‘সকলের জন্য সমভাবে’ কথাটি দ্বারা এই বুঝায় যে, আল্লাহ্তা’লা পৃথিবীতে সকল জীবের জন্যই খাদ্যের ব্যবস্থা রাখিয়াছেন; যাহারা প্রকৃতির বিধানের সদ্ব্যবহারের মাধ্যমে খাদ্যান্বেষণ করিবে, তাহারা অভুক্ত থাকিবে না। মানুষের ক্ষুধা ও অন্যান্য শারীরিক প্রয়োজনাদি মিটাইবার সকল উপাদানই পৃথিবীতে উৎপাদিত দ্রব্যাদির মধ্যে রহিয়াছে। অতএব এই কথা বলা কখনও ঠিক হইবে না যে, পৃথিবী ক্রমবর্ধমান জন-সংখ্যার মুখে আহার যোগাইতে সক্ষম হইবে না। ‘পৃথিবী ২৮০০ কোটি মানুষের খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় কৃষি-পণ্য উৎপাদন করার ক্ষমতা রাখে। ইহা বর্তমান বিশ্বের মানব সংখ্যার দশগুণ ‘(বর্তমানে প্রায় সাতগুণ)’ (প্রফেসর কোলিন ক্লার্ক, পরিচালক, এগ্রিকালচারাল ইকনমিকস্ রিসার্চ ইন্ষ্টিটিউট, অক্সফোর্ড ইউনিভার্সিটি)। অতি সম্প্রতি, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা ইহার প্রতিবেদনে বলিয়াছে, “পৃথিবীর খাদ্য উৎপাদনের বৃদ্ধি জন-সংখ্যা বৃদ্ধির দ্বিগুণ হইয়া থাকে।” (দেখুন খাদ্য ও কৃষির অবস্থা, ১৯৫৯)।