১০২

التكاثر

সূরা আত্‌‌‌‌‌‌ তাকাসুর

At-Takathur

মক্কী ৯ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ﴿۲﴾

২
আধিক্য লাভের পরস্পর প্রতিযোগিতা তোমাদিগকে (আল্লাহ্ হইতে) উদাসীন করিয়া দেয়,৩৪২৩
৩৪২৩। ধনার্জনের অদম্য পিপাসা এবং অর্থ, প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধিতে একে অন্যকে ছাড়াইয়া যাইবার জন্য পারস্পরিক তীব্র প্রতিযোগিতা মানুষের সকল অনিষ্টের মূল কারণ। কেননা ইহা মানুষের উচ্চ মূল্যবোধসমূহকে নিষ্পেষিত করে কিংবা অবহেলার মধ্যে ফেলিয়া দেয়। মানুষের জন্য ইহা একটি দুর্ভাগ্য যে, পার্থিব বস্তুসমূহ আহরণের উদগ্র বাসনার কোন সীমা নাই। যতই পাওয়া যায়, বাসনা ততই তীব্রতর হয়, কখনও চরিতার্থ হয় না। এই বাসনা তাহার মন-প্রাণকে এমনিভাবে আচ্ছন্ন করিয়া ফেলে যে, আল্লাহ্‌র কথা বা পরলোকের কথা ভাবিবার সময়ও তাহার থাকে না। এই ইহলৌকিক বাসনা-কামনায় মগ্ন অবস্থায় তাহার উপর মৃত্যু নামিয়া আসে। তখন সে দেখিতে পায়, কি বৃথা কাজকর্মের পিছনেই না সে তাহার জীবনটাকে অপব্যয় করিয়া নিঃশেষ করিয়াছে।

حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ﴿۳﴾

৩
যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছ।

کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ﴿۴﴾

৪
কখনও নহে, অচিরেই (সত্যকে) তোমরা জানিতে পারিবে।

ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ؕ﴿۵﴾

৫
পুনরায় বলিতেছি! কখনও নহে, অচিরেই তোমরা জানিতে পারিবে।৩৪২৪
৩৪২৪। এই আয়াতটির পুনরাবৃত্তির দ্বারা এই সূরাতে প্রদত্ত উপদেশ ও সতর্কবাণীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হইয়াছে। এই পুনরাবৃত্তির আরেকটি উদ্দেশ্য হইতে পারেঃ এই ধন-মত্ততা ও বস্তুবাদিতার অন্ধ প্রতিযোগিতার ফলে যে মহা প্রলয়ঙ্করী ধ্বংস-লীলা বিশ্বে দেখা দিবে, সেই সম্বন্ধে এই আয়াতে মানুষকে সচেতন করা হইয়াছে।

کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ ؕ﴿۶﴾

৬
কখনও নহে, হায়! যদি তোমরা জ্ঞান-ভিত্তিক বিশ্বাস মূলে জানিতে;

لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ ۙ﴿۷﴾

৭
নিশ্চয় তোমরা (এই পার্থিব জীবনে) জাহান্নামকে দেখিবে।৩৪২৫
৩৪২৫। মানুষ যদি তাহার সাধারণ বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করিত এবং তাহার সামান্য জ্ঞানটুকুও প্রয়োগ করিত, তাহা হইলে সে দেখিতে পাইত যে, দোযখ ইহকালেই তাহাকে গ্রাস করিবার জন্য তাহার দিকে মুখ-ব্যাদান করিয়া তাকাইয়া আছে। অর্থাৎ সে বুঝিতে পারিত যে, এই অস্থায়ী জাঁকজমক ও পার্থিক সুযোগ-সুবিধাসমূহের মধ্যে নিমগ্ন হওয়াটা তাহার নৈতিক অধঃপতনকে ডাকিয়া আনিবে।

ثُمَّ لَتَرَوُنَّہَا عَیۡنَ الۡیَقِیۡنِ ۙ﴿۸﴾

৮
অতঃপর তোমরা অবশ্যই (পরকালে) পর্যবেক্ষণ-ভিত্তিক বিশ্বাস মূলে ইহা প্রত্যক্ষ করিবে।৩৪২৬
৩৪২৬। ৫ম হইতে ৮ম আয়াত ইহাই প্রতিপন্ন করে যে, নারকীয় জীবন ইহকালেই শুরু হইয়া যায়। মানুষের চক্ষুর অন্তরালে পরকালের দোযখ ইহকালেই প্রস্তুত হইতে থাকে। এই বিষয়ে যাহারা গভীরভাবে চিন্তা করেন, নিশ্চিতভাবে বিশ্বাস অর্জন করিয়া তাহারা ইহাকে এখানেই চিনিতে পারেন। এই আয়াতগুলি দোযখের ব্যাপারে মানব বিশ্বাসের তিনটি স্তরকে নির্দেশ করিতেছে।

ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ ﴿٪۹﴾

৯
অতঃপর সেদিন তোমরা (তোমাদিগকে প্রদত্ত) নেয়ামতসমূহ সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসিত হইবে।
সূরা আত্‌‌‌‌‌‌ তাকাসুর - রুকু ১