিজির’ নামে পরিচিত- তিনি আমাদের মহান নেতা, পবিত্র মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁরই পবিত্র আত্মা আধ্যাত্মিক জগতে এক অবয়ব ধারণ করেছিলেন (আরো দেখুন ৭:১৪৪)।

قَالَ لَہٗ مُوۡسٰی ہَلۡ اَتَّبِعُکَ عَلٰۤی اَنۡ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمۡتَ رُشۡدًا ﴿۶۷﴾

৬৭
মূসা তাকে বলল, ‘আমি কি এ উদ্দেশ্যে তোমাকে অনুসরণ করতে পারি যে, তোমাকে যে হিদায়াত শেখানো হয়েছে তুমি তা থেকে আমাকেও কিছু শিখিয়ে দেবে?১৭০৯কদেখুন: ১১:৪৭; ১৭:৩৭
১৭০৯। হযরত মূসা (আ.)-কে সেই আধ্যাত্মিক জ্ঞানে উচ্চমর্যাদা দান করা হয় নি, যে মর্যাদা রসূলে আকরাম (সা.) পেয়েছিলেন।

قَالَ اِنَّکَ لَنۡ تَسۡتَطِیۡعَ مَعِیَ صَبۡرًا ﴿۶۸﴾

৬৮
সে (মহান বান্দা) বলল, ‘তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না।১৭১০
১৭১০। মহানবী (সা.)-এর অনুসারীদের মতো ভয়াবহ অবস্থাধীনে কঠিন পরীক্ষার সময় মূসা (আ.)-এর অনুসারীরা ধৈর্য এবং অবিচলিত উচ্চস্তরের কোনো নমুনা পেশ করতে পারে নি (৫:২২-২৫ এবং বুখারী, কিতাবুল মাগাযী)। এ আয়াত মূসা (আ.) এবং নবী করীম (সা.)-এর স্বাভাবিক আচরণের তুলনা করেছে। মূসা (আ.) অধৈর্য হয়ে আল্লাহর বান্দাকে প্রশ্ন করেছিলেন সে বিষয়ে যা তাঁর বোধগম্য হচ্ছিল না, পক্ষান্তরে মহানবী (সা.) ধৈর্যের সাথে অপেক্ষা করেছিলেন যতক্ষণ না হযরত জিবরাঈল তাঁকে বিভিন্ন বিষয়াদি সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন যে-সব তিনি নিজের মিরাজের সময় দেখেছিলেন। এ দুই প্রসিদ্ধ নবীর প্রকৃতিতে বিদ্যমান প্রভেদ তাঁদের নিজ নিজ শিষ্যদের আচরণেও প্রতিফলিত হয়েছিল। সর্বপ্রকার অপ্রয়োজনীয় এবং নির্বোধ প্রশ্নবাণে ইহুদীরা যখন হযরত মূসা (আ.)-কে লাগাতার বিরক্ত ও জ্বালাতন করেছিল তখন হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের ব্যবহার ও আচরণ অত্যন্ত সংযম এবং মর্যাদায় বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। তাঁরা বিশেষ সতর্কতার সাথে নবী করীম (সা.)-কে কোনো ধর্মীয় বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকতেন। নবী করীম (সা.) এবং সাহাবায়ে কেরাম (রা.) উভয়ে অত্যন্ত বিশ্বস্ততার সাথে ২০:১১৫ আয়াতে প্রদত্ত বিশেষ উপদেশ রক্ষা করেছিলেন যে, ‘অতএব প্রকৃত অধিপতি আল্লাহ- অতি উচ্চমর্যাদার অধিকারী। আর তোমার প্রতি কুরআনের ওহী পূর্ণভাবে অবতীর্ণ হবার পূর্বে তুমি এর পাঠে ত্বরা কোরো না।’

وَکَیۡفَ تَصۡبِرُ عَلٰی مَا لَمۡ تُحِطۡ بِہٖ خُبۡرًا ﴿۶۹﴾

৬৯
আর যে বিষয়টি তুমি জ্ঞানায়ও করো নি সে সম্বন্ধে তুমি কিবা ধৈর্য ধরবে!’

قَالَ سَتَجِدُنِیۡۤ اِنۡ شَآءَ اللّٰہُ صَابِرًا وَّلَاۤ اَعۡصِیۡ لَکَ اَمۡرًا ﴿۷۰﴾

৭০
সে বলল, ‘আল্লাহ চাইলে তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীল পাবে এবং আমি কোনো বিষয়েই তোমার অবাধ্যতা করব না।’