১৬৫৬

এই আয়াতে মৃত্যুর পরে জীবনের অস্তিত্ব বা সত্যতা প্রমাণ করার উদ্দেশ্যে এক অকাট্য যুক্তি অন্তর্ভুক্ত করা হইয়াছে। অবিশ্বাসীদিগকে এখানে সরাসরি বলা হয় নাই যে, যেহেতু আল্লাহ্‌তা’লা তাহাদিগকে নতুন জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন, তাহারা পুনর্জন্ম লাভ করিবে– এই ধরণের উক্তি নিস্ফল বলিয়া প্রমাণিত হইত। এইখানে তাহাদিকে বলা হইয়াছে যে, মৃত্যুর পরের জীবন সম্বন্ধে তাহারা যদি বিশ্বাস না করে, তাহা হইলে একইভাবে তাহারা ইহাও অবিশ্বাস করিত যদি তাহাদিগকে বলা হইত যে, তাহারা এখন যেসব দরিদ্র ও দুর্বল মুসলমানদিগকে গুরুত্বহীন এবং তুচ্ছ মনে করে, তাহাদের নিকটেই অবিশ্বাসীগণের ক্ষমতা ও মর্যাদার চরম পরাজয় ঘটিবে। তাহাদের নিজেদের ধ্বংস এবং দুর্বল মুসলমানগণের বিজয় ও ক্ষমতা লাভ—এই ভবিষ্যদ্বাণী আপাতদৃষ্টিতে অসম্ভব বলিয়া মনে হইলেও যথাসময়ে যদি ইহা সত্য প্রমাণিত হয়, তবে মৃত্যুর পরে পারলৌকিক জীবন সম্বন্ধে দাবী আপনা-আপনিই প্রতিষ্ঠিত হইয়া যায়।